শিবিরকর্মী স্কুলশিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার খিল হিঙ্গুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোস্ত মোহাম্মদকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ওই বরখাস্ত আদেশ দেন।
এর আগের দিন ১৭ সেপ্টেম্বর মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন-উর-রশিদ জেলা শিক্ষা কর্মকর্তার কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেন।
পুলিশ সূত্র জানায়, দোস্ত মোহাম্মদ শিবিরকর্মী এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার করেরহাট রব্বানী এতিমখানা ও শিশু সদনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীকে বোমা তৈরির প্রশিক্ষণ দিচ্ছিলেন দুই শিবিরকর্মী। তাঁদের একজন হিঙ্গুলি ইউনিয়নের খিল হিঙ্গুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দোস্ত মোহাম্মদ ও অপর জন স্থানীয় শিবিরকর্মী মো. আলাউদ্দিন।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ এসে তাঁদের ওই এতিমখানা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আটটি ককটেল, একটি শাটারগান, চারটি লম্বা ছুরি ও দা উদ্ধার করে পুলিশ। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম জানান, দোস্ত মোহাম্মদ ও আলাউদ্দিনসহ মোট ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন-উর-রশিদ বলেন, চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা দোস্ত মোহাম্মদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের ওপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।