ঘোষণার ১৯ বছর পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘সিভিল ল ডক্টরেট’ সম্মাননা গ্রহণ করলেন মিয়ানমারের (বার্মা) অবিসংবাদিত নেত্রী অং সান সু চি। নোবেলজয়ী সু চি ষাটের দশকে অক্সফোর্ডের সেন্ট হাগস্ কলেজে পড়েছেন দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে। আশির দশকে অক্সফোর্ডে কেটেছে তাঁর পারিবারিক জীবন। দীর্ঘ গৃহবন্দিত্বের অবসানের পর ২০ জুন ২০১২ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি এই বক্তৃতাটি দেন।আজকে আমার জীবনের অনেকগুলো মোড় যেন একসূত্রে এসে মিলেছে। মনে পড়ছে সেন্ট হাগ্স কলেজে শিক্ষার্থী হিসেবে কাটানো সেই বছরটি; পার্ক টাউনে একজন স্ত্রী এবং মা হিসেবে কাটানো সেই দিনগুলো। মনে পড়ছে, সেই বছরটি, যে বছর আমি গৃহবন্দী হলাম, যখন পুরো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়—আমার বিশ্ববিদ্যালয়—আমাকে সমর্থন করে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। অক্সফোর্ডে কাটানো এমন সুখকর মুহূর্তগুলোই আমার জীবনের কঠিন দিনগুলোতে প্রেরণা জুগিয়েছে। দুঃসহ চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য সেই স্মৃতিগুলো আমার ভেতরের শক্তিকে জাগিয়ে দিয়েছিল।এই স্মৃতিগুলো সব কিন্তু খুব সাধারণ। আমি হয়তো বন্ধুদের সঙ্গে শেরওয়ালে বেড়াতে গিয়েছিলাম কিংবা কলেজ প্রাঙ্গণে বসে বই পড়েই কাটিয়েছিলাম। কিংবা লাইব্রেরিতে বসে বইয়ের দিকে না তাকিয়ে উদাসভাবে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। কিন্তু দিনগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। কারণ, তখন আমার জীবনটা ছিল অসাধারণ আনন্দের। সেই আনন্দের জীবনটাই আমাকে বুঝিয়ে দিয়েছে মিয়ানমারের তরুণ প্রজন্মের চাওয়াকে, যারা এমন একটা জীবন চায়, যে জীবনের স্বাদ পাওয়ার সুযোগ এবং বাস্তবতা তাদের নেই।আজ যখন আমি অক্সফোর্ডকে দেখি, এখানকার শিক্ষার্থীদের দেখি (এই গতকালও আমি ঘুরে বেড়িয়েছি আমার সেন্ট হাগস্ কলেজে) আমি আমার মধ্যে সেই তরুণ সু চিকে খুঁজে পাই—স্বাধীন, নির্ঝঞ্ঝাট, চমৎকার। আমার অক্সফোর্ডের দিনগুলোর কথা খুব মনে পড়ে। মনে পড়ে আমার প্রিয় বন্ধু অ্যানের সঙ্গে বাসে করে যেতে যেতে ছোটখাট নানা বিষয়কে দর্শনতত্ত্ব বানিয়ে ফেলার সময়গুলো। পৃথিবী তো আসলেই নানা বৈচিত্র্যে গড়া। তবে সেটা নিয়ে আমরা ভীত ছিলাম না। ভিন্নতার জন্যই আমরা শক্তিশালী। এখানে আমাদের শিখিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন সমস্যায় আমরা কীভাবে নিজেদের প্রস্তুত করে চলব। আমি এখানে ‘জন লো ক্যারের’ কথা স্মরণ করতে চাই, যাঁর বই আমার গৃহবন্দিত্বের সময় অনেক সাহায্য করছিল। এতে ছিল মুক্তির কথা, বৃহত্তর এই পৃথিবী ভ্রমণের কথা। এক দেশ থেকে অন্য দেশে সফর নয়, চিন্তা আর ধ্যান-ধারণার সফর। এই সফরের প্রেরণাই মানবসমাজ থেকে আমাকে দূরে সরিয়ে দিতে পারেনি। আমি কখনো একা ছিলাম না। আমার পদচারণ ছিল বিস্তৃত। আর এ সবকিছু সম্ভব হয়েছে অক্সফোর্ডের ক্যাম্পাসে এবং বন্ধুদের সঙ্গে কাটানো আমার সেই সুন্দর দিনগুলোর জন্য। আমি চাই, আমাদের তরুণেরা জানুক কেমন অনুভূতি হয় যখন এই পৃথিবীটা তাদের এবং তারাই এই পৃথিবীর সব। এতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে সাবালক হয়ে উঠবে।আমার কাছে অক্সফোর্ড সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এখানে আমি যা শিখেছি, সেগুলো টেক্সট বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমি এখানে মানবসভ্যতাকে সম্মান করতে শিখেছি। আমি প্রায়ই ভাবি, গত কয়েক যুগ ধরে মিয়ানমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ক্যাম্পাসজীবনবিহীন দুঃসহ অভিজ্ঞতার কথা। ক্যাম্পাসজীবন মানেই যেখানে আমাদের তরুণ প্রজন্ম তাদের মতো করে পৃথিবীকে গড়ে তুলবে; তাদের নিজেদের পৃথিবীকে নির্মাণ করবে নিজেরাই। কিন্তু মিয়ানমারে তাদের একটি শৃঙ্খলে রাখা হতো। সবাই জানে, তরুণকে শৃঙ্খলে বেঁধে রাখা যায় না, নিয়মে বেঁধে রাখা সম্ভব নয়। তাই আমি মিয়ানমারের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই সোনালি সুযোগ গড়ে দিতে চাই। আর আমি খুবই কৃতজ্ঞ হব যদি আমার বিশ্ববিদ্যালয়—অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়—সেটি গড়তে সাহায্য করে।আমার অক্সফোর্ড জীবনে আমি-ই একমাত্র মিয়ানমার থেকে পড়তে এসেছিলাম। প্রথম বছরগুলোতে আমার দেশের কোনো বন্ধু ছিল না। মূলত ইংরেজ আর ঘানা, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে আগতরাই পড়ত সেখানে। কিন্তু আমার কখনো নিজেকে আলাদা মনে হয়নি। সবাই আমরা যেন এক ছিলাম—আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটি জাদুমন্ত্রের মতো আমাদের বেঁধে রেখেছিল, যা কোনো ধর্ম, বর্ণ, জাতীয়তা কিংবা শিক্ষাগত যোগ্যতা আলাদা করতে পারবে না। অক্সফোর্ড ছিল আমাদের মুক্তমনকে বিকশিত করার স্থান। ছিল না কোনো পক্ষপাতিত্ব। প্রত্যেকে এখানে ধারণ করে আছে নিজেদের মূল্যবোধ এবং সম্মান। মিয়ানমারে মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমি এই মূল্যবোধকেই ধারণ করে ছিলাম। মিয়ানমার একটি নতুন পথ প্রতিষ্ঠায় শুরুতে দাঁড়িয়ে। ইংল্যান্ডের মতো আমাদের এই পথ সহজ নয়। আমাদের এই পথ পাড়ি দিতে হবে এবং সামনে এগোতে হবে। মিয়ানমারকে নিয়ে অনেকের আশার শেষ নেই। তারা ভাবছে, লন্ডন থেকে অক্সফোর্ডের পথের মতোই হাইওয়েতে দাঁড়িয়ে আমরা। কিন্তু আমি বলব, এই পথের প্রতিটি ইঞ্চি আমাদের নির্মাণ করতে হবে এবং আমি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।আমি আজ আমার পুরোনো কলেজে ফিরে আসতে পেরে গর্বিত। এমন সম্মাননা পেয়ে, অক্সফোর্ডের শিক্ষার্থীদের মধ্যে আসতে পেরে আমি উদ্বেলিত। আমি যেন আমাদের অক্সফোর্ড শিক্ষাজীবনে ফিরে গেছি। তাই তোমাদের চেয়ে আমাকে তেমন আলাদা মনে হয় না। তবে আমার অর্জিত অভিজ্ঞতা নতুনদের থেকে আলাদা। সামনের পথ আমার জন্য সহজ নয়। কিন্তু আমি জানি, অক্সফোর্ড আমার কাছে সবচেয়ে সেরাটাই আশা করে।তাই আজ অক্সফোর্ড তার মধ্যেই আমাকে ধারণ করে নিয়েছে। অক্সফোর্ডের কাছ থেকে এ অর্জিত প্রেরণাই আমাকে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার শক্তি জোগাবে।সূত্র: ওয়েবসাইট, ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: শিখ্তী সানী