শিব-গৌরীর নাচে হাসে উত্তর ঢেমশা
বাদকের দলের সঙ্গে অদ্ভুত সাজে শিব। সঙ্গে আছে গৌরী ও তাঁর সখীর দল। শিবের সার্বক্ষণিক সঙ্গী নন্দি, ভৃঙ্গি, ভূত-প্রেত তো রয়েছেই। বাড়িতে বাড়িতে যাচ্ছে দলটি, গৃহস্থ বধূরা সাধ্যমতো চাল, ডাল, টাকা-পয়সা দিচ্ছেন। পুরো গ্রামে সঙ্গীদের নিয়ে নাচছেন শিব। রাতে মুখোশনাচ দেখতে মানুষের ঢল নামে। বসন্ত দিনের উৎসবে নতুন মাত্রা যোগ করে শিব-গৌরীর নাচ। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নাচের দলটাকে নীল পাগলের দলও বলা হয়।‘বোম্? বোম্ শিঙা বায়, শিবের পিছে গৌরি যায়, গৌরির পিছে নাচে বালি...।’ কথার গাড়ি চলছে সমানে, সঙ্গে গান আর ঢোলের তান। চকিতে থমকে দাঁড়ায় পথিক। কেন শিব-গৌরিকে নিয়ে ঢুলির দল ঘুরছে? শিব অনার্য দেবতা, সংহারের দেবতা। ভারতবর্ষে আদিম সমপ্রদায়ের আগমনের বহু আগে শিবের পূজা করা হতো। হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে চৈত্রসংক্রান্তিতে শিবের গাজন হয়। এ উপলক্ষে বসে মেলা। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এ পূজার পরিবর্তে ক্ষেত্রপাল পূজা করা হয়। পূজায় গাছারা এলো চুলে নৃত্য করে। সাতকানিয়ার উত্তর ঢেমশা গ্রাম, পটিয়ার মহিরা, বাঁশখালীর জলদী ও কোকদণ্ডী এবং লোহাগাড়ার কলাউজানের নিচতালুক এলাকায় ক্ষেত্রপাল মেলা হয় শিব-গৌরির নাট সহযোগে। তবে উত্তর ঢেমশায় মেলা হচ্ছে শত বছর ধরে। দোল পূর্ণিমার দিন থেকে এ মেলা শুরু হয়। চৈত্রের শেষ দিনে মেলা পরিপূর্ণতা পায়। উত্তর ঢেমশা গ্রাম ঘুরে দেখা গেল এলাহি কাণ্ড—প্রতিটি ঘর সাজানো হয়েছে চৈত্র মাসের ভাট ফুল দিয়ে। এ ছাড়া ঘরে শোভা পাচ্ছে নিমপাতার ডালি। মেলা উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার করা হয়। লেপ-তোশক দেওয়া হয়েছে রোদে। লেপে-পুছে ঝকঝকে-তকতকে করে তোলা হচ্ছে মাটির ঘর। ঘরবাড়িই শুধু নয়, দোকানপাটও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। চিড়া, খই তৈরি হচ্ছে। বছরের শেষদিনে দই, খই, চিড়া, কলা, মিষ্টি, জিলাপি দিয়ে আপ্যায়ন করা হবে অতিথিদের। কেউ কলাইয়ের ছাতু দিয়ে আপ্যায়ন করবেন। এ ছাতু অবশ্য আরও একটি কাজে লাগানো হয় এদিন। নতুন বছরে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও ভালো ফসলের জন্য অনেকে ফসলি জমিতে অর্চনার মধ্য দিয়ে বিশেষ কায়দায় ছাতু ছিটিয়ে দেন। অনেক পরিবারে বছরের শেষদিন তিতা স্বাদের খাবার খাওয়ার আয়োজন চলছে। এতে মৌসুমি রোগব্যাধি প্রতিরোধের ক্ষমতা বাড়ে বলে মানুষের ধারণা। ঢেমশা গ্রামের পূজারি কৃষ্ণা বিশ্বাস চঞ্চলা জানান, ‘আনুমানিক ৩০০ বছর ধরে এ গ্রামে ক্ষেত্রপাল পূজা হচ্ছে। নিত্যানন্দ ও রাজবল্লভ সেনের বংশধরেরা মুহুরিগিরি করতে এসে ঢেমশায় এ পূজার প্রচলন করেন বলে বয়োজ্যেষ্ঠরা জানিয়েছেন।’ ঢুলি রাম মোহন বলেন, ‘চৈত্রের শেষে বংশপরম্পরায় চলে আসা একটি রীতিকে ধরে রাখতে ঢুলির দল চলে আসে গ্রামে। আমি ৩৫ বছর ধরে উত্তর ঢেমশায় চলে আসি, মেলা উপলক্ষে ঢোল বাজাই। আসি শুধু প্রাণের টানে অন্য কোনো আকর্ষণ নেই।’রাম রতন বললেন, ‘আগে আমরা গ্রামে গ্রামে ঘুরে ঢোল বাজালে লোকজন টাকা-পয়সা ও চাল-ডাল দিতেন। কিন্তু এখন নানা অভাব। সে কারণে আয়ও কমে গেছে আমাদের। পরের প্রজন্ম এসব কাজে খুব একটা থাকবে বলে মনে হয় না।’ আয়োজন সম্পর্কে ঢেমশা ক্ষেত্রপাল পূজা কমিটির এক সদস্য জানান, ‘ক্ষেত্রপাল মেলা উপলক্ষে প্রতিবছর দূর-দূরান্ত থেকে লোকজন আসেন, তাঁদের কথা ভেবে সাজানো হয়েছে পুরো আয়োজন। এ মেলা আমাদের প্রাণের মেলা।’