শিখতে হলে ছায়ানটে
রিভুর বয়স কতই বা আর হবে। এই তো বছর সাতেক। ছোট্ট মানুষটি মা দিবসের বিকেলে উদাস চোখে তাকিয়ে ছিল আকাশপানে। হঠাৎ ঘাড় ফিরিয়ে মায়ের পানে চাইল, আর নরম গলায় বলল—‘মা, আকাশটা কত সুন্দর দেখো! মা দিবসে এই আকাশখানা আমি তোমায় উপহার দিলাম।’মা তন্দ্রার মনে গুনগুনিয়ে ওঠে সুখের ভোমরা। ছেলের কপালে আলতো আদর দিয়ে ভাবেন, ছেলের ওপর কারও নজর না পড়ে!কিংবা ধরুন মিফতার কথা, ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেয়ে, শুনেই অনেকে আঁতকে উঠে ভাবেন—এই রে, এই বুঝি শুরু হলো টকাস টকাস শব্দে ইংরেজির ঢিল পড়া! কিন্তু যাঁরা মিফতাকে চেনেন, তাঁরা জানেন, দিনশেষে ঘরে ফেরা কর্মক্লান্ত বাবার মন তখনই শান্ত হয়, যখন তিনি শোনেন মিফতা হারমোনিয়ামে সুর তুলেছে—সদা থাকো আনন্দে! মিফতা যে গান শেখে ছায়ানটে। চাইলেই কি সে বাদ দিতে পারবে তার শুদ্ধ সংস্কৃতিমনা আত্মাকে? এর শিকড় যে আত্মার অনেক বেশি গভীরে পোঁতা।‘ছায়ানট শুদ্ধ সংস্কৃতিচর্চায় বিশ্বাস করে। ছায়ানট বাঙালিয়ানার স্বপ্ন দেখে। ছায়ানট বলে, বাঙালির কোনো সাম্প্রদায়িকতা নেই। বাঙালির কোনো জাতিভেদ নেই। বাঙালির জাতীয়তাবাদ আছে। আর তা হলো বাঙালি শুধুই বাঙালি। বাঙালির শিকড় শুদ্ধ সংস্কৃতিচর্চাতেই রোপিত’—বলছিলেন ছায়ানটের সিনিয়র শিক্ষক ও রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক।বাংলায় কথা বলে অথচ ছায়ানটকে চেনে না, এমন বাঙালি পাওয়া ভার। রমনা বটমূলে পয়লা বৈশাখের প্রথম প্রভাতে তাঁরাই তো ছায়ানটের অস্তিত্ব জানিয়ে দেন প্রত্যেক বাঙালিকে। শুধু কি পয়লা বৈশাখ? ছায়ানট গানে, সুরে, নূপুর-নিক্বণে মাতিয়ে রাখে জাতীয় দিবস, রবীন্দ্র-নজরুল স্মরণ, ঋতু উৎসব, লোকসংগীত উৎসব, শুদ্ধ সংগীত উৎসব, নৃত্য উৎসব।শুধু উৎসব-পার্বণ মাতিয়ে রাখা নয়, দায় ও ঐতিহ্যের ফেরে ছায়ানট সব দুর্যোগ-দুর্বিপাকে বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। ষাটের দশকের শুরুতে যেবার দেশের দক্ষিণ উপকূলে গোর্কি আঘাত হানল, সেবার উপদ্রুত এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছিল ছায়ানট। গান গেয়ে গেয়ে, ভিক্ষামিছিল করে পথচারী, রিকশাচালক, মায়ভিখারিদের কাছ থেকে পাঁচ পয়সা, দশ পয়সা করে নিয়ে জমিয়েছিল ৫০ হাজার টাকা! সেই সংগ্রহের অনেকাংশ দুর্যোগকালের আশ্রয়স্থল ও দুটি বিদ্যালয়ের ভবন উন্নয়নে দান করেছিল। একাত্তরে মুক্তিযোদ্ধাদের গান শুনিয়ে আশা আর উদ্দীপনা দিত যে মুক্তিসংগ্রামী শিল্প সংস্থা, এর প্রায় সবাই ছিলেন ছায়ানটের শিল্পী।‘ছায়ানট আমার স্বপ্নের মতো সুন্দর। এত দিন চলে গেছে, তবু এই স্বপ্নের জগৎ থেকে বের হতে পারিনি। কোনো ইচ্ছাও নেই অবশ্য, কারণ ছায়ানটে এসে স্বপ্ন আমার সত্যি হয়েছে’—বলছিলেন ছায়ানটের নজরুলসংগীত বিভাগে পড়ুয়া বর্ষা। তানপুরায় সুর শুনতে শুনতে খাবার খেতেন ছোটবেলায়। গান গেয়েছেন বড় হওয়ার আগেই। গান তাঁর জন্য নতুন কিছু নয়। তবু যেদিন ছায়ানটে গান শেখার জন্য নির্বাচিত হয়েছিলেন, আবেগ সামলাতে পারেননি—‘ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম। পরিশুদ্ধ বাঙালিয়ানা আর শুদ্ধ মনের চর্চার কেন্দ্র, আমার স্বপ্নের জগৎ!’বোঝা অসম্ভব, আসলে কী এই ছায়ানট? ১৯৬১ থেকে ২০১১ সাল—এতগুলো বছর বাঙালিকে মুগ্ধ করে রেখেছে কোন সে অচেনা তান? তারই একটু আভাস দিলেন ছায়ানটের শিক্ষক লাইসা আহমেদ লিসা। বললেন, ‘ছায়ানট শুধু গায়কির যত্ন নেয় না, ছায়ানটে কদম রাখা সবার পোশাক, কথা, আচরণ, মন, মনন ও বিবেক—সবকিছুই শুদ্ধ করে তোলে মনের অজান্তে। ছায়ানটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাক— মেয়েদের ফ্রক, শাড়ি আর ছেলেদের ফতুয়া ও পাঞ্জাবি। আপন সংস্কৃতির গভীরে না যেতে পারলে আত্মশক্তিতে আস্থা আসবে না যে!’কপালে টিপ, পরনে হালকা পাড়ের দেশি শাড়ি আর গলায় শুদ্ধ বাংলা শব্দের ঝংকার, এই তো ছায়ানটের মেয়ে! সেই ১৯৮৭ সালে শিক্ষার্থী হয়ে ছায়ানটে পা রেখেছিলেন অনিন্দ্য রহমান। আর কদম ফেরেনি অন্য কোনো পথের পানে। এখনো ছায়ানটের পথসঙ্গী তিনি। কাজ করছেন কার্যনির্বাহীর পদে। বললেন, ‘শিখতে এসেছিলাম গান, কিন্তু গানের বাইরে যে মানবিকতা বোধটুকু পেয়েছি, তা-ই গেঁথে গেছে মনে। এই বোধটুকু, মানবিক বিকাশটুকুর কাছে যেন গানটাই তুচ্ছ হয়ে গেছে। গায়ক নয়, নিজেকে শুদ্ধ মানুষ ভাবতেই স্বস্তি পাই বেশি।’ছায়ানট তো তা-ই চায়। শুদ্ধ বাঙালি সংস্কৃতির চর্চা বিকশিত হবে, বাঙালি প্রতিক্ষণ শুদ্ধ বাঙালি হবে, অপসংস্কৃতির কালো ছায়া থেকে রক্ষা করবে সবুজ মনখানা। আর তাই ফিরে আসতে হবে মাটির মায়ের বুকে, রবীন্দ্রনাথ-নজরুলের কাছে।মিতা হক বলছিলেন, ‘কচি মনকে কিছু বোঝানোর শুরুতে বড়দের বুঝতে হবে, তার শিকড় কোথায়? ঘরে যদি সারাক্ষণ বেজে চলে হিন্দি-ইংরেজি, শিশু বড় হবে ঠিকই, কিন্তু ভেসে বেড়াবে কচুরিপানার মতো। আপন মাটি থেকে তো তাকে প্রথমেই সরিয়ে দেওয়া হয়েছে।’শিকড়ের সন্ধানেই তাই বাঙালি-মন বারবার ছুটে আসে ছায়ানটের কাছে। ছায়ানট শুধুই ঢাকাকেন্দ্রিক, তাই বলে কি ঢাকার বাইরের মানুষ পাবে না ছায়ানটের ছায়া? মিতা হক জানালেন, ছায়ানটেরই অঙ্গসংগঠন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। দেশের প্রতিটি জেলায় আছে এর শাখা। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদে যুক্ত হয়েও থাকবেন ছায়ানটেরই শাখায়। আর যাঁরা ঢাকায় থাকেন, তাঁরা প্রতি বৈশাখের শুরুতেই পরীক্ষা দিয়ে শুরু করতে পারেন ছায়ানটের ছায়ায় পথচলা।