শিক্ষায় পিছিয়ে মামলার আসামি ২৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর পদপ্রার্থীরা শিক্ষায় পিছিয়ে রয়েছেন। প্রার্থীদের মধ্যে স্বশিক্ষিতের ছড়াছড়ি। স্নাতক পাস রয়েছেন মাত্র তিনজন। এ ছাড়া ২৭ জন বিভিন্ন মামলার আসামি। নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এই তথ্য পাওয়া যায়।
সচেতন নাগরিক কমিটির (সনাক) চকরিয়া উপজেলা সভাপতি ও ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জনপ্রতিনিধিদের মধ্যে শিক্ষিত মানুষের হার খুব কম। বাংলাদেশের পরিবেশ–পরিস্থিতিতে সততা ও নৈতিকতার কোনো মূল্য না থাকায় শিক্ষিত ও ভালো মানুষেরা নিজেকে রাজনীতি থেকে সরিয়ে রেখেছেন। সমাজে সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে শিক্ষিত ও ভালো মানুষ যাতে জনপ্রতিনিধি নির্বাচিত হন, সেই চেষ্টা আমাদের থাকতে হবে।’
হলফনামা পর্যালোচনায় দেখা যায়, ৪৭ জনের মধ্যে ২৩ জন প্রার্থী নিজেদের স্বশিক্ষিত ঘোষণা করেছেন। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন একজন। পঞ্চম শ্রেণি পাস করেছেন দুজন। অষ্টম শ্রেণি পাস রয়েছেন আটজন। এসএসসি বা তার সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিনজন। এ ছাড়া এইচএসসি বা তার সমমান পরীক্ষায় পাস করেছেন সাতজন। আর স্নাতক পাস করেছেন মাত্র তিনজন—১ নম্বর ওয়ার্ডের মনোহর আলম, ২ নম্বর ওয়ার্ডের মিজবাউল হক ও ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. শহিদুল ইসলাম।
কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ২৭ জন মামলার আসামি। চারটির বেশি মামলা রয়েছে ছয়জনের। এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নুরুল আমিনের রয়েছে ১২টি, ৫ নম্বর ওয়ার্ডের ফোরকানুল ইসলামের ছয়টি, ৬ নম্বর ওয়ার্ডের শিব্বির আহমদের পঁাচটি, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শহিদুল ইসলামের সাতটি, ৯ নম্বর ওয়ার্ডের সেলিমের রয়েছে ছয়টি ও ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নুর হোসেনের রয়েছে পাঁচটি মামলা। বাকি ২১ জনের এক থেকে চারটি করে ৩১টি মামলা রয়েছে।
মামলা বেশি থাকা ছয়জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে নুর হোসেন ও ফোরকানুল ইসলাম সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। অন্য চারজন এখনো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
জানতে চাইলে ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমার সব মামলার বাদী আওয়ামী লীগের লোকজন ও পুলিশ। অপরাধ না করলেও হয়রানি করতে তাঁরা এসব মামলা দায়ের করেছেন।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ‘প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকতেই পারে। তবে আমরা যতটুকু জেনেছে সব প্রার্থী তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনে রয়েছেন। জামিনে থাকলে প্রচারণা চালাতে কোনো বাধা নেই।’
২০ সংরক্ষিত নারী কাউন্সিলরের হলফনামা : ২০ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের মধ্যে পাঁচজন স্বশিক্ষিত, চারজন অষ্টম শ্রেণি, ছয়জন এসএসসি, দুজন এইচএসসি ও তিনজন স্নাতক পাস। দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। এর মধ্যে ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী আনজুমান আরা বেগমের রয়েছে তিনটি মামলা। আরেকজন ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জেসমিন হকের একটি মামলা আদালতে বিচারাধীন।