শিকড়ের সন্ধানে চতুষ্কোণের শিল্পীরা

শিল্পী ও শিল্পকলার শিক্ষক তাঁরা। কেউ চিত্রকর, কেউ ভাস্কর, কেউ মৃৎশিল্পী আর কেউ কারুশিল্পী। চারুশিল্পের চারটি ভিন্ন মাধ্যম চর্চায় নিবিষ্ট হলেও বিচ্ছিন্ন নন, বরং যূথচারী এই শিল্পীরা। তাঁদের যূথবদ্ধ প্রয়াস চতুষ্কোণ আর্ট ওয়েভ। এই শিল্পী গ্রুপের নতুন প্রদর্শনীতে দেখা মিলবে নিজ নিজ মাধ্যমে তাঁদের শিল্পানুসন্ধানের প্রকাশ। আগামীকাল ১৬ মে শুক্রবার ‘ট্রেইলিং দ্য রুট, ওয়ান স্টেপ অ্যাহেড’ শিরোনামে রাজধানীর ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী চতুষ্কোণের সদস্য শিল্পীরা হলেন ময়নুল ইসলাম পল, শাবিন শাহরিয়ার, নূরুল আমীন ও মো. জিল্লুর রহমান। অতিথি শিল্পী হিসেবে প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শিল্পী গোলাম ফারুক বেবুল। ধানমন্ডিতে ঢাকা আর্ট সেন্টারে বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট ভাস্কর-চিত্রকর অধ্যাপক হামিদুজ্জামান খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদ।
চতুষ্কোণের সদস্যদের সবাই শিল্পকলার নিজ নিজ ক্ষেত্রে চিন্তায়, মননে, দক্ষতায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন—অর্জন করেছেন সম্মান-সম্মাননা। জাতীয় ও আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে রয়েছে তাঁদের সবল পদচারণ। শিল্পের ভাষায় সরব উপস্থিতি।

কেউ দ্বিমাত্রিক ক্যানভাসে ধরছেন বহুমাত্রিক প্রকৃতির বহু-বর্ণিল নানা আখ্যানকে। কেউ মৃৎশিল্পে ফুটিয়ে তুলছেন মানুষের মুখচ্ছবি, কখনো বা চিরায়ত গ্রাম বাংলার প্রেম ও দাম্পত্য, কখনো মানবিক টানাপোড়েনের ভিন্ন কোনো গল্প। কেউ কাঠ খোদাইয়ের সঙ্গে নানা ধাতু, উপাদান যুক্ত করে, রঙে রাঙিয়ে, আগুনে পুড়িয়ে ফুটিয়ে তুলছেন বাস্তব-পরাবাস্তবের এক ভিন্ন আখ্যান। আর কেউ বা পাথর খোদাই করে অনুবাদ করছেন নীরবতার ভাষা, নিথর পাথরকেই করে তুলছেন বাঙ্ময়।

প্রকাশে ভিন্ন হলেও শেকড়ে সব শিল্পের উৎসই বোধ হয় এক। এ জন্যই মনে হয় চতুষ্কোণ আর্ট ওয়েভের প্রদর্শনীর শিরোনামও এমনই। ‘ট্রেইলিং দ্য রুট’ শিরোনামে এশিয়াটিক সোসাইটিতে এই শিল্পী গ্রুপের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১১ সালে। যূথবদ্ধ প্রয়াসে একধাপ এগিয়ে এবার দ্বিতীয় প্রদর্শনীর নামে যুক্ত হয়েছে ‘ওয়ান স্টেপ অ্যাহেড’।

চতুষ্কোণ আর্ট ওয়েভের প্রদর্শনী:
‘ট্রেইলিং দ্য রুট, ওয়ান স্টেপ অ্যাহেড’
১৬ থেকে ২২ মে, ২০১৪
প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা
ঢাকা আর্ট সেন্টার
বাড়ি-৬০, সড়ক-৭/এ
ধানমন্ডি আবাসিক এলাকা
ঢাকা-১২০৫।