শিক্ষার্থীরাই যখন উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উদ্যোক্তা মেলায় নারকেলের ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করেন শিক্ষার্থীরা l প্রথম আলো
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উদ্যোক্তা মেলায় নারকেলের ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করেন শিক্ষার্থীরা l প্রথম আলো

নারকেলের ছোবড়া দিয়ে বানানো হয়েছে ঘর সাজানোর নানা উপকরণ। সব উপকরণেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া। টেবিল ম্যাট, ঘড়ির ফ্রেম, বাতির শেড থেকে শুরু করে ছোটখাটো নানা উপকরণ বানাতে খরচও পড়েছে কম। এসব উপকরণ প্রদর্শন করা হয়েছে উদ্যোক্তা মেলা ও বিজনেস প্ল্যান প্রতিযোগিতায়। ১৪ ও ১৫ ডিসেম্বর সাদার্ন বিশ্ববিদ্যালয়ের মেহেদীবাগের একাডেমিক ভবনে আয়োজন করা হয় এই মেলার। ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শিরোনামের মেলায় সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা প্রশাসনের ৪৪ ও ৪৫তম ব্যাচের ১৬৩ জন শিক্ষার্থীর ৩০টি প্রকল্প উপস্থাপন করা হয়।

শুধু নারকেলের ছোবড়া দিয়ে তৈরি উপকরণ নয়, মেলায় শিক্ষার্থীরা তুলে ধরেছেন দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি। মেলায় প্রদর্শিত ৩০টি প্রকল্পের প্রতিটিতে উঠে এসেছে বাংলাদেশের ৩০টি জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য। বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্ব করা নারকেলের ছোবড়া দিয়ে তৈরি প্রকল্পটি প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে এই উদ্যোক্তা মেলায়। দ্বিতীয় হয়েছে মৌলভীবাজার অঞ্চলের প্রতিনিধিত্ব করা কাচের প্রকল্পটি। এ প্রকল্পে শিক্ষার্থীরা তুলে ধরেছেন কাচ দিয়ে তৈরি বিভিন্ন ঘর সাজানোর উপকরণ ও অন্যান্য সামগ্রী। দেশের তরুণেরা বিভিন্ন দেশের নেতাদের ছবি দিয়ে তৈরি টি-শার্ট পড়ে ঘুরে বেড়ায়। অবহেলিত থেকে যায় দেশের অবিসংবাদিত নেতারা। সেই উপলব্ধি থেকে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরি টি-শার্ট, মগ, চাবির তোড়া, ক্যাপ, ছবির ফ্রেমসহ বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়েছিল গোপালগঞ্জের স্টলে। এই প্রকল্পটি তৃতীয় হয়েছে উদ্যোক্তা মেলায়।

মেলায় প্রথম হওয়া বরিশাল অঞ্চলের প্রকল্পের দলনেতা তাসনিয়া তাহের বলেন, ‘আমরা বরিশাল অঞ্চলের ঐতিহ্য নারকেল দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছিলাম। পুরস্কার পেয়ে ভালো লাগছে। এ ধরনের মেলার মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা উপকৃত হবে।’

মেলায় অংশ নেওয়া সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল আলম বলেন, ‘আমরা যারা ব্যবসায় প্রশাসন নিয়ে পড়ালেখা করি, তারা সব সময় ভবিষ্যতে ব্যাংকে চাকরি করার পরিকল্পনায় ব্যস্ত থাকি। এ মেলায় অংশ নিয়ে মনে হলো আমরা নিজেরাই একটু কষ্ট করলে কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে সহজেই চাকরি দিতে পারব অনেককে।’

এই মেলা আয়োজন প্রসঙ্গে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা বলেন, ‘ব্যবসায় প্রশাসন বিভাগের পাঠ্যসূচি একটি অংশ উদ্যোক্তা উন্নয়ন। এ কোর্সের মূল বিষয় হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। হাতে-কলমে যাতে শিক্ষার্থীরা এ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারে, সেই লক্ষ্যে প্রতিবছর এ ধরনের মেলার আয়োজন করা হয়।’

১৪ ডিসেম্বর বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন ব্যবসায় উন্নয়নবিষয়ক পরামর্শক শাহ জুলফিকার। এ সময় বিশেষ অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সারোয়ার জাহান। ১৫ ডিসেম্বর বেলা তিনটায় বসে মেলার সমাপনী আসর। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন আ ন ম আবদুল মুক্তাদীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মনোয়ারা হাকিম আলী।