শিকড়ের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা ১০ জন। বাংলাদেশি বংশোদ্ভূত। পড়াশোনা করছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্পেনের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে। তাঁদের কেউ ছোটবেলায় দেশ ছেড়েছেন, কেউ বা আবার প্রবাসে জন্মেছেন। অনেকেই প্রথমবারের মতো পূর্বপ্রজন্মের জন্মভূমিতে এসেছেন। তবে সবার আগমনের একটাই কারণ—মা, মাটি, মানুষ ও শিকড়ের সন্ধান। বিদেশ-বিভুঁইয়ে থাকা ওই শিক্ষার্থীদের ‘শিকড়সন্ধান’ বেশ কয়েকটি পর্বে বিভক্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা পূর্বপ্রজন্মের জন্মস্থান বাংলাদেশকে ভালোভাবে চিনতে-জানতে শিখবেন। সেই শেখার অংশ হিসেবে এঁদের নিয়ে আসা হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলার যোগাযোগ-বিড়ম্বিত লালাখাল গ্রামে। এই প্রত্যন্ত গ্রামে শিক্ষার্থীদের প্রবেশের ইতিহাসটাও উল্লেখ করার মতো। দীর্ঘ ১২ কিলোমিটার কাঁচা রাস্তায় গরুর গাড়িতে চড়ে তবেই এই গ্রামে আসা। তাঁদের এই শিকড়সন্ধান আর নানামুখী কার্যক্রম নিয়েই রিয়েলিটি অনুষ্ঠান ‘প্রবাসী পল্লী, ফরগটেন রুটস।’রাস্তার দুই ধারে সারি সারি পাহাড়, সদ্য কাটা অবারিত ধানখেত, বহমান লালাখালের নীল পানি শিক্ষার্থীদের যেন আপন মনে ডাকছে। তাঁরাও প্রকৃতির অপরূপ দৃশ্যে মোহিত হয়ে নিমেষেই আপন করে নেন অজানা-অচেনা এক প্রত্যন্ত গ্রাম লালাখালকে। ভাঙা বাংলায় সুরে-বেসুরে কেউ কেউ গেয়ে ওঠেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।এভাবেই শিক্ষার্থীদের শিকড়ের অনুসন্ধানে প্রবেশ। এরপর তাঁরা নিজ হাতে জমি তৈরি, বীজ বপন, লাঙল দিয়ে হাল চাষ, মাছ ধরা, গোবর দিয়ে ঘুঁটে তৈরি, ধান মাড়াই, রান্নাবান্না, পিঠা বানানো, মুড়ি ভাজা থেকে শুরু করে কামার-কুমারদের কাজ পর্যন্ত করছেন। যেভাবে গ্রামীণ মানুষেরা জীবন যাপন করছেন, ঠিক সেভাবে অনুকরণ করে নিজেরাও চর্চা করছেন। দিনভর কর্মমুখর থাকার পর রাতের বেলা যাত্রা, সঙনৃত্য, পুতুলনাচ, ঘাটুগান আর বাউলগানের আসরে উন্মাতাল সময় কাটাচ্ছেন। গ্রামীণ বিনোদন উপভোগ শেষে এই পৌষের হাড়-কনকনে শীতে কাঁথা গায়ে জড়িয়ে জড়সড় হয়ে মাটির ঘরে পাতা বিছানায় শুয়ে পড়ছেন।ফরগটেন রুটসে অংশ নেওয়ার জন্য ৪১২ জন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিবন্ধন করেন। এরপর যাচাই-বাছাই করে সেরা ১০ জনকে নিয়ে ২৬ পর্বের এ রিয়েলিটি শোয়ের দৃশ্যধারণ (শুটিং) কার্যক্রম শুরু হয়।‘ফরগটেন রুটস’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ডেল্টা বে-এর ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল বলছিলেন, প্রতিযোগীদের মধ্য থেকে উজ্জ্বল ও মেধাবী ১০ জনকেই আমরা বেছে নিয়েছি। ফরগটেন রুটসের মূল ধারণাটি হচ্ছে, তৃতীয় ও দ্বিতীয় প্রজন্মের ছেলেমেয়ে যাঁরা দেশের বাইরে বড় হয়েছেন, তাঁদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আরও দৃঢ় করা। তাঁদের সম্পর্কটা পুনঃস্থাপিত করা।’যুক্তরাজ্যের আফসার আলম, তাবাসুম মিষ্টি তাজনিন, আলামিন ফারুক, সৈয়দ নিশাদ মনসুর, তামিয়া মোনা খাতুন, বেনজির প্রিয়াংকা, তসলিমা বেগম, যুক্তরাষ্ট্রের মনজুর হোসাইন, জাকির টনি ও স্পেনের জিনিয়া আজমী এতে অংশ নিচ্ছেন।এই অনুষ্ঠানের সহ-আয়োজক পিলার প্রোডাকশনের চেয়ারম্যান দিলারা খান। সমন্বয়কারী হিসেবে কাজ করছেন ডেল্টা বে-এর প্রধান নির্বাহী মাহতাব সোহেল।দৃশ্যধারণ করার সময় অনুষ্ঠানের পরিচালক প্রদীপ ভট্টাচার্য জানান, শিক্ষার্থীরা ১৬ দিনে ২১টি চ্যালেঞ্জ (পর্ব) মোকাবিলা করবেন। যে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবেন, তাঁকেই বিজয়ী ঘোষণা করে ১০ হাজার পাউন্ড পুরস্কৃত করা হবে। ২৬ পর্বের এ রিয়েলিটি শো আগামী মার্চে এটিএন বাংলায় সম্প্রচারিত হবে।রিয়েলিটি শোর পুরোটাজুড়েই একটা থিম রয়েছে। ১৯৭১ পয়েন্ট মানে মহান মুক্তিযুদ্ধ, ১৬ দিনে শুটিং মানে বিজয় দিবস, ২১টি চ্যালেঞ্জ মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ২৬টি পর্ব মানে স্বাধীনতা দিবস। এই দিবসগুলো মনে রেখেই রিয়েলিটি শোর সব কার্যক্রম সাজানো হয়েছে। পূর্বপ্রজন্মের ফেলে যাওয়া সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে এই কয় দিনে শিক্ষার্থীরা ভালোভাবেই অনুধাবন করতে পেরেছেন। অন্তত তাঁদের কথাবার্তায় সেই আভাসই মেলে! সবাই একবাক্যে অভিন্ন সুরে বললেন, ‘আমরা আমাদের হারানো শিকড় ফিরে পেয়েছি।’ যুক্তরাজ্যের বেনজির প্রিয়াংকা তো বলেই ফেললেন, ‘এই কয় দিন কাটানো গ্রামীণজীবনের কথা আমার আজীবন মনে থাকবে।’জিনিয়া আজমী স্পেনের মেডিটেরানি বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিষয়ে পড়াশোনা করছেন। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর মা জাহানারা ও বাবা আউয়াল বিশ্বাস সেখানে ব্যবসার পাশাপাশি ‘বার্সেলোনা বাংলা স্কুল’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেছেন। জিনিয়া বলেন, ‘আমি বাংলাকে ভালোবাসি। এই কয় দিনে নিজের সংস্কৃতির বিভিন্ন বিষয় হাতেকলমে জানতে পারলাম। এটা আমার জীবনের মূল্যবান স্মৃতির অন্যতম হয়ে থাকবে। পড়াশোনা শেষ করে অবশ্যই এ দেশের জন্য আমি সাধ্যমতো সেবাকাজে অংশ নেব।’তাসলিমা বেগমের বয়স ১৬। প্রতিযোগী শিক্ষার্থীদের সবার মধ্যে সে বয়সে ছোট। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় হলেও সে জন্ম নিয়েছে যুক্তরাষ্ট্রে। তাসলিমা ইংরেজিতে যা বলেছে, সেটার বাংলা তরজমা করলে এমনটাই দাঁড়ায়, ‘আমি প্রথমবারের মতো বাবার জন্মস্থানে এসেছি। অনেক সুন্দর এ দেশ! এখানে না এলে এত সুন্দর অনুভূতি কখনোই হতো না। আমি ভবিষ্যতে বাংলাদেশের জন্য কাজ করতে চাই।’তাসলিমার কথা শেষ না হতেই কথা কেড়ে নেয় জাকির টনি। সে জানায়, তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে। দুই বছর বয়সে দেশকে চেনার আগেই মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। শিকড়ভূমিতে ফিরে আসতে পেরে ভালো লাগছে।যুক্তরাজ্যের শিক্ষার্থী তামিয়া মোনা খাতুন বলেন, ‘গ্রামের মানুষের মতো কাজ করতে গিয়ে হাত-পায়ে আঘাত পেয়েছি। কিন্তু এ নিয়ে একদম দুঃখ নেই। ভালো লাগছে, অন্তত নিজের শিকড়গুলো চিনতে পারলাম।’শিক্ষার্থীরা বাংলাদেশকে ঘিরে নিজেদের স্বপ্নের কথা বলতে থাকেন। এসব কথা শুনতে শুনতেই একসময় পশ্চিমাকাশে টুপ করে ডুব দেয় লাল সূর্য। ধীরে ধীরে সন্ধ্যা নামে। কয়েক শ গজ দূরে ভারতের খাসিয়া-জৈন্তা সীমান্তের ওই উঁচু-নিচু পাহাড়ের কোল ভেদ করে হ্যাজাক লাইটের আলো আবছা আবছা ভেসে ওঠে। সন্ধ্যার নিস্তব্ধতা ভেদ করে পার্শ্ববর্তী সারি নদীর শাখা লালাখালে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছিল।