যাঁরা নাটক সম্পর্কে এক-আধটু খোঁজখবর রাখেন, তাঁদের কাছে সোহরাব-রুস্তমকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে যে সোহরাব-রুস্তম-এর পরিবেশনা চলছে তার সম্পর্কে নতুন করে কিছু বলতেই হয়। কারণ, বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রার আঙ্গিকে সোহরাব-রুস্তম-এর এবারের পরিবেশনা। পারস্যের কবি ফেরদৌসী রচিত মহাকাব্য শাহনামা অবলম্বনে সোহরাব-রুস্তমকে যাত্রারূপ দিয়েছেন পালাকার শ্রীব্রজেন্দ্র কুমার দে এবং নির্দেশনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন। আর এতে অভিনয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা। আগামী ১-৪ জুলাই প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে নাটমণ্ডলে চলবে এই যাত্রাপালার পরিবেশনা।প্রশ্ন উঠতেই পারে, সোহরাব-রুস্তম-এর মতো পুরোনো এক নাটককে কেন যাত্রাপালার আঙ্গিকে উপস্থাপন? এ প্রসঙ্গে এ পালার নির্দেশক ইসরাফিল শাহীন বলেন, ‘যাত্রা কেবল একটি ঐতিহ্য নয়, আমাদের ঘটমান জীবনপ্রবাহের বলিষ্ঠ প্রকাশ। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের সংস্কৃতি থেকে “যাত্রা” ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই যাত্রাকে ধরে রাখার এটি একটি প্রয়াস। কর্মশালা পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রযোজনার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা মঞ্চে নাট্যপ্রয়োগ সম্পর্কে ব্যবহারিক জ্ঞানলাভ করেছে বলেই আমার মনে হয়।’সোহরাব-রুস্তম পালায় সোহরাব চরিত্রে রূপদান করেছেন ধীমান চন্দ্র বর্মণ, রুস্তম চরিত্রে গোলাম নাসির ও মোহাম্মদ ইলিয়াস এবং তাহমিনা চরিত্রে অভিনয় করেছেন আফরিন হুদা ও সাইমা ফারজানা।