সাত বর্গকিলোমিটার আয়তনের দ্বীপ সোনাদিয়া। মুক্তা আর শুঁটকি মাছ উৎপাদনের জন্য যার সুখ্যাতি সারা দেশে। অথচ এই দ্বীপের বেশির ভাগ ছেলেমেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত। শিক্ষাপ্রতিষ্ঠান বলতে দ্বীপের এক কোণায় (পূর্বপাড়ায়) একটিমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে বিদ্যালয়ে যাওয়া হয়ে ওঠে না অনেকের। অথচ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার স্বপ্ন ওদের চোখেও। পশ্চিমপাড়ার বাসিন্দা গোলাম হোসেনের ১৩ বছর বয়সী ছেলে মোহাম্মদ আলী বলে, ‘স্যার, স্কুলে পড়ে মানুষ হওয়ার ইচ্ছা, কিন্তু আশপাশে কোনো স্কুল নেই। ২০ কিলোমিটার দূরে মহেশখালীর কুতুবজোম গ্রামে গিয়ে লেখাপড়া করব—সে সুযোগও নেই। কারণ আমরা গরিব। সাগরে চিংড়িপোনা আর মাছ ধরেই চলে সংসার। স্যার আমাদের লেখাপড়ার জন্য বেশি করে লেখালেখি করেন। আমাদের ছবি তুলে পত্রিকায় ছাপান। আমাদের ছবি দেখলে সরকার একটি স্কুল করে দেবে।’ ১৯ মার্চ সকালে সোনাদিয়া দ্বীপে গিয়ে দেখা যায়, পরিচ্ছন্ন নির্জন এক সৈকত। যেখানে বাইরের লোকজনের বিচরণ তেমন নেই। দ্বীপের অর্ধেক অংশ বিশাল ঝাউবন, নিসিন্দা, কেয়া আর নারেকেলগাছে ভর্তি। পূর্বদিকে মগচর নামের বিশাল সৈকতে চলে শুঁটকি উৎপাদন। সেখানে কোনো লোকবসতি নেই। আবার পশ্চিম পাশে নির্জন বিশাল সৈকতে কচ্ছপ, কাঁকড়া আর পাখির মেলা বসে। নীল জলের বঙ্গোপসাগর মুক্তার দ্বীপটিকে পরম যত্নে ঘিরে রাখলেও এই দ্বীপের মানুষগুলো ভালো নেই। বিশেষ করে পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে না ওঠায় দ্বীপের কয়েক শ ছেলেমেয়ে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। খলি গায়ে এসব ছেলেমেয়ে সারা দিন সৈকতে ঘুরেফিরে সময় পার করছে। কেউ কেউ শুঁটকি উৎপাদন ও ছাগল-মহিষ লালন-পালনসহ পরিবারের নানা কাজ করছে। দুপুর ১২টায় সোনাদিয়ার পশ্চিমপাড়ায় গেলে ১৫ থেকে ২০ জন শিশু এই প্রতিবেদককে ঘিরে ধরে বলে, ‘এই গ্রামে আমাদের জন্য একটা স্কুল খুব দরকার। না হলে আমরা শিখব কোথায়?’ পরিবেশ অধিদপ্তরের ‘সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ (সিবিএ ও এসিএ) প্রকল্পের সোনাদিয়া গ্রাম সংরক্ষক দলের সভাপতি গিয়াস উদ্দিন জানান, এখানকার ছেলেমেয়েদের লেখাপড়ায় আগ্রহ প্রবল। কিন্তু এই গ্রামে স্কুল নেই। দীর্ঘ বালুচরে হেঁটে পূর্বপাড়ার একমাত্র স্কুলে গিয়ে পড়া সম্ভব নয়। তাই এই গ্রামে একটি স্কুল নির্মাণ করা খুবই জরুরি। সোনাদিয়ার একমাত্র জনপ্রতিনিধি (ইউপি সদস্য) আবদুল গফুর জানান, পূর্বপাড়ায় স্থাপিত সোনাদিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জন ছেলেমেয়ে পড়ার সুযোগ পাচ্ছে। তা-ও শিক্ষক মাত্র একজন। ওই শিক্ষক অসুস্থ হলে বা কোনো কাজে দ্বীপের বাইরে গেলে বিদ্যালয়ের লেখাপড়া বন্ধ থাকে। পশ্চিমপাড়ায় আরেকটি স্কুল করা গেলে আরও ৫০০ ছেলেমেয়ে লেখাপড়ার সুযোগ পেত। তিনি আরও জানান, এই দ্বীপে দুই হাজারের বেশি মানুষের স্বাস্থ্যসেবার জন্য নেই কোনো হাসপাতাল-ক্লিনিক। নেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বিদ্যুৎ সংযোগও। এই দ্বীপের মানুষকে উপজেলা মহেশখালী ও জেলা শহর কক্সবাজারে যাতায়াত করতে হয় সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে।জানা গেছে, এই দ্বীপের বাসিন্দাদের মধ্যে স্নাতক পাস করেছেন মাত্র একজন। তিনি হচ্ছেন, পূর্বপাড়ার বাসিন্দা শামসুল ইসলাম। তিনি বর্তমানে চকরিয়ায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করছেন। আর এসএসসি পাস রয়েছেন মাত্র ছয়জন। তাঁরা হলেন: সুফিয়া আকতার, কোহিনুর আকতার, তৌহিদা আকতার, শুভ রানী দাস, আয়াত উল্লাহ ও নকিব আলী। তাঁদের মধ্যে শুভ রানী দাস একমাত্র সোনাদিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আয়াত উল্লাহ ও শুভ রানী দাস জানান, তাঁরাও মহেশখালী সদর ও কক্সবাজার শহরে গিয়ে লেখাপড়া করে এসএসসি পাস করেছেন। সোনাদিয়ায় পড়ে থাকলে তা-ও সম্ভব হতো না। পরিবেশ অধিদপ্তরের সহযোগী সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) কক্সবাজার জেলা ব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, সোনাদিয়া দ্বীপটি পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকা। এখানে ইচ্ছেমতো অবকাঠামো নির্মাণ করা যায় না। তবে দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা এ দ্বীপের মানুষের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে আরও একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন জরুরি।