শিকড়ের খোঁজে ঢাকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকি পোগোজের প্রতিকৃতির সামনে পিটার পোগোজ। ছবি: হাসান রাজা
নিকি পোগোজের প্রতিকৃতির সামনে পিটার পোগোজ। ছবি: হাসান রাজা

৬ জুন। ঢাকার ঐতিহাসিক পোগোজ স্কুল প্রতিষ্ঠার ১৬৬ বছর পর প্রথম পুনর্মিলনীতে সেদিন উপস্থিত পিটার ডি পোগোজ। লন্ডন থেকে আসা এই বিশেষ অতিথি বেশ উপভোগ করছিলেন অনুষ্ঠানের সব আয়োজন। মঞ্চে উপবিষ্ট অন্য অতিথিদের সঙ্গে স্কুলের শিক্ষার্থীরা ফুলের তোড়া আর উত্তরীয় দিয়ে বরণ করেছিল তাঁকেও। দেওয়া হয়েছিল পোগোজ স্কুলের একটি বড় রঙিন মডেল। এক ছাত্র ইংরেজিতে পোগোজদের প্রশংসা করে লিখেছিল একটি ছড়া৷ ফ্রেমে বাঁধাই করা সেই ছড়া তুলে দেয়া হলো পিটারের হাতে। মঞ্চে অন্যরা থাকলেও পিটারকে ঘিরেই যেন সেদিন সবার কৌতূহল। পেগোজ স্কুলের পুনর্মিলনী উপলক্ষেই ঢাকা এসেছিলেন তিনি। সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্যে তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছিল আগেই।
মঞ্চে প্রথম পর্বের অনুষ্ঠান শেষে পিটারকে নিয়ে স্কুলের দোতলায় কোনো এক কক্ষে বসে আলাপ করব ভাবছিলাম। কিন্তু উপায় কই? সবাই দেখতে চাইছে তাঁকে। তাঁর প্রতি সবার আচরণ সেদিন ছিল একটু বেশিই আবেগ মিশ্রিত। আবেগে থই থই করছিলেন পিটারও।
যাঁকে নিয়ে পোগোজ স্কুলের ছাত্রছাত্রীদের এত উচ্ছ্বাস সেই পিটার ডি পোগোজের পরিচয়টা এবার দিই: ১৮৪৮ সালে দেশের প্রথম বেসরকারি বিদ্যালয় পোগোজ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তখনকার ঢাকার আর্মেনি জমিদার নিকোলাস পিটার পোগোজ বা নিকি পোগোজ। ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই বিদ্যালয়টি সে সময় রেখেছিল অনন্য উৎকর্ষতার ছাপ। সেই নিকি পোগোজের সাক্ষাৎ বংশধর পিটার পোগোজ। তাই তাঁকে নিয়ে এমন উচ্ছ্বাস থাকাই তো স্বাভাবিক!

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

খুঁজে পাওয়ার গল্প
এত কাল পর পিটারকে খঁুজে পাওয়ার গল্পটাও মজার। স্কুলের প্রাক্তন ছাত্র মির্জা মোহম্মদ ইয়াসিন ইন্টারনেটে খোঁজাখুঁজি করে পেয়ে গিয়েছিলেন পিটারকে। পুনর্মিলনীতে যোগ দেওয়ার আমন্ত্রণ তিনিই দিয়েছিলেন। পিটারের কাছে জানতে চাইলাম, নিকি পোগোজ ও পোগোজ স্কুল সম্পর্কে তিনি আগেই জানতেন কি না। বললেন, বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে তাঁর পিতা-মাতাই তাঁদের পরিবারের ইতিহাসটা খুঁজছিলেন৷ তাঁদের উৎসাহেই তিনি এখানে এসেছেন পরিবারের শিকড়ের সন্ধানে। একটা ঘটনার কথা বললেন এ সময়: তাঁর দাদা ফিলিপ পোগোজ মৃত্যুশয্যায় ছেলে মানে পিটারের বাবা ডেনিসকে দুঃখ আর ক্ষোভের সঙ্গে বলেছিলেন যেন ডেনিস তাঁর পরিবারের ইতিহাস না খোঁজে। কিন্তু এটিই নাড়া দেয় ডেনিস ও তাঁর স্ত্রীকে। শুরু হয় পরিবারের ইতিহাসের সন্ধান। পিটারের মা ব্রিটিশ মিউজিয়াম ও ইন্টারনেট থেকে জানতে পারেন নিকি পোগোজ ও তাঁর প্রতিষ্ঠিত পোগোজ স্কুলের কথা। অন্যদিকে তিন–চার বছর আগে পিটারের এক বন্ধু ঢাকায় বিশেষজ্ঞ হিসেবে কয়েকটি টেক্সটাইল ফ্যাক্টরি পরিদর্শন করেন। সে সময়ে পোগোজ স্কুলে রক্ষিত নিকি পোগোজের প্রতিকৃতির আলোকচিত্র তোলেন তিনি। এসব ঘটনার পর বাংলাদেশের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে যান পিটার৷ তাঁর পরিবারও ঢাকার সঙ্গে অনুভব করতে থাকে আত্মিক টান।
ঢাকায় কয়েক দিন
ঢাকায় পিটারের এবারই প্রথম আসা। এ দেশে আসার আগে বাংলাদেশ সম্পর্কে যতটুকু জেনেছেন তা কেবল ইন্টারনেটের মাধ্যমে। এখানে আসার আগে তাঁর ধারণা ছিল, বন্যা-প্লাবিত বা দারিদ্র্যে জর্জরিত কোনো দেশে যাচ্ছেন। ফলে একধরনের রোমাঞ্চ, কৌতূহলের পাশাপাশি কিছুটা ভীতিও কাজ করছিল। কিন্তু এয়ারপোর্ট থেকে হোটেলে আসার পথে তাঁর সে ধারণা বদলে যায়। এখন পিটার মনে করেন, বাংলাদেশ অতিদরিদ্র বা অতিধনী কোনো দেশ নয়। তবে শুরু থেকেই তাঁর ভালো লেগেছে ঢাকাকে। বললেন, ‘ঢাকার মানুষ—মানুষের উষ্ণ সত্তা ও আবেগ, আতিথেয়তা সত্যিই অনন্য; পশ্চিমে এটা তেমন দেখা যায় না।’ জানালেন, সাধারণ মানুষের হৃদয়ের এমন উষ্ণতা এর আগে আর কোথাও দেখেননি। তাঁর জন্য এ অভিজ্ঞতা একেবারেই নতুন।
ঢাকায় তিনি ছিলেন মাত্র দুই দিন৷ এই দুই দিনই প্রচণ্ড ব্যস্ততায় কাটিয়েছেন। স্কুলের ছাত্রছাত্রী আর তাদের মা-বাবা সবার সঙ্গে করমর্দন করে ও ছবি তুলেই যেন সময় ফুরিয়ে গেল। পিটার হেসে জানালেন, ‘নিজেকে রীতিমতো সেলিব্রিটি মনে হচ্ছিল। আসার আগে এমনটা আমি কল্পনাও করিনি। এই উষ্ণ আতিথেয়তার কথা জেনে আমার পরিবার খুবই উচ্ছ্বসিত হবে। খুশি হবেন আমার বাবা-মাও।’

আর্মেনি গির্জায়
৭ মে পিটার গেলেন আরমানিটোলার বিখ্যাত আর্মেনি গির্জায়। গির্জার প্রাঙ্গণে পোগোজ পরিবারের অনেকের সমাধি রয়েছে। পূর্বপরিকল্পনা মতো আমরাও সেখানে হাজির৷ একটি কবরের পাশে পিটারকে দেখলাম দাঁড়িয়ে আছেন। অভিব্যক্তিতে কেমন একটা বিষণ্নতা। লক্ষ করলাম, তাঁর দুই চোখ ভিজে যাচ্ছে জলে। খানিক বাদে বলছিলেন, কয়েকজন পূর্বপুরুষ—মার্কার পোগোজ, জি এন পোগোজ, নিকি পোগোজ ও তাঁর ভাই সেথ পোগোজের কবর খুঁজে পেয়েছেন। পিটার খুব আবেগী নন, কিন্তু সেদিন পূর্বপুরুষদের সমাধির পাশে দাঁড়িয়ে তাঁর মধ্যে কী এক অজানা অনুভূতি কাজ করল কে জানে! তবে সেই অনুভূতিটুকু ঠিক বোঝাতেও পারছিলেন না। নিকি পোগোজের সমাধির পাশে দাঁড়িয়ে জানালেন, তাঁর পূর্বপুরুষের স্বপ্নের স্কুলকে এগিয়ে নিতে সব ধরনের নৈতিক ও আর্থিক সাহায্য করাই তাঁর একমাত্র স্বপ্ন। কথা দিলেন, আবার আসবেন ঢাকায়।

প্রাপ্তি উষ্ণ আন্তরিকতা
ঢাকা থেকে কী নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য? এমন প্রশ্ন করতেই পিটার ডি পোগোজ উচ্ছল—বললেন, ‘এই সমাধি আমাকে নতুন আত্মোপলব্ধি দিয়েছে। সবকিছু নতুন করে বোঝার চেষ্টা করছি আমি। এখানকার মানুষের হৃদয়ের যে উষ্ণতা তা সম্পদের সঙ্গে যুক্ত নয়। এখানকার মানুষের হৃদয়ের সেই উষ্ণতাটুকুই আমি নিয়ে যাচ্ছি পরিবারের জন্য।