শিবিরের কৌশলী তৎপরতা
চট্টগ্রামে প্রকাশ্যে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম নেই গত আড়াই বছর। তাই বলে ক্যাডারভিত্তিক এই সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও নীতিনির্ধারকেরা বসে নেই। তাঁরা কৌশলে সুবিধামতো কিছু বিদ্যালয় ও কলেজ পর্যায়ে তাঁদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া বেশি নজর দিয়েছেন সাংগঠনিক কার্যালয়ের ভবনের অসমাপ্ত কাজ শেষ করা এবং নতুন অবকাঠামোগত উন্নয়নের দিকে।সম্প্রতি পুলিশ শিবিরের চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যালয়ে অভিযান চালিয়ে যেসব দলিলপত্র উদ্ধার করেছে, তাতে এই সংগঠনটির কৌশলী তৎপরতার চিত্র ফুটে ওঠে। নগরের বাকলিয়ার ডিসি রোডের আল ইসরা ভবনে শিবিরের বিভিন্ন জেলার কার্যক্রম পরিচালনার পাশাপাশি গ্রন্থাগার ও দলীয় নেতা-কর্মীদের জন্য আবাসিক সুবিধা রয়েছে। আগে ভবনটি ছিল তিন তলা পর্যন্ত। গত আড়াই বছরে চার তলার কাজও শেষ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ভবন নির্মাণের জন্য রড, সিমেন্ট, টাইলস ইত্যাদি এবং কৌশলে সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য অর্থসহায়তা যাঁদের কাছ থেকে নেওয়া হবে, তাঁদের একটি তালিকা শিবিরের একটি ডায়েরিতে পাওয়া গেছে। একই ডায়েরিতে শিবিরের শুভাকাঙ্ক্ষীর একটি তালিকাও রয়েছে। পুলিশ এখন এই ডায়েরিতে উল্লিখিত লোকজনের সঙ্গে শিবিরের কোন ধরনের সম্পর্ক ছিল, তা যাচাই-বাছাই করে দেখছে। ছাত্রশিবিরের নগর সভাপতি মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘আমাদের কার্যক্রম নিজেদের মতো করে চলছে। সংগঠন চালাতে গিয়ে আমরা সব সময় নির্যাতনের শিকার হয়েছি। এখন বিভিন্ন ব্যাচেলর ম্যাচ থেকে সাধারণ ছাত্রদের পুলিশ ধরে নিয়ে শিবির বলে দাবি করছে। ফলে সংগঠন চালাতে না পারলেও এখন আমাদের সমর্থক আপনা আপনিই বাড়ছে।’ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চাঁদা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আয়ের খাত স্বচ্ছ। ছাত্রশিবিরের কার্যালয়টি সেবামূলক প্রতিষ্ঠান। ফলে অনেকে এখানে চাঁদা দেন। পুঁজিপতি হওয়ার আশায় আমরা চাঁদাবাজি করি না।’পুলিশের উদ্ধার করা ডায়েরির তথ্য অনুযায়ী, ছাত্রশিবির ২০০৮ সালে চকবাজারকেন্দ্রিক বিভিন্ন স্কুলের পাশাপাশি চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন কলেজে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেয়। কলেজ দুটি ২৩ বছর ধরে একটানা ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে। ২০০০ সালে নগরের বহদ্দারহাটে শিবিরের হাতে ছাত্রলীগের আটজন নেতা-কর্মী নিহত হওয়ার পর নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনপন্থী ছাত্রলীগের একটি অংশ এ কলেজ দুটিতে শিবিরের আধিপত্য খর্ব করার উদ্যোগ নেয়। এ সময় ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগ ও চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রশিবিরকে উৎখাত করতে চকবাজার এলাকায় সভা-সমাবেশ শুরু করে। অভিযোগ আছে, তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাধার কারণে ছাত্রলীগ আর অগ্রসর হতে পারেনি। এরপর ছাত্রশিবিরকে তাদের কার্যক্রম চালানোর পথে আর কোনো বাধার মুখে পড়তে হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও গত দুই বছর শিবির অনেকটা নিরাপদে তাদের দুর্গ রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু গত ১৯ সেপ্টেম্বর পুলিশের ওপর হামলার পর তারা প্রথমবারের মতো সাংগঠনিক কাজে বাধার সম্মুখীন হয়। ডায়েরি থেকে দেখা যায়, ছাত্রশিবিরের নগর কার্যালয় সম্প্রসারণে প্রায় ১১ লাখ টাকা চাঁদা সংগ্রহ করা হয়। সিমেন্ট সংগ্রহ হয় ৩৯৫ বস্তা। এর মধ্যে ভবনের লোহা, বালু, কংকর, শ্রমিকের মজুরি ইত্যাদি খাতে ছয় লাখ ৭০ হাজার টাকা খরচ করা হয়েছে। তবে ছাদ ঢালাইয়ের বাইরে আরও ৫৭০ বস্তা সিমেন্ট সংগ্রহ করা হয়। নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছাত্রশিবির নিয়ন্ত্রিত চকবাজার এলাকার বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান থেকেও সিমেন্ট সংগ্রহ করা হয়। এদের মধ্যে সাতকানিয়ার হাজি সেলিম ৫০ বস্তা, জামায়াতপন্থী চিকিৎসক নেতা আবু নাছের ২০০ বস্তা, জামান হোটেল থেকে ১০ বস্তা সংগ্রহ করার কথা ডায়েরিতে উল্লেখ রয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ছাত্রশিবির নিজেদের প্রতিষ্ঠানগুলো থেকেও চাঁদা নেওয়ার বিষয়টি লেখা রয়েছে ডায়েরিতে। দেখা যায়, প্রবাহ থেকে ৩০ হাজার, রেটিনা থেকে ৫০ হাজার, জামায়াত থেকে ৫০ হাজার এবং সাবেক সদস্যদের কাছ থেকে ১৫ হাজার টাকা করে আদায় করা হয়েছে। এভাবে মোট আদায় করা হয় তিন লাখ ৫৯ হাজার টাকা। এর মধ্যে জাকাতের ৫০ হাজার টাকাও রয়েছে।নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, গোয়েন্দা সূত্র, ডায়েরিসহ বিভিন্ন দলিলপত্রে শিবিরের সাংগঠনিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের কাছে এসেছে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।