শহরতলির অন্যতম ইউনিয়ন শিকারপুরে চেয়ারম্যান ও সদস্য (মেম্বর) পদপ্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরেশোরে শুরু হয়েছে। প্রার্থীদের সমর্থনে এলাকার সর্বত্র টাঙানো ও সাঁটানো হয়েছে অসংখ্য ব্যানার ও পোস্টার। এ পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে পাওয়া যায়নি।এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটারদের মধ্যে কাকে ভোট দেবেন, এই নিয়ে জমে উঠেছে নানা আলোচনা-সমালোচনা। মধ্যম কুয়াইশ এলাকার ভোটার গৃহবধূ পারভীন আহমেদ বলেন, ‘অতীতের জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নে শুধু আশ্বাসই দিয়েছেন। কাজ করেননি। এবার দলীয় পরিচয়ে নয়, শিক্ষিত ও যোগ্য প্রার্থীকেই ভোট দেব।’পশ্চিম শিকারপুর এলাকার ভোটার দিলিপ দে বলেন, ‘শহরতলি হলেও আমাদের এলাকাটি এখনো অনুন্নত। রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ। এসব সমস্যা সমাধানে যাঁকে আন্তরিক মনে হবে তাঁকেই এবার ভোট দেব।’প্রার্থীরাও প্রতিশ্রুতি দিচ্ছেন নিজেদের মতো করে। চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল আলম বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রথমেই নজর দেব যোগাযোগব্যবস্থার দিকে। এরপর শিক্ষা ও কৃষির উন্নয়নে ভূমিকা রাখব।’ একই রকম মন্তব্য করেছেন আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক।সাত বর্গকিলোমিটার আয়তনের শিকারপুর ইউনিয়নের জনসংখ্যা ৩০ হাজার। ভোটার ১২ হাজার ৭০০। ভোটকেন্দ্র নয়টি। চেয়ারম্যান পদপ্রার্থী ছয়জন—মো. আবু বক্কর সিদ্দিক (আনারস), সাইফুল আলম (দেয়ালঘড়ি), মঈনউদ্দীন শাহীন (তালা), শেখ মহিউদ্দীন (দোয়াত-কলম), মো. আবদুল মান্নান (জাহাজ) ও তফাজ্জল আহমদ (টেলিফোন)। সদস্য পদপ্রার্থী হয়েছেন ৪৭ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী সাতজন।