শিঙাড়াচার

প্রাইমারি স্কুলে পড়ার সময়ের ঘটনা। আমার বেশ ভালো একটা বন্ধু ছিল। নাম জয়নাল। ক্লাসে সব সময় একসঙ্গে বসতাম আমরা। ক্লাস চলাকালীন মজা করে একজন আরেকজনের চুল, শার্ট টানাটানি করে মোটামুটি একটা ‘সিন ক্রিয়েট’ করে ফেলতাম। এ জন্য শিক্ষকের হাতে ১২ ইঞ্চি কাঠের স্কেলের বাড়িও খেতাম।
আমাদের টিফিন ছুটি ছিল প্রায় ৩০ মিনিটের। টিফিন খাওয়া ও খেলার জন্য সেটা বিস্তর সময়। আমাদের দুই বন্ধুরই টিফিন খাওয়া নিয়ে নানা চিন্তা মাথায় আসত। একেক সময় একেকটা রেসিপি তৈরি করে ফেলতাম। তার মধ্যে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ছিল ‘শিঙাড়াচার’ খাবারটি। শিঙারার সঙ্গে আচার দিয়ে খেতাম আমরা। কিন্তু আমাদের জন্য অভিভাবকদের তরফ থেকে আচার ছিল অবৈধ খাবার, তাই যৌথ প্রযোজনায় তৈরি হতো এই শিঙাড়াচার ।
আমি নিয়মিত দুটো করে শিঙাড়া কিনতাম আর জয়নাল কিনত আচার। তেঁতুলের মিষ্টি আচার নিয়ে সেটাকে সসের বিকল্প বানিয়ে শিঙাড়ায় লাগিয়ে খেতাম। একেবারে অমৃতসম খাবার! একটা সময় পরে ক্লাসের অনেকেই এই শিঙাড়াচারের ভক্ত হয়ে যায়। প্রথম প্রথম আমাদের কাছ থেকে ওরা ভাগ নিত, পরে নিজেরাই কিনে খাওয়া শুরু করে।
তৌহিদুল ইসলাম চৌধুরী
পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।