শিবির-ছাত্রলীগ মারামারি, কষ্ট সাধারণ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও সংঘর্ষে জড়াল শিবির–ছাত্রলীগ। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও সোহরাওয়ার্দী ছাত্রাবাস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ শিক্ষার্থীরা l প্রথম আলো
আবারও সংঘর্ষে জড়াল শিবির–ছাত্রলীগ। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও সোহরাওয়ার্দী ছাত্রাবাস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ শিক্ষার্থীরা l প্রথম আলো

আবারও ছাত্রশিবির ও ছাত্রলীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২৪ আগস্ট দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে দিনব্যাপী দফায় দফায় গুলি ও ককটেল বিনিময়ের ঘটনা ঘটে। পাশাপাশি পুলিশের অভিযানে বোমা উদ্ধার হলে বন্ধ ঘোষণা করা হয় সোহরাওয়ার্দী ছাত্রাবাস। তবে ক্লাস ও পরীক্ষা চালু থাকায় সংকটে পড়েছেন এই ছাত্রবাসের আবাসিক শিক্ষার্থীরা। দূরের জেলা থেকে পড়তে আসা শিক্ষার্থীদের অনেককেই শহরে সহপাঠী ও আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিতে হয়েছে।
কেবল এবার নয়, গত পাঁচ বছরে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের কারণে অন্তত ১৮১ দিন বিশ্ববিদ্যালয় অনির্ধারিত বন্ধ ছিল। এর মধ্যে ২০১০ সালে ৩২ দিন, ২০১১ সালে ১৪ দিন, ২০১২ সালে ৫৪ দিন, ২০১৩ সালে ৭০ দিন ও এ বছরের আগস্ট মাস পর্যন্ত ১১ দিন অনির্ধারিত বন্ধ ছিল। এতে ছয় মাস থেকে এক বছরের সেশনজটে পড়েছেন শিক্ষার্থীরা।
বন্ধ ছাত্রাবাস, বিপাকে শিক্ষার্থীরা: ২৪ আগস্ট শিবির-ছাত্রলীগের সংঘর্ষের পর পুলিশ সোহরাওয়ার্দী ছাত্রাবাসে অভিযান চালিয়ে প্রচুর পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করে। এ ঘটনার পর ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এই ছাত্রাবাসের আবাসিক ছাত্র ও ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন কোনোমতে দেয়াল টপকিয়ে জীবন বাঁচিয়েছি। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে পারিনি। বর্তমানে শহরে এক বন্ধুর বাসায় থকতে হচ্ছে। ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষের জন্য এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা কেন এই দায় নেব!’
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সিরাজুদ্দৌলা বলেন, ২৪ আগস্ট শিবির-ছাত্রলীগ সংঘর্ষের পর ছাত্রাবাসটিতে পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে। এ ঘটনার পর পুলিশ ছাত্রাবাসটিতে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই এটি বন্ধ ঘোষণা করা হয়েছিল।
কবে এই ছাত্রাবাস খুলে দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অধ্যাপক মাহবুবুর রহমানের নেতৃত্বে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলেই আমরা হল খুলে দেব।’
ছাত্রাবাসটির আবাসিক শিক্ষার্থীদের বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ছাত্রাবাসটির কিছু প্রতিবন্ধী শিক্ষার্থীকে ভিন্ন ছাত্রাবাসে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আর বাকিরা নিজেদের ব্যবস্থা নিজেরা করেছে।’

.
.

তদন্ত কমিটি হয়েছে, প্রতিবেদন হয়নি: সব মিলিয়ে গত পাঁচ বছরে শিবির ও ছাত্রলীগের মধ্যে অন্তত আটবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিটি সংঘর্ষের ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও এ পর্যন্ত কোনোটিরই প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের ঘটনায় ঘটা সংঘর্ষের সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক শাস্তি ঘোষিত হলেও পরে তা পুরোপুরি কার্যকর হয়নি। অপর দিকে, শিবির-ছাত্রলীগের সংঘর্ষের হতাহতের ঘটনা ঘটলেও এ পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১২ সালের ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনার আড়াই বছর পার হয়েছে, ২০১৪ সালের ১২ জানুয়ারির সংঘর্ষের পর পার হয়েছে সাত মাসের বেশি সময়। এসব সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও কোনো কমিটিই এখনো প্রতিবেদন জমা দেয়নি। সর্বশেষ ২৪ আগস্ট ঘটে যাওয়া ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে শামসুননাহার ছাত্রাবাসের প্রাধ্যক্ষ মো. মাহবুবুর রহমানকে। কবে প্রতিবেদন দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, কমিটির অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করা হবে। এরপর প্রতিবেদন দেওয়া হবে।
বাস্তবায়ন হয়নি সুপারিশ: ২০১২ সালে ৮ ফেব্রুয়ারির ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনার পর ওই বছরের ২৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৮১তম সভায় ক্যাম্পাসে সার্বক্ষণিক তদারকির জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি পরিবেশ পরিষদ গঠন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ শোনা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সংঘাত কমিয়ে আনাই ছিল এই কমিটির লক্ষ্য। তবে ঘোষণার পর এখনো কার্যকর হয়নি এই কমিটি।
রাজনৈতিক নিষেধাজ্ঞা কাগজেই: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৯ সালের ২৩ মার্চ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। সর্বশেষ ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সভা–সমাবেশ, মানববন্ধনসহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। তবে এ সিদ্ধান্ত কেবল প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রদলের ক্ষেত্রে কার্যকর হতে দেখা গেছে। কিন্তু ছাড় দেওয়া হচ্ছে শিবির ও ছাত্রলীগকে। গত বছর ছাত্রশিবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠান করেছে। আর ছাত্রলীগ কোনো অনুমতি ছাড়াই ক্যাম্পাসে নিয়মিত মিছিল-মিটিং করছে।