শিবিরের সঙ্গে ছাত্রলীগের আঁতাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্কোন্দল বেড়েই চলেছে। নিজেদের মধ্যে মারামারি করেই কেটেছে বর্তমান সরকারের বেশির ভাগ সময়। অভিযোগ রয়েছে, কয়েকজন নেতা অবৈধ সুবিধা নিতে ও শিবিরের সঙ্গে আঁতাত করে এই কোন্দল জিইয়ে রাখছেন। সর্বশেষ ৩১ আগস্ট কোন্দলের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুই পক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগের পক্ষগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে নিয়মিত। গত সাড়ে চার বছরে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে পাঁচবার। আর ছাত্রলীগ নিজেদের মধ্যে মারামারি করেছে কমপক্ষে ৭০ বার।
নেতা-কর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে দুই পক্ষ। এক পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও অপর দিকে আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের অনুসারীরা। আবার এই দুটি পক্ষের রয়েছে অনেকগুলো উপপক্ষ। বর্তমানে ক্যাম্পাসে সক্রিয় রয়েছে সভাপতি মামুনুল হক নিয়ন্ত্রিত ‘ভার্সিটি এক্সপ্রেস’, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু নিয়ন্ত্রিত ‘সিক্সটি নাইন’ ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন ‘নিয়ন্ত্রিত ক্যাম্পাস ছাত্রলীগ’।
জানা যায়, বর্তমানে ক্যাম্পাসে অবাঞ্ছিত রয়েছেন ছাত্রলীগ সভাপতি মামুনুল হক। গত ২৭ আগস্ট শিবির তোষণ, চাঁদাবাজিসহ ছয়টি সুনির্দিষ্ট কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে তাঁকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করেন তাঁরই অনুসারীরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাধারণ সম্পাদক বিবাহিত হওয়ায় তিনিও সাংগঠনিক কাজে অবহেলা করছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নিষ্ক্রিয়তার কারণে সংঘর্ষ দিন দিন বেড়েই চলছে।
এ প্রসঙ্গে মামুনুলের অনুসারী সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে কোন্দল দেখা যাচ্ছে।
অন্যদিকে সিক্সটি নাইন পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরেক সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ থেকে সম্প্রতি বহিষ্কৃত ‘ভার্সিটি এক্সপ্রেস’ পক্ষের নেতা ও সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি বর্মণ ছিলেন শিবিরের এজেন্ট। সম্প্রতি শিবিরের সঙ্গে তাঁর ফোনালাপের একটি অডিও ক্লিপস ফাঁস হয়েছে। তাঁরাই শিবিরের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের মধ্যে সব সময় কোন্দল লাগিয়ে রাখছেন।
এ ব্যাপারে পিযুষ কান্তি বর্মণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ৩১ আগস্ট সংঘর্ষের পর থেকে তাঁর ব্যবহূত মুঠোফোন বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত নিজেদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০০ নেতা-কর্মী আহত হন। ২০০৯ সালের প্রথম দিকে নগরের দুই আওয়ামী লীগ নেতাকে ঘিরে ক্যাম্পাসে আধিপত্য নিয়েই ছাত্রলীগের মধ্যে অন্তর্কোন্দলের সৃষ্টি হয়। এর পর ২০১১ সালের জুন মাসে কমিটি হওয়ার পর কোন্দল চরম আকার ধারণ করে । কমিটি হওয়ার পর ওই বছরের ৩১ আগস্ট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের তিন কর্মী আহত হয়। এরপর থেকে লেগেই আছে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পর্যন্ত ৫০ জনেরও বেশি ছাত্রলীগ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে। এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় সংসদও এসব ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বলেন, সংগঠনের উপপক্ষগুলোর সদস্যরা ব্যক্তিগত শত্রুতার জের থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘আমি সংগঠনকে যতটুকু সময় দেওয়া সম্ভব তা দিচ্ছি এবং সংগঠনের প্রতিটি কর্মসূচিতে অংশ নিচ্ছি। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এসব করছে।’