
অন্য সবার যেমন হয়, ময়মনসিংহের মেয়ে মাহফুজা সেলিমের শুরুর গল্পটাও তেমন। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর চলে আসেন ঢাকায় বড় বোনের বাসায়। ওদিকে ময়মনসিংহ মহাবিদ্যালয়ে চলে স্নাতক পর্যায়ের পড়াশোনা। মাঝেমধ্যে ময়মনসিংহে যেতেন পরীক্ষার সময়। ২০০৯ সালে স্নাতক শেষ করে ভর্তি হন ঢাকার মিরপুর বাঙলা কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে। বিষয় ছিল ব্যবস্থাপনা। স্থায়ী হলেন ঢাকায়।
পড়াশোনার বিষয় যা-ই হোক, মাহফুজা সেলিমের শখ ছিল কম্পিউটার গ্রাফিকস শেখার। ছয় মাসের একটি স্বল্পমেয়াদি কোর্স করে নিলেন পড়াশোনার পাশাপাশি। কোর্স শেষ করার পর বসেই ছিলেন। ‘হঠাৎ একদিন ফেসবুকে স্কুলের বন্ধু লিমনের সঙ্গে কথা হয়। কোথায় আছি কী করছি, সব কিছু জানার পর লিমনই পরামর্শ দিল ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ করার।’ বললেন মাহফুজা। দেশে বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করে দেওয়া অর্থাৎ আউটসোর্সিং বিষয়টাই তখন মাহফুজার কাছে অপরিচিত ছিল। আর আজ আউটসোর্সিংয়ের একজন সফল মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) মাহফুজা সেলিম। পেয়েছেন পুরস্কারও।
বড় বোন সোহেলীর বাসায় কম্পিউটার ছিল, কিন্তু ইন্টারনেট সংযোগ ছিল না। বোনকে ফ্রিল্যান্সিং বিষয়টি বোঝানোর পর তিনি একটি মডেম কিনে দেন। শুরু হলো ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে মাহফুজার পথ চলা। ২০১১ সালের জানুয়ারি মাসে আউটসোর্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট (মার্কেটপ্লেস) ওডেস্কে কাজ শুরু করেন মাহফুজা সেলিম। এলাম দেখলাম জয় করলাম, এমনটা ঘটেনি মাহফুজার ক্ষেত্রে। প্রায় চার মাস কেটে গেল কাজের খোঁজে। ‘প্রথম যে কাজটা পাই সেটার পারিশ্রমিক ছিল মাত্র দুই ডলার।’ ধীরে ধীরে কাজের গতি বাড়তে থাকে। মাহফুজারও আয় বাড়ে। এখন প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করেন তিনি।
মাহফুজা সেলিম বললেন, ‘একসময় ধৈর্য ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছি। বিশ্বাস ছিল, ভালো কাজ করলে টাকা এমনিতেই আসবে। তবে শুধু টাকা আয়ের জন্য আউটসোর্সিং করি না। এটুকু মাথায় রেখে কাজ করি, আমি একজন বাংলাদেশি। আর আমি কাজ করছি বাইরের গ্রাহক বা ক্রেতাদের সঙ্গে, আমার পরিচিতির সঙ্গে বাংলাদেশের পতাকা আছে।’
সফল ফ্রিল্যান্সার হিসেবে চলতি বছরের বেসিস আউটসোর্সিং পুরস্কার পেয়েছেন মাহফুজা। তাঁর বাবা মো. সেলিম একজন ব্যবসায়ী ও মা জাহেদা বেগম গৃহিণী। শুরুর দিকে মাহফুজা ১৪ থেকে ১৫ ঘণ্টা আউটসোর্সিংয়ে সময় দিতেন। এখন দেন চার থেকে পাঁচ ঘণ্টা। মাহফুজা এখন চান নিজের একটি দক্ষ দল নিয়ে এগিয়ে যেতে।