‘নগর’ শব্দটি শুনলেই প্রথমে আমাদের মাথায় যা আসে, তা হলো যানজট, কোলাহল, ঘনবসতিপূর্ণ কোনো এলাকা। এমন কথা মাথায় আসার প্রধান কারণ হচ্ছে, দেশের প্রধান নগরগুলোর বর্তমান অবস্থা। কিন্তু নগর বলতে কি সত্যিই তা-ই বোঝায়? না, পৃথিবীর উন্নত দেশের শহরগুলোর দিকে তাকালেই আমরা বুঝতে পারব, নগর হচ্ছে সব রকম নাগরিক সুবিধা-সংবলিত পরিকল্পিত এলাকা। তাহলে আমাদের দেশের নগরগুলোর অবস্থা এমন কেন? এর প্রধান কারণ সঠিক পরিকল্পনার অভাব। তাই সময়ের চাহিদা পূরণে ‘পরিকল্পিত নগরায়ণ ও সুষম উন্নয়ন’-এর জন্য প্রয়োজন দক্ষ পরিকল্পনাবিদ।সৃজনশীল কাজের প্রতি আগ্রহ থাকলে আপনিও হয়ে উঠতে পারেন একজন পরিকল্পনাবিদ। এ জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিষয়ে স্নাতক (বিইউআরপি) কিংবা স্নাতকোত্তর (এমইউআরপি) ডিগ্রি অর্জন করতে হবে।বাংলাদেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের যাত্রা শুরু ১৯৬২ সালে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুয়েট ও রুয়েটেও আপনি এই বিষয়ে পড়তে পারবেন। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা এই বিষয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে ভর্তি হওয়ার ন্যূনতম যোগ্যতা বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন হয়ে থাকে।এই বিভাগে কেন পড়তে এলেন, এক আড্ডায় এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান তাঁদের অনুভূতি। ফাতেমা তুজ জোহরা বলেন, ‘ইচ্ছা ছিল প্রকৌশলী হব। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলেও এখানে তো প্রকৌশল বিষয়ে পড়তে পারছি, আমি তাতেই খুশি।’ মাফরুহা সুময় বলেন, ‘যুগোপযোগী এবং সৃষ্টিশীল বিষয় নগর ও অঞ্চল পরিকল্পনা। নগরায়ণের সঙ্গে সঙ্গে বাড়বে এ পেশার চাহিদাও।’ ওয়ারেসুল হাসান বলেন, ‘আমি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে পড়তে পেরে খুবই আনন্দিত। কারণ, এখানে সৃজনশীলতা এবং নিজস্ব চিন্তাভাবনাকে বিকশিত করার যথেষ্ট সুযোগ রয়েছে।’ আবু জুবাইর বলেন, ‘চেয়েছিলাম এমন একটি বিষয়ে পড়তে, যেখানে শুধু তাত্ত্বিক বিষয় নয়, ব্যবহারিক শিক্ষার সুযোগ অনেক বেশি। নগর ও অঞ্চল পরিকল্পনা এমনই একটি বিষয়।’এই বিভাগ থেকে পড়াশোনা করে কাজের সুযোগ রয়েছে কোথায়? এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক আফসানা হক জানান, একজন পরিকল্পনাবিদের দেশে ও দেশের বাইরে কাজ করার রয়েছে প্রচুর সুযোগ। এক গবেষণায় দেখা গেছে, পরিকল্পনাবিদের দুই-তৃতীয়াংশই কাজ করেন স্থানীয় সরকারের সঙ্গে। ধারণা করা হচ্ছে, ২০১৩ থেকে ২০২০ সালে পরিকল্পনাবিদদের নিয়োগ ১৬ শতাংশ বেড়ে যাবে, যা অন্য সব পেশার তুলনায় বেশি। একই সঙ্গে বাংলাদেশেও দিন দিন এটি একটি সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে।সাভার পৌরসভার পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা, বিশেষ করে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা খুবই জরুরি। এটা শুরু করতে হবে একেবারে দুই পর্যায় থেকে শুরু করে বৃহৎ পরিসর পর্যন্ত। এ জন্য যেমন দরকার সরকারি পর্যায়ের সাহায্য, তেমনি প্রয়োজন আমাদের সদিচ্ছা। আমরা অনেকেই পরিকল্পনাবিদ হয়ে দেশের বাইরে চলে যাই। কিন্তু আমার মনে হয়, সেটা না করে দেশের স্বার্থে আমাদের দেশেই থেকে যাওয়া উচিত এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশের সুষ্ঠু ও সুষম উন্নয়ন নিশ্চিত করা উচিত।’