শিপিং কোম্পানিতে চাকরি করতে হলে...

আদার ব্যাপারীদেরও মাঝে মাঝে জাহাজের খবর রাখতে হয়। কারণ, জাহাজ শুধু পণ্য আমদানি-রপ্তানিই করে না, চাকরিসূত্রে অনেকের অন্ন সংস্থান করে। আর এ চাকরি বেশ আকর্ষণীয়।
বর্তমানে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ সমুদ্রপথে হয়। প্রতিবছর এ কাজে জড়িত থাকে প্রায় আড়াই হাজার জাহাজ, যাদের সিংহভাগই বিদেশি। দেশীয় নিবন্ধিত জাহাজের সংখ্যা এখন ৪৯। এসব জাহাজে নানা পণ্যের পাশাপাশি ট্যাংকারে করে জ্বালানি ও ভোজ্যতেল আনা হয়। এই কর্মযজ্ঞে নানা কাজে যুক্ত আছেন অনেক মানুষ।
কী কী কাজ
দেশি-বিদেশি জাহাজের পরিচালনার জন্য প্রতিটি দেশে বন্দরকেন্দ্রিক শিপিং অফিস রয়েছে। কোনো জাহাজ বন্দরে আসার পর এসব শিপিং অফিস থেকে জাহাজের যাবতীয় কাজের তদারক করা হয়। প্রতিটি জাহাজের ক্ষেত্রে বন্দর, কাস্টমস, নৌ-বাণিজ্য অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তরসহ অনেকগুলো সংস্থা থেকে নানা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আবার জাহাজ বা কনটেইনার পরিবহন পরিচালনাকারী বিদেশি কোম্পানির সঙ্গে প্রতিনিয়ত ই-মেইলে যোগাযোগ করতে হয়। শিপিং অফিসে কর্মরত লোকজনই এসব কাজ সম্পন্ন করেন।
মালিকানার ধরন অনুযায়ী তিন ধরনের শিপিং কোম্পানি রয়েছে দেশে। সরাসরি বিদেশি মালিকানাধীন, দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন এবং জাহাজ পরিচালনাকারী বিদেশি সংস্থাগুলোর স্থানীয় প্রতিনিধি। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল হক চৌধুরী জানান, সমিতির সদস্যভুক্ত প্রায় ৪৫০টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানভেদে ১০ থেকে ৪০ জন পর্যন্ত জনবল থাকে প্রতিটি শিপিং কোম্পানিতে।
যোগ্যতা
শিপিং কোম্পানিতে চাকরি শুরু হয় জুনিয়র এক্সিকিউটিভ পদ থেকে। সাধারণত পদ অনুযায়ী যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পেশায় আসতে পারেন। ইংরেজি ভাষায় পারদর্শী হতে হয়। এ ক্ষেত্রে বেতন-ভাতা নির্ভর করে কোম্পানির ওপর। সাধারণত ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন-ভাতা দেওয়া হয় জুনিয়র এক্সিকিউটিভ পদে। তবে বিদেশি বা দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে এটা আরও বেশি হয়। শিপিং কোম্পানিতে সহকারী ব্যবস্থাপক বা ব্যবস্থাপক পদে সরাসরি নিয়োগের জন্য অভিজ্ঞতা চায় কোম্পানিগুলো।
শিপিং কোম্পানিতে কর্মরত নির্বাহীদের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পর্কে জানতে হয়। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এসব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। নিয়োগের ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। প্রার্থীর যোগাযোগ দক্ষতাও গুরুত্বের সঙ্গে দেখা হয়।
নিয়োগ পদ্ধতি
বড় প্রতিষ্ঠানগুলো নিজস্ব ওয়েবসাইটে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। এ ছাড়া পত্রিকায়, জবস সাইটেও নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। আজকাল চাকরির জন্য অনেকে নিজেদের জীবনবৃত্তান্ত শিপিং কোম্পানিগুলোতে জমা দেন। নিয়োগের প্রয়োজন হলে এখান থেকেও বাছাই করা হয়। শিপিং কোম্পানিগুলোতে বড় পদে সরাসরি জাহাজের ক্যাপ্টেনদের নিয়োগ করা হয়। অভিজ্ঞতার কারণে তাঁদেরকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।