শিক্ষায় পিছিয়ে আ.লীগ ও বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শিক্ষায় এগিয়ে আছেন জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী জাবের আহমদ চৌধুরী ও জাতীয় পার্টির নাজেম উদ্দিন। তাঁরা স্নাতক পাস। তবে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিদ্যালয়ের গণ্ডি পেরোননি। আওয়ামী লীগের আনোয়ার পাশা চৌধুরী নবম ও বিএনপির আবু বকর ছিদ্দিক অষ্টম শ্রেণী পাস। নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
অপর ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আব্দুল খালেক চৌধুরী স্নাতকোত্তর, মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, এনামুল হক ও হাবিব উল্লাহ এসএসসি, সরওয়ার আজম স্নাতক ও হোছাইন মোহাম্মদ নোমান আল শরীফ এলএলবি পাস।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আমান উল্লাহ, মোহাম্মদ জহির উদ্দিন ও মোহাম্মদ জাকের হোছাইন সশিক্ষিত, আব্দুল মোতালেব এসএসসি, হাসান রাশেল ডিপ্লোমা প্রকৌশলী, মোস্তাক আহমদ এলএলবি, মোহাম্মদ কাইছারুল ইসলাম, ফরিদুল আলম ও মাহবুবুল আলম স্নাতক এবং মিজানুর রাশেদ এলএলবি পাস। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম ও প্রীতিকণা শর্মা দশম শ্রেণী, শাকিলা আকতার সশিক্ষিত এবং শিরিন ফারজানা এসএসসি পাস।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, জনপ্রতিনিধির প্রাতিষ্ঠানিক শিক্ষা বড় কথা নয়, মূল ব্যাপার এলাকার উন্নয়ন। এ জন্য এলাকার সঙ্গে কার বেশি সম্পৃক্ততা সেই বিষয়টিই দেখা উচিত। আরেক ভোটার জাহাঙ্গীর আলম বলেন, এলাকার উন্নয়ন করতে হলে শিক্ষার বিকল্প নেই।