শিনজো আবের ঢাকা সফরে টোকিওতে প্রেস ব্রিফিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিনজো আবে
শিনজো আবে

এ প্রতিবেদন যখন প্রকাশিত হবে তখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সস্ত্রীক দুই দিনের সফরে বাংলাদেশে। তাঁর এই সফর উপলক্ষে গতকাল (৫ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আবের বাংলাদেশ সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়।

সম্মেলনে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের একজন পরিচালক প্রথমে এই সফরের উদ্দেশ্য, সফরসূচি ও বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে অগ্রসরমাণ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আন্তর্জাতিক প্রেস বিভাগের কর্মকর্তা, জাপান ও বহির্বিশ্বের সাংবাদিকসহ টোকিওপ্রবাসী কয়েকজন বাংলাদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে স্থানীয়, বাংলাদেশি ও বহির্বিশ্বের সাংবাদিকেরা প্রশ্নোত্তরপর্বে অংশ নেন।

প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের গত ৫ জানুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে জাপান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, এটা পুরোটাই বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। গ্রহণ ও বর্জন, এটা তাদের অধিকার। তবে আমরা বরাবরই নির্বাচন পদ্ধতিতে স্বচ্ছতা ও জনগণের গ্রহণযোগ্যতার দিকে তাকিয়ে থাকি।

সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর স্ত্রী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, নিরাপত্তা সদস্য, ২০ জন সাংবাদিক এবং ব্যবসায়ীদের প্রতিনিধিদল থাকবে। সব মিলে এ সংখ্যা ১৫০ জন।

উল্লেখ্য, ব্যবসায়ী সফরসঙ্গীদের মধ্যে জাপানের বিখ্যাত মিত্সুবিশি ইউএফজে ফিন্যানশিয়াল করপোরেশন ইন্ডাস্ট্রিজ, তোশিবা করপোরেশন, মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, জাপান এক্সটার্নাল ট্রেন করপোরেশন (জেট্রো), নিপ্পন পলিউরিথেন কোং লিমিটেডসহ ২১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

গত মে মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে বাংলাদেশে বিশ্বশান্তি কার্যক্রমের ওপর একটি ট্রেনিং ইনস্টিটিউট ও বহুমুখী পরিকল্পনার কথা বলেছিলেন। তা নিয়েও জাপান সহযোগিতার কথা ভাবছে বলে সম্মেলনে মুখপাত্র উল্লেখ করেন। ভারী শিল্প বিনির্মাণে পর্যাপ্ত সুবিধাসহ বাণিজ্য অবকাঠামো নির্মাণে বাংলাদেশের চেষ্টার কথা উল্লেখ করে বলা হয়, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমারের চেয়ে বাংলাদেশ যেগুলোতে এখনো পিছিয়ে আছে সেগুলোর অগ্রগতি হলে বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়বে বলে আশা করা যায়।

কাজী ইনসানুল হক

টোকিও, জাপান