বেনাপোলের একটি ছোট্ট চায়ের দোকান। শিশু, নারী, পুরুষসহ অনেক লোক অপেক্ষায়। সবার উদ্দেশ্যই এক—সীমান্ত পেরোনো। সকালে একবার সীমানা পেরোতে গিয়ে ব্যর্থ হয়েছে তারা। শিশুদের ভেজা জামা-কাপড়, গায়ে শুকিয়ে যাওয়া কাদা-মাটির দাগে জ্বলজ্বল করছে সেই ব্যর্থতার চিহ্ন। এটা কি ব্যর্থতা, নাকি মূল থেকে ছিন্ন হয়ে যাওয়া মানুষের নিয়তি? কোথাও ঠাঁই না-পাওয়া এসব ভাসমান মানুষের চিত্র নিয়ে অসাধারণ এক চিত্র প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি চট্টগ্রামে। বাংলাদেশ থেকে অভিবাসন, বাংলাদেশের চার দ্বীপে আবহাওয়াভিত্তিক অভিবাসন, হিউম্যান ট্র্যাফিকিং এবং চট্টগ্রামের শিপইয়ার্ডে অভিবাসী শ্রমিকদের রূঢ় বাস্তবতার জীবন্ত চিত্র ছিল প্রদর্শনীতে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উদ্যোগে অনুষ্ঠিত ‘চেঞ্জিং নেচার অব ফোর্সড মাইগ্রেশন’ শীর্ষক সম্মেলনের অংশ হিসেবে গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমী গ্যালারিতে ভিন্নধর্মী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। একটি ইতালীয় বেসরকারি সংস্থা, ইপসা, আলোকচিত্রী সৈয়দ বদরুল করিম ও সৈয়দা ফারহানার কাজ নিয়েই এ প্রদর্শনীর আয়োজন। ‘শিশু অধিকার’, ‘সীমান্ত এলাকার নিরাপত্তা ও পাচার’, ‘নারী ও শিশুর প্রতি নির্যাতন’, ‘বাল্যবিবাহ’, ‘শিশুশ্রম’, ‘মুন্নি, শহরের একটি দরিদ্র কন্যাশিশুর গল্প’, ‘শিশুদের যৌন হয়রানি’, ‘শিশু পাচার’, ‘কারা পাচারের ঝুঁকিপূর্ণ?’, ‘পারুলের পরিণতি: একটি গল্প’, ‘বাংলাদেশে শিশু পাচারের প্রেক্ষাপট’, ‘নদীভাঙন’, ‘গ্রাম থেকে শহরে যাত্রা’, ‘প্রাকৃতিক দুর্যোগ’সহ নানা শিরোনামে প্রদর্শিত ছবিগুলোতে বেশ কয়েকটি ধারাবাহিক কাহিনি খুঁজে পাওয়া যায়। ব্রাত্য জীবনের সেসব কাহিনি যেন শিল্পীর ভাবনায় ও ছোঁয়ায় নাগরিক জীবনের মানুষের কাছে এক বিরাট বিস্ময়রূপে ধরা পড়েছে। আলোকচিত্রী সৈয়দা ফারহানা এ দেশে বসবাসরত উর্দু ভাষাভাষী মানুষের জীবনযাপন, স্বপ্ন ও বঞ্চনার গল্প বলার চেষ্টা করেছেন। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে বিহারিদের দৈনন্দিন জীবনধারণ, অমানুষিক যন্ত্রণার মধ্য দিয়ে জেনেভা ক্যাম্পে বেড়ে ওঠার করুণ কাহিনি। প্রদর্শনী দেখে মুগ্ধ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শায়লা শারমিন বললেন, ‘বিষয়বস্তু অসাধারণ। বঙ্গভঙ্গের পর থেকেই আমরা অভিবাসনের মধ্যেই আছি। আমরা মধ্যবিত্তরা এখনো এ সমাজে সুস্থভাবে বসবাস করতে পারছি না। গ্রাম থেকে মানুষ শহরপানে ছুটছে জীবিকার টানে। পুরো বিষয়টাই আমার সময়োপযোগী বলে মনে হয়েছে। কিছু ছবিতে সাদা-কালো রঙের ব্যবহার ভালো লেগেছে। বিপরীতধর্মী এ রং জীবনের অনেক বৈপরীত্য, অনেক সত্যকে প্রকাশ করে দেয়। রঙিন ছবিগুলোর মধ্যে জলছবির মেজাজ ছিল। এক কথায়, অনেক দিন মনে রাখার মতো একটা প্রদর্শনী।’