শিপুল আক্তারের মাছের পিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিপুল আক্তার বানান নানা রকম মাছ দিয়ে পিঠা
ছবি: প্রথম আলো

বিয়ের আগে থেকে হেঁশেলের সঙ্গে সখ্য শিপুল আক্তার খানমের। ১৯৯৮ সালে তাঁর বিয়ে হয় ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ভূঁইয়াপাড়া মহল্লার মো. কামরুজ্জামান খানের সঙ্গে। সেটি ছিল একান্নবর্তী পরিবারে। সেই পরিবারের সদস্যরাও তাঁর রান্না পছন্দ করতেন।

স্নাতকোত্তীর্ণ শিপুল আক্তার ২০০০ সালে ব্র্যাকে চাকরি নেন। সেই চাকরি ছেড়ে দেন ২০১৫ সালে। শখের রান্না যে পেশা হয়ে দাঁড়াবে, তা অবশ্য আগে ভাবেননি। রান্নার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিপুল আক্তার তৈরি করলেন মাছের পিঠা। এটি বাজারজাত করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলেন। আজ সেই স্বপ্ন বাস্তব। খুলেছেন ফেসবুক পেজ। নাম দিয়েছেন ‘নান্দাইলের নারী উদ্যোক্তার মাছের পিঠা’। এই পেজ থেকে সাড়াও পাচ্ছেন ভালো।

কিছুদিন আগে কথা হয় শিপুল আক্তারের সঙ্গে। তখন নরসিংদী থেকে কিছু পিঠার অর্ডার পেয়েছেন। সেগুলোর জোগাড়যন্ত্র করছিলেন। শিপুল বলেন, ‘আমার রান্না করা খাবারের সঙ্গে দেশবাসী পরিচিত হবে, এটাই আমার চাওয়া। কারণ, গতানুগতিক পিঠার চেয়ে মাছের পিঠা সুস্বাদু ও খাদ্যমানসমৃদ্ধ।’

শিপুল আক্তার

ব্র্যাকের চাকরি ছাড়ার পর সংসারের বাড়তি আয়ের জন্য শ্বশুরবাড়ির পুকুরগুলোতে মাছ চাষ শুরু করেন। এটা করতে গিয়ে মাছের রেণু উৎপাদন ও পুকুরের পানি ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ নেন শিপুল। সেই প্রশিক্ষণের একটি ক্লাসে নাশতা হিসেবে তিনি মাছের তৈরি পিঠা পরিবেশন করে খুবই প্রশংসিত হন। প্রশিক্ষক মৎস্য কর্মকর্তার পরামর্শে তিনি পণ্যটি বাজারজাত করার উদ্যোগ গ্রহণ করেন। এই কাজে স্বামী তাঁকে সমর্থন দেন।

সসের সঙ্গে মাছের এই পিঠা খেতে মজা
ছবি: প্রথম আলো

পিঠা তৈরির প্রধান উপকরণ হিসেবে কাতলা, মৃগেল, গ্রাসকার্প, ব্ল্যাক কার্পজাতীয় তাজা মাছ ব্যবহার করেন। দামে সস্তা হলেও পিঠা তৈরির কাজে পাঙাশ মাছ ব্যবহার করেন না। কারণ, এই মাছে একটু গন্ধ থাকে, যা ভোজনরসিকদের কাছে অপ্রিয় হতে পারে। শিপুল আক্তার বলেন, পিঠার তৈরির মাছ নিজের পুকুর থেকে সংগ্রহ করি। পুকুরে না পাওয়া গেলে নিজে গিয়ে বাজার গিয়ে কিনে আনি। অন্যান্য উপকরণ যেমন চাল, গমের আটা ও নানা প্রকার মসলা নিজেই কিনি। মানের সঙ্গে আমি আপস করতে রাজি নই।’

শিপুল আক্তারের প্রতিটি পিঠা ২০ টাকায় বিক্রি হয়। প্রতিদিন ২০০ থেকে ৫০০টি পিঠা সরবরাহের অর্ডার পান।

নান্দাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘দাপ্তরিকভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করি আমরা। একটি অনুষ্ঠানে শিপুল আক্তার মাছের পিঠা সরবরাহ করেন। সেই পিঠা ছিল সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। অনেকটা ঘরে তৈরি খাবারের মতো। এরপর আমরা তাঁকে উৎসাহ দিই।’

একজন উদ্যোক্তা হিসেবে মৎস্য অধিদপ্তরের অঙ্গপ্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাগ্রিকালচার টেকনোলজি (এনটিপি-২) প্রকল্পের ‘ইনোভেশন ফান্ড’ থেকে শিপুল আক্তার আর্থিক অনুদান পেয়েছেন। অনুদান হিসেবে একটি রান্নাঘরের যাবতীয় উপকরণ, ওভেন, রেফ্রিজারেটর, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার ইত্যাদি দেওয়া হয়েছিল। শিপুল আক্তার ওই প্রকল্পের সহায়তায় ভ্যালু অ্যাডেড ফুডসের বিক্রয়কেন্দ্র স্থাপন ও পরিচালনার উদ্যোগ নিয়েছিলেন। তবে করোনাকালীন বিধিনিষেধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যবসায়িক পেজ খুলে পণ্যের প্রচারণা কার্যক্রম শুরু করেন।

স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদীন খান বলেন, ‘তিনি (শিপুল) সফল হলে অনেক নারী উদ্যেক্তা তাঁদের উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন।’ শিপুল আক্তারের এই উদ্যোগের প্রশংসা করেন নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল মনসুর। তিনি বলেন, ‘মাছের পিঠা আমি নিজে খেয়েছি। পিঠার খাদ্যমানের প্রধান উপকরণ মাছ, অর্থাৎ আমিষ। ফলে কম দামেই যে কেউ আমিষ খেতে পারেন।’

নিজের উদ্যোগের প্রতি শিপলুর আস্থা শতভাগ। তাই তিনি পণ্যটি জনপ্রিয় করতে আশাবাদী। শীতকালে মাছের তৈরি পিঠার চাহিদা আরও বাড়বে—এমনটাই আশা করছেন এই নারী উদ্যোক্তা।