রাহুল গান্ধী। ভারতের তরুণ রাজনীতিবিদ এবং লোকসভার সদস্য। জাতীয় কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। ২০০৯ সালের ১৯ আগস্ট রাজীব গান্ধী ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।এখানে এসে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি, আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষার্থীই নয়, অভিভাবক ও এই শিক্ষাপ্রতিষ্ঠানের সবার কাছেই দিনটি স্মরণীয় হয়ে থাকবে, এ বিষয়ে সন্দেহ নেই। শিক্ষাজীবনের এই অসাধারণ দিনটিতে সবাইকে আমার অভিনন্দন।একজন রাজনীতিবিদ হিসেবে আমাকে দুটো ভূমিকায় কাজ করতে হয়। প্রথমে রাজনীতিবিদ হিসেবে সবকিছু বড় আকারে দেখতে হয়, যাতে আমি সমস্যাগুলো বুঝতে পারি এবং এর সমাধানের জন্য কাজ করতে পারি। দ্বিতীয়ত, একজন মানুষ হিসেবে আমার চেষ্টা থাকে বিবেকের কাছে জবাবদিহি করা এবং কিছু নৈতিকতা মেনে চলা, যা খুবই গুরুত্বপূর্ণ। আজ বলব তোমাদের বয়সে আমার ভাবনাগুলো কেমন ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার আলোকে কীভাবে তা বদলে গেল, সেসব কথা। শুরুতেই রাজনীতিবিদ হিসেবে কেন সবকিছু বড় করে ভাবতে হয় তা বলি। খুব শিগগির জনসংখ্যার দিক থেকে চীনকে পেছনে ফেলবে ভারত। পৃথিবীর সবচেয়ে জনসংখ্যাবহুল দেশ হওয়ার কারণে আমাদের কিছু দায়িত্ব আছে। স্বাধীন হওয়ার পর গত ৬০ বছরে আমরা কঠোর পরিশ্রম করেছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ‘কিচ্ছু হবে না এই দেশের, কচ্ছপের গতিতে চলছে সব’—এসব বলে অভিযোগ করতে দেখা যায় অনেককেই। কিন্তু ঠিকমতো সব দিক বিবেচনা করে যদি দেখি, তবে দেখা যাবে, আমাদের অর্জন কম নয়।৬০ বছর আগে দারিদ্র্যের চিহ্ন ছিল সব জায়গায়। দেশের ভিন্ন ভিন্ন জায়গার মানুষের একত্র হয়ে কাজ করার মানসিকতাও ছিল না। কয়েক বছর আগেও আমেথি, রায়বেরিলিসহ ভারতের আরও কয়েকটি জায়গায় ছিল না কোনো পাকা রাস্তা, বিদ্যুৎ, বিদ্যালয় ও স্বাস্থ্যসেবাকেন্দ্র। গ্রামের মানুষ ছিল শহর থেকে বিচ্ছিন্ন।গত ৬০ বছরে আমাদের সবচেয়ে বড় সফলতা হলো সব জায়গার এই বিচ্ছিন্ন মানুষগুলোকে একত্র করা। আমরা তাদের একত্র করেছি বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও উন্নত যোগাযোগব্যবস্থার মাধ্যমে। এ ছাড়া গত ২০ বছরে তথ্যপ্রযুক্তির উন্নতি আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় একটি ভূমিকা পালন করেছে।আমরা একটি দরিদ্র জাতি হিসেবে যাত্রা শুরু করলেও বদলে যাচ্ছে সবকিছু। সমগ্র ভারতকে এখন দুটো অংশে ভাগ করা যায়। এক অংশ খুবই উন্নত এবং মানুষগুলো বিচ্ছিন্ন নয়। উদাহরণস্বরূপ বলা যায় দিল্লি, লক্ষৌ, বেঙ্গালুরুর মতো দেশের বড় শহরগুলোর কথা। এরা ধনী এবং সামনের দিকে এগিয়েও যাচ্ছে খুব দ্রুত। অপর অংশের মানুষ খুব দরিদ্র এবং একে অপর থেকে বিচ্ছিন্ন। ভারতের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষই হচ্ছে এমন। চাকরির মাধ্যমে বিচ্ছিন্ন মানুষগুলোকে একত্র করা এবং দেশের উন্নতির চেষ্টা করেছি সবাই। ফলাফল, গত ৩০ থেকে ৪০ বছরে খুব দ্রুত এগিয়ে গিয়েছি সামনের দিকে। গত ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বলতে পারব, অর্থের অভাব নেই আমাদের। ভারতের একত্রিত মানুষগুলো এখন দ্রুত এগোচ্ছে সামনের দিকে।পৃথিবীর অন্য দেশগুলো যখন অর্থনৈতিক মন্দা নিয়ে হতাশায় ছিল, তখনো আমাদের উন্নতির হার ছিল সাত শতাংশ। তাই আমরা এখন ঠিক করেছি, ভারতের অনুন্নত জায়গাগুলোকে উন্নত করার লক্ষ্যে কাজে নামব। আর এ কাজে থাকবে তোমরা, তরুণেরা। সবাইকে একত্র করার জন্য তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগব্যবস্থা—সব ক্ষেত্রে কাজ করতে হবে আমাদের।তরুণদের দায়িত্ব এ দেশের প্রতিটি মানুষ যেন ভারতসহ সমগ্র পৃথিবীর অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারে, সেটা নিশ্চিত করা। এভাবে কাজ করতে পারলেই বদলে দেওয়া যাবে অনুন্নত জায়গাগুলোকে।অনেক শিক্ষার্থীই আমাকে বলেছে, এরপর তারা চাকরি করবে। জীবনে থিতু হওয়ার চেষ্টা করবে। চাকরি করা মানে দেশকে ভুলে যাওয়া নয়। এর মাধ্যমেই তোমরা দেশের জন্য কাজ করে যাবে। তোমরা প্রকৌশলীরা যখন সেতু তৈরি করবে, বুঝবে দুটো অংশকে তোমরা একত্র করতে যাচ্ছ। চাকরির সত্যিকারের মানেটা উপলব্ধি করতে হবে সবাইকে। অনেকে হয়তো চাকরির বাইরেও দেশের জন্য অনেক কিছু করবে। আমি শুধু বলতে চাই, যে যেখানেই থাকুক না কেন, তারা যেন ভারতের এই দুটো অংশকে একত্র করার জন্য কাজ করে।এখন আমি বলব, তোমাদের বয়সে আমার ভাবনাটা কেমন ছিল, তখন আমি পৃথিবীটাকে কীভাবে দেখতাম এবং এখন কীভাবে বদলে গিয়েছে আমার ভাবনাগুলো। এটা একটা বিশাল পরিবর্তন। তখন আমার কাছে সব সমস্যার সমাধান আছে বলে মনে করতাম। কেউ কোনো বিষয়ে প্রশ্ন করলেই না ভেবে জবাব দিতাম ঝটপট। আমার নিজস্ব কিছু ভাবনা ছিল, যা দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে এমন ধারণা ছিল। কিন্তু এমন করে ভেবে কাজ করতে যাওয়াটা ভুল। সবারই নিজস্ব কিছু ভাবনা থাকে। কিন্তু সে ভাবনা থেকে কাজ করতে যাওয়ার আগে ভালো করে ভেবে নিতে হবে। অন্যদের সঙ্গে কথা বলে যাচাই করে নিতে হবে সব। শুনতে হবে অন্যদের কথা। দিতে হবে তাদের মতামতের মূল্য। জ্ঞানার্জনের জন্য এটা খুবই ভালো একটা উপায়। সবার কাছ থেকেই শেখার কিছু না কিছু আছে। এভাবে কাজ করতে গিয়ে অনেক পরিকল্পনাই বাদ দিতে হয়েছে আমাকে। এতে ক্ষতি নেই। আরও ভালো, নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করতে পেরেছি আমি পরবর্তীকালে। আজ যে ভাবনাকে তুমি নিখুঁত মনে করছ, কাল সেটির খুঁত বের হলে অবাক হওয়ার কিছু নেই। কারণ, এ পৃথিবীতে কেউই আমরা নিখুঁত নই। প্রতিনিয়ত নিজের ভাবনাগুলো নিয়ে নিজেকে প্রশ্ন করতে থাকো। কাউকেই অবহেলা করা যাবে না। আমি খুবই ভাগ্যবান যে দেশের অনেক জায়গায় আমি গিয়েছি। কথা বলেছি দরিদ্র মানুষের সঙ্গে। কথা বলেছি তাদের দুঃখ-দুর্দশা নিয়ে। কৃষক থেকে শুরু করে প্রকৌশলী, চিকিৎসক—কারও কথাই ফেলনা নয়। একজন কৃষকও হয়তো কাজের ব্যাপারে তোমাকে দারুণ সাহায্য করতে পারেন। দরিদ্র মানুষগুলোর সঙ্গে কথা বলতে গিয়ে আমি অনেক কিছু জেনেছি। আমি জানি না এমন অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে।সুতরাং, দুটো বিষয়ে নজর রাখা জরুরি। এক. নিজের চিন্তাভাবনা সঠিক কি না, তা নিজেসহ অন্যদের প্রশ্ন করা এবং তাদের মতামত জানা। দুই. যার কাছ থেকে তুমি শিখতে পারলে তাকে শ্রদ্ধা করা। তুমি শিক্ষিত, তাই তুমি সবকিছু জানো—এমনটা ভাবা খুবই ভুল। কোনো ভাবনা ভুল প্রমাণিত হলে নিশ্চিত থাকো, আরও ভালো কোনো ভাবনা ধরা দেবে তোমার কাছে।সবশেষে বলছি, তোমাদের মধ্যে আসতে পেরে আমি গর্বিত। অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই এবং তোমরা তরুণ শিক্ষার্থীদের জানাই ধন্যবাদ। তোমরা ছাড়া এ দিনটি কখনোই এত সুন্দর হতো না।সূত্র: ওয়েবসাইট, ইংরেজি থেকে অনুবাদ: কিঙ্কর আহ্সানkingkor_ehsan@ yahoo.com