শিক্ষাসফরের ১০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
দিল্লিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছোটবেলা থেকে তাজমহলের কত গল্পই না শুনেছি। সেই তাজমহল নিজের চোখে দেখার আনন্দ অবর্ণনীয়। আমরা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সম্প্রতি শিক্ষাসফরে ভারত ঘুরে এলাম।
আমরা বিরতিহীনভাবে ভারতের এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়িয়েছি। ক্লান্তিহীন এই দিনগুলোর প্রতিটি মুহূর্তই যেন গল্পের। বিদেশের মাটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় লেখা টি-শার্ট পরে ঘুরে বেড়ানোর আনন্দই অন্য রকম।
প্রথমে গিয়েছি দিল্লি, তারপর আগ্রা, মথুরা। ১০ দিনের শিক্ষাসফরে দেখলাম লাল কেল্লা, কুতুব মিনার, ইন্ডিয়া গেট, লোটাস টেম্পল, আকসার ধাম মন্দির, তাজমহল, আগ্রা ফোর্ট, বৃন্দাবন, প্রেম মন্দিরসহ নানা দর্শনীয় স্থান।
আমাদের এই সফরের প্রস্তুতি অবশ্য প্রথম বর্ষ থেকেই। প্রথম বর্ষে পড়াকালীন আমাদের শাহীনুর রহমান স্যার বলেছিলেন, অনার্স শেষ বর্ষে তিনি শিক্ষাসফরে আমাদের ভারতে নিয়ে যাবেন। শেষ বর্ষে উঠেই আমরা ভারতে যাওয়ার প্রস্তুতি নিতে থাকি। বেশির ভাগেরই প্রথমবারের মতো বিদেশ সফর। ১৭ জনের দল। যাত্রা শুরুর পাঁচ দিন পর আমাদের দলের সঙ্গে যোগ দেন শাহীন স্যার। স্যারকে আমাদের ব্যাচের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। তাঁর ঐকান্তিক চেষ্টার ফলেই হলো আমাদের শিক্ষাসফর। চোখে-মুখে মুগ্ধতা আর প্রথম বিদেশ সফরের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলাম ৩১ মার্চ। শিক্ষাজীবনের এই অভিজ্ঞতা আমাদের অনেক অনেক দিন মনে থাকবে।