শিক্ষায়-সম্পদে পিছিয়ে আ.লীগের প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তাঁদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত শফিউল আলম ও ‘বিদ্রোহী’ মনোয়ারুল ইসলাম চৌধুরী দুজনেই শিক্ষায় ও সম্পদে পিছিয়ে রয়েছেন। এদিকে স্বতন্ত্র এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর রয়েছে খুনসহ ১৩ মামলা। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা ঘেঁটে এই তথ্য পাওয়া গেছে।
হলফনামায় দেখা গেছে, শফিউল আলমের লেখাপড়া ‘স্বাক্ষরজ্ঞান সম্পন্ন’। পেশায় তিনি চিংড়ি ব্যবসায়ী হলেও তাঁর নগদ টাকা আছে মাত্র ৩০ হাজার। ব্যাংকে জমা আরও পাঁচ হাজার। জমিজমা ধনসম্পদও তেমন নেই। ব্যবসা করে তিনি বছরে আয় করেন দেড় লাখ টাকা।
আর এইচএসসি পাস মনোয়ারুল ইসলাম চৌধুরীর নগদ টাকা আছে ২৫ হাজার। ব্যাংকে জমা আছে ২০ হাজার টাকা। নিজের স্বর্ণ আছে এক লাখ টাকার। কৃষি খাতে ২৫ হাজারসহ তাঁর ব্যবসাতে আয় দুই লাখ ১৫ হাজার টাকা।
এদিকে বিএনপির একক প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরীর নগদ টাকা আছে ১২ লাখ ৮০ হাজার ৭৫২ টাকা। ব্যাংকে জমা তিন লাখ ৫০ হাজার ৭১৮ টাকা। কৃষি ও লবণ মাঠ থেকে আয় করেন এক লাখ ১২ হাজার, বাড়িভাড়া ও দোকান থেকে পান এক লাখ ১০ হাজার, উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মানীভাতা পান দুই লাখ ৪৬ হাজার ৫১৬ টাকা। তিনি স্নাতক পাস। তবে নুরুল বশরের বন এবং বিশেষ ক্ষমতা আইনসহ তিনটি মামলা রয়েছে।
নাগরিক কমিটির প্রার্থী মনজুর আলম সিকদার স্নাতকোত্তর পাস। তাঁর কোনো মামলা নেই। আয়ের উৎস বাড়িভাড়া, কৃষিজমি ও ঠিকাদারি। তাঁর নগদ টাকা আছে এক কোটি ৭৪ লাখ সাত হাজার ৪৫৮ টাকা। ব্যাংকে এসডিপিএস আছে এক লাখ ৩০ হাজার টাকার। তিনি কৃষিখাত থেকে ৩০ হাজার, বাড়িভাড়া তিন লাখ ২৬ হাজার ১০০ ও ব্যবসা থেকে ৫৭ লাখ ৬০ হাজার টাকা আয় করেন।
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শাকের উল্লাহ স্নাতক পাস। কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অজ্ঞাত কারণে এই প্রার্থীর হলফনামায় স্থাবর, অস্থাবর সম্পদের বিবরণ নেই। তবে তিনি সম্পদশালী হিসেবেই পরিচিত এলাকায়।
জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম শাহরিয়ার চৌধুরীও স্নাতক পাস এবং ধনসম্পদের মালিক হলেও তাঁর হলমনামার তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বেশির ভাগই ‘স্বশিক্ষিত’: উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রমিজ আহমদের রয়েছে অস্ত্র, খুনসহ ১৩ মামলা। তিনি স্বশিক্ষিত। পেশা মাছের গুঁড়া বিক্রি। তাঁর নগদ টাকা আছে ১০ হাজার। ব্যাংকে কোনো টাকা নেই। জমিজমাও নেই। তিনি ব্যবসা করে বছরে আয় করেন এক লাখ ১০ হাজার।
আরেক প্রার্থী আকবর খান ‘স্বশিক্ষিত’। পেশা ক্ষুদ্র ব্যবসা। নগদ টাকা আছে ৪০ হাজার। ব্যবসা থেকে আয় করেন দুই লাখ টাকা।
হুমায়ুন কবির হায়দারও ‘স্বশিক্ষিত’। পেশা লবণ ব্যবসা। নগদ টাকা আছে ৫০ হাজার। ব্যাংকে আছে ১৫ হাজার। কৃষি থেকে আয় ১০ হাজার, ব্যবসা থেকে এক লাখ ৫০ হাজার টাকা।
কপিল উদ্দিন এসএসসি পাস। তাঁর নগদ টাকা আছে ২৫ হাজার। কৃষি থেকে আয় ৩০ হাজার, ব্যবসা থেকে আয় হয় ৬০ হাজার টাকা।
স্নাতক পাস জিয়াউল করিম চৌধুরীর পেশা চিংড়ি ও লবণ ব্যবসা। নগদ টাকা আছে ৫০ হাজার।
চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরও একই অবস্থা। আজিমুন্নাহার ‘অক্ষরজ্ঞান সম্পন্ন’। নগদ টাকা আছে ২০ হাজার। ব্যাংকে জমাজাতি নেই। স্বর্ণ আছে চার ভরি। কৃষি থেকে ৩০ ও অন্যান্য খাত থেকে আয় ২৪ হাজার টাকা। সৈয়দা মেহেরুন্নেছা ‘স্বাক্ষরজ্ঞান সম্পন্ন’। আয় রোজগারের কোনো উৎস নেই। নগদ টাকা আছে ২৫ হাজার। স্বর্ণ আছে পাঁচ ভরি। নাছিমা আকতার ‘অজ্ঞরজ্ঞান সম্পন্ন’। আয়ের কোনো উৎস নেই। নগদ টাকা আছে ১০ হাজার। তবে স্বর্ণ আছে চার ভরি।
বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার স্নাতক পাস। সম্মানী ভাতা পান এক লাখ ৭৪ হাজার টাকা। এ ছাড়া অন্য কোনো আয় নেই। তাঁর নগদ টাকা আছে ২০ হাজার। স্বর্ণ আছে পাঁচ ভরি।
রোকসানা আরা বেগম আলিম পাস। নিজের কোনো টাকা নেই। স্বর্ণ আছে পাঁচ ভরি।