সাংসদ মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে শিগগির ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে। বিগত সরকার এ কমিউনিটি ক্লিনিকগুলো ধ্বংস করার পাঁয়তারা করেছিল বলে তিনি মন্তব্য করেন।২৩ জানুয়ারি মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিত্সাশিবির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় চিকিত্সাশিবিরের উদ্বোধন করেন তিনি। বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) চট্টগ্রাম শাখার সভাপতি শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন ও রেহানা আখতার এবং চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। মিরসরাইয়ের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তবারক উল্যাহ্ প্রথম আলোকে জানান, চিকিত্সাশিবিরে প্রায় দুই হাজার রোগীকে ব্যবস্থাপত্র ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়েছে।