শিবিরের সভাপতিসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ককটেল হামলায় আহত অন্তু বড়ুয়া l (ফাইল ছবি)
ককটেল হামলায় আহত অন্তু বড়ুয়া l (ফাইল ছবি)

নগরের অপর্নাচরণ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্তু বড়ুয়ার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের মামলার অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ। নগর ছাত্রশিবিরের সভাপতি আ ন ম মশরুর হোসাইনসহ জামায়াত-শিবিরের ১৩ জনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অভিযোগপত্র দাখিলের আগে অন্তু বড়ুয়ার ওপর ককটেল হামলার ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষ্যস্মারকে আমার মতামত নিতে আসেন। তদন্তটি যথাযথভাবে হওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনসহ তিনটি ধারায় পৃথক তিনটি অভিযোগপত্র দাখিলের জন্য তাঁকে বলা হয়েছে।’
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান জানান, অভিযোগপত্র চূড়ান্ত। ভিডিও ফুটেজ ও গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শেষে ১৩ জনকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে ১৭ জন সাক্ষী রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ১৩ জন হলেন চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি আ ন ম মশরুর হোসাইন, দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ফেরদৌস কোরেশী, কোতোয়ালি থানা জামায়াতের আমির ফয়সাল মোহাম্মদ ইউনুছ, দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক তারেক হোসাইন, মহানগর উত্তরের সাধারণ সম্পদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রশিবিরের সাথি আলতাফ হোসেন, আ ন ম হারুন, মনজুর আলম, দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, মিজানুর রহমান ও আমজাদ আলী। এঁদের মধ্যে আমজাদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে আ ন ম মশরুর হোসাইন ও আ ন ম হারুন পলাতক রয়েছেন। অন্যরা কারাগারে। অভিযোগ প্রসঙ্গে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে আসামিপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হরতাল চলাকালে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটান। গ্রেপ্তার হওয়া আসামি আমজাদ আলী তঁার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও ঘটনার দায় স্বীকার করেন। তদন্তে সত্যতা না পাওয়ায় এজাহারভভুক্ত আসামি মহিউদ্দিন ও জালালকে অব্যাহিত দেওয়ার আবেদন করা হয় অভিযোগপত্রে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ মার্চ ১৮–দলীয় জোটের হরতাল চলাকালে মিছিল থেকে ছোড়া ককটেলে আহত হয় অন্তু বড়ুয়া। মায়ের সঙ্গে কোচিং সেন্টারে যাওয়ার পথে নগরের মোমিন রোডে এই হামলার শিকার হয় সে। এতে চোখে গুরুতর আঘাত পায় অন্তু। পরদিন ২৯ মার্চ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।