শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের টানা অবরোধ। এর সঙ্গে প্রতি সপ্তাহেই একাধিক দিন হরতালও ডাকা হচ্ছে। হরতাল ও অবরোধের বাধা পার হয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং পুলিশ প্রশাসন এবার বাড়তি ব্যবস্থা নিলেও শঙ্কা কাটছে না শিক্ষার্থী ও অভিভাবকদের।
কয়েক দিন ধরেই উদ্বিগ্ন অভিভাবকেরা হরতাল–অবরোধ প্রত্যাহার কিংবা পরীক্ষা বাতিল হবে কি না জানতে চেয়ে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ফোন করছেন।
এসএসসি পরীক্ষার্থী সত্যেন রায়চৌধুরীর বাসা নগরের কাজীর দেউড়ি এলাকায়। বাসা থেকে পরীক্ষাকেন্দ্র চকবাজারের কাজেম আলী উচ্চবিদ্যালয়ের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। পরীক্ষার প্রস্তুতি নিয়ে নয়, তার সব দুশ্চিন্তা এখন নিরাপদে ও ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে। নগরের হাজী মুহম্মদ মুহসীন সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এই শিক্ষার্থীর সঙ্গে কথা হয় গতকাল। কীভাবে পরীক্ষাকেন্দ্রে যাবে, এমন প্রশ্নের উত্তরে সে বলে, ‘প্রায় প্রতিদিনই গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। কখন কী হয় বলা যায় না। তাই বাসা থেকে হেঁটেই পরীক্ষা কেন্দ্র যাব। এসব নিয়ে বাসার সবাই চিন্তিত।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ মাসে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১৬ মার্চ। এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে পাঁচ জেলায় ১৫৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম নগরে ৩০টি, চট্টগ্রাম জেলায় ৬৯টি, কক্সবাজারে ১৯টি, রাঙামাটিতে ১৫টি, খাগড়াছড়িতে ১৬টি এবং বান্দরবানে ১০টি কেন্দ্র রয়েছে। ৯৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৮ হাজার ৬০৩ জন শিক্ষার্থী। কেন্দ্র পর্যবেক্ষণের জন্য ৬০টি সাধারণ ও ১২টি বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে।
তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার এসএসসি পরীক্ষার প্রস্তুতি আগেভাগেই শুরু করেছে শিক্ষাবোর্ড। ইতিমধ্যে প্রশ্নপত্র, উত্তরপত্রসহ সব পরীক্ষা সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। পরীক্ষার নিরাপত্তা নিয়ে জেলা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বোর্ড কর্তৃপক্ষ কথা বলেছে। প্রশাসন থেকে অধিক গুরুত্বসহকারে এটি দেখা হচ্ছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা এবার একটু বেশি সতর্ক। শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে পুলিশ ও জেলা প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে। কেন্দ্র সচিব সহযোগিতা চাইলেই প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।’ তিনি আরও বলেন, ‘পরীক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা দায়িত্বশীল ভূমিকা আশা করি।’
পরীক্ষা নির্বিঘ্ন করতে তৎপর পুলিশ প্রশাসনও। তবে প্রতিটি কেন্দ্রে কত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে তা এখনই নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ‘চলমান পরিস্থিতিতে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এটাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা পরিস্থিতি বুঝে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেব। নিরাপত্তা অন্যান্যবারের তুলনায় বেশি হবে।’
এদিকে কেন্দ্রের নিরাপত্তা নিয়ে বিভিন্ন উপজেলা সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ পরীক্ষার স্বার্থে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কেন্দ্র সচিব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।
গত বছরের পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালায় জামায়াত–শিবির কর্মীরা। এ জন্য এবার এসএসসি পরীক্ষার সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। প্রথম আলোকে তিনি বলেন, ‘আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা সমন্বয় সভা করেছি। পরীক্ষাকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর। পরীক্ষা এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা আমাদের চ্যালেঞ্জ।’
নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে যমজ বোন সুশান্তিকা ভট্টচার্য ও সীমান্তিকা ভট্টচার্য। তাঁদের মা চিকিৎসক সোমা চৌধুরী। তিনি বলেন, ‘অস্থিরতার মধ্যে কীভাবে মেয়েদের কেন্দ্রে নিয়ে যাব কীভাবে আসব এটা এখন চিন্তার বিষয়। কখন কি দুর্ঘটনা ঘটে, তা নিয়ে খুব উদ্বিগ্ন।এছাড়া হরতালে পরীক্ষা ঠিকমতো হবে কিনা তাও ভাবছি।’
হরতালে পরীক্ষা পেছালে সেটা পরীক্ষার্থীদের জন্য সমস্যা এবং প্রস্তুতি বাধাগ্রস্ত হয় বলে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকেরা মনে করেন। এজন্য পরীক্ষার সময় হরতালের মতো কর্মসূচি আশা করছেন না তাঁরা।
কেন্দ্র সচিব এবং ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘রুটিন অনুযায়ী পরীক্ষা না হলে পরীক্ষার্থীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাদের প্রস্স্তুতি বাধাগ্রস্ত হয়।’