
জাত-বর্ণ-ধর্ম, যা-ই হোক না কেন, কলেজের ছুটির ঘণ্টা পড়লেই তাসনিয়া, সৌভিক, অদিতি সাহা, জান্নাতুল, নাফিসা ও শেখ নাজমুল দৌড়ে চলে যায় মাঠে। ভিন্ন ধর্ম আর সংস্কৃতির হলেও খেলার মাঠে সবাই এক হয়েই খেলে। হয় ক্রিকেট-ফুটবল বা দৌড়ঝাঁপ। ওরা সবাই পড়ে রাজধানীর মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজে।
২০০৪ সালে ‘মানবিক মূল্যবোধের অনুষঙ্গে সুন্দর জীবনের জন্য শিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে এ কলেজের যাত্রা শুরু। বর্তমানে কলেজটিতে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
এ কলেজের শিক্ষার্থী অনন্যা চাকমা, যার গ্রামের বাড়ি রাঙামাটির দেবাশীষনগর এলাকায়। এবার মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। অনন্যার স্বপ্ন বড় হয়ে সে প্রকৌশলী হবে। অনন্যার যেমন আদিবাসী বন্ধু আছে, তেমনি আছে বাঙালি বন্ধুও। অনন্যা বলে, ‘আমার অনেক ধরনের বন্ধু আছে। আমি ভীষণ আনন্দ নিয়ে পড়ার সুযোগ পাই। অনেক ধর্ম আর সংস্কৃতির ভিড়ে আমি অনেক কিছু শিখতে পারি।’ শিক্ষার্থী সালেহ বলে, ‘আমরা ভিন্ন ধর্মের মানুষ হলেও অন্য ধর্মের উৎসবগুলোয় নিয়মিত অংশ নিই। আমাদের বন্ধুত্বের শক্তি অনেক বড়।’
মিরপুরের আদিবাসী বৌদ্ধদের উপাসনালয় শাক্যমুনি বৌদ্ধবিহার। এই বিহারের এক পাশেই বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের সবুজ ক্যাম্পাস। আদিবাসী ও বাঙালিদের দীর্ঘদিনের ভাষাগত আর সাংস্কৃতিক দূরত্ব কমানোর উদ্দেশ্য নিয়ে কলেজটির যাত্রা শুরু। বৌদ্ধভিক্ষু ভেন প্রজ্ঞানন্দ মহাথেরো ১৯৯০ সালে প্রতিষ্ঠার উদ্যোগ নেন এই প্রতিষ্ঠানটি।
বৌদ্ধভিক্ষু প্রজ্ঞানন্দ বলেন, ‘সবার আগে আমরা মানুষ। কিন্তু সমাজ আমাদের একজনকে অন্যজনের থেকে নানা কারণে দূরে নিয়ে যায়। আমরা সেই দূরত্ব কমিয়ে শক্তিশালী ভবিষ্যৎ গড়ার প্রত্যয়েই কাজ করছি।’
কলেজের শিক্ষার্থীরা নিয়মিত বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াডসহ পড়াশোনার বাইরের বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসবের দিনে সবাই মিলে সেই দিবসটি নিয়মিত পালন করে শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ অধীর চন্দ্র সরকার বলেন, ‘শিক্ষার্থীদের অভিন্ন উন্নত মানসিকতা ও মেধা বিকাশ আমাদের লক্ষ্য। সাংস্কৃতিক বৈচিত্র্য যে একটি জাতির জন্য অনেক বড় শক্তি, তা-ই আমরা প্রমাণের চেষ্টা করে চলেছি।’