শিবিরের ‘মেস রাজনীতির ফাঁদ’
গ্রামের বিদ্যালয় থেকে এসএসসি পাস করে নগরের কলেজে ভর্তি হওয়া ছাত্ররাই প্রথম লক্ষ্য (টার্গেট)। নতুন ছাত্রদের থাকার ব্যবস্থা ও গৃহশিক্ষকতার (টিউশনি) সুযোগ দেওয়ার নাম করে মেসে ওঠানো হয়। এরপর শিক্ষা ও চরিত্র গঠনের কথা বলে পূরণ করতে দেওয়া হয় শিবিরের কর্মী ও সমর্থক ফরম। ফরম পূরণ করলে সহজ-সরল ছাত্রদের বাধ্য করা হয় দাওয়াতি কাজ, মিছিল, সমাবেশ, প্রচারপত্র বিলিসহ নানা সাংগঠনিক কাজে। এভাবে মগজ ধোলাই করে বানানো হয় খাঁটি শিবিরকর্মী। কেউ অবাধ্য হলে তাঁর ওপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন।’ কেবি আমান আলী সড়কের ইসলামি ছাত্রশিবিরের মেসে থাকা এক ছাত্র এভাবেই জানান শিবির কর্মী হয়ে ওঠার অভিজ্ঞতার কথা। নগরে এরকম অসংখ্য মেস খুলে কর্মী তৈরির কর্মযজ্ঞে নেমেছে শিবির। এদের প্রধান শিকার গ্রাম থেকে আসা গরিব ছাত্ররা। অনেক সময় অনেক মেধাবী ছাত্রও জড়িয়ে পড়ে ক্যাডার রাজনীতিতে। মেসে থাকা অনেক ছাত্র দুর্ধর্ষ ক্যাডার হয়ে উঠেছেন। জড়িয়েছেন শিবিরের খুনের রাজনীতিতে। বর্তমানে নগরে ১০০-১২০টি ছোট বড় মেস পরিচালনা করে শিবির। অনুসন্ধানে জানা যায়, গোপনীয়তার কারণে গুরুত্বপূর্ণ মেসগুলো খোলা হয় জামায়াত নেতা ও সমর্থকদের বাসায়। প্রথমে ব্যাচেলর বাসা হিসেবে ভাড়া নেন শিবির ক্যাডারেরা। পরে মালিককে জিম্মি করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যান তাঁরা। অনেক মেসে অস্ত্র রাখা হয়, নেতা-কর্মীদের অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে শিবির মেসগুলো থেকে অস্থিতিশীলতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে বলে অনেকের অভিযোগ। চকবাজার লালচান্দ সড়ক, কেবি আমান আলী, ডিসি সড়ক, নবাব সিরাজুদ্দৌলা, খাজা সড়ক, বাদুরতলা, বহদ্দারহাট, জয়নগর, রাহাত্তারপুল, আন্দরকিল্লা, আগ্রাবাদ, মিস্ত্রিপাড়া ও মাদারবাড়ির কামাল গেটে রয়েছে শিবিরের বেশির ভাগ মেস। জানা যায়, চকবাজারের আশপাশেরসহ অনেক মেস নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে শিবির ক্যাডার পাঁচ মামলার আসামি মো. ইউসুফ। এ ছাড়া সাম্প্রতিক সময়ে র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া (বর্তমানে জামিনে মুক্ত) চার মামলার আসামি সাহাবউদ্দিন, চকবাজারের তাহের মিয়ার ছেলে শাহজাহান, সাত মামলার আসামি আমির আলী, পাঁচ মামলার আসামি শফি ও তিন মামলার আসামি মনির বিভিন্ন মেস পরিচালনা করেন বলে জানা যায়।রসুলবাগ আবাসিক এলাকার এক মেসের সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিবিরের মেসে প্রথম দিকে কিছুটা সুবিধা দেওয়া হলেও পরে বাসাভাড়া ও খাওয়া বাবদ চড়া দাম দিতে হয়। এ ছাড়া ভর্তির সময় ২০০ টাকা উন্নয়ন ফি, প্রতি মাসে বায়তুল মাল ও মেধাবী ছাত্রদের তহবিলের নামে চাঁদা আদায় করা হয়।’ছৈয়দ শাহ সড়কের ইসলামী ব্যাংক কলোনির ওসমানের চারতলা ভবনের আট বাসার চারটিতেই আছে শিবিরের মেস। এসব মেসে উঠতে হলে জামায়াত ও শিবির নেতাদের সুপারিশ লাগে বলে জানান মেসের কয়েকজন সদস্য। স্থানীয় মইনুল হাসান বলেন, ‘এ মেস থেকেই কেবি আমান আলী সড়কের তিন-চারটি মেস পরিচালিত হয়। জামায়াত-শিবিরের সঙ্গে কারও কোনো ঘটনা ঘটলে ওই মেস ও এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়।’ রসুলবাগ আবাসিক এলাকার বায়তুল মামুর মসজিদের পাশে নগর জামায়াতের নায়েবে আমির আহসান উল্লাহর বাসায়ও শিবিরের নেতা-কর্মীদের মেস ছিল বলে জানা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র হত্যার ঘটনায় পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হলে মেসের সদস্যদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। রাতারাতি পরিবার তুলে দেওয়া হয় ওই বাসায়।চকরিয়ার এক অভিভাবক মাস্টার গিয়াস উদ্দিন জানান, ‘আমার ছেলে এইচএসসির পর শহরে গিয়ে শিবিরের মেসে উঠেই রাজনীতিতে সক্রিয় হয়। অথচ আমরা পরিবারের কেউ ওই দলের রাজনীতিতে বিশ্বাসী নই। খবর পেয়ে তাঁকে সাধারণ মেসে সরিয়ে নিই। ফলে সে প্রথমবার উচ্চশিক্ষায় ভর্তি হতে পারেনি। দ্বিতীয় বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।’ তিনি বলেন, ‘পড়াশোনা ও থাকার জন্য যে মেস, সেখানে রাজনীতির প্রশিক্ষণ খুবই দুঃখজনক।’ কেবি আমান আলী সড়কের হাজি নূর বক্স লেনের হক ও মোসার ভবন এবং সেকান্দার কলোনিতেও রয়েছে শিবিরের মেস। এগুলো চলে মনছুর ও ইব্রাহিমের নেতৃত্বে। রাহাত্তারপুল মসজিদের ব্যাচেলর কোয়ার্টারে ২০ জন ও বলদি ইসলামের ভবনে ৩০ শিবিরের নেতা-কর্মীর মেস রয়েছে বলে জানান স্থানীয় লোকজন। ডিসি সড়কের মৌসুমি মোড়ের এয়ার ভবনের তৃতীয় তলায় আটজনের মেসটি চালান শিবিরের ওয়ার্ড পর্যায়ের একজন দায়িত্বশীল। এ সড়কের ফারুক কলোনিতেও আছে তিনটি মেস। চন্দনপুরায় শিবিরের নগর কার্যালয় ও আশপাশের মেসগুলোতে কয়েক শ শিবির নেতা-কর্মী রয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় সবসময় প্রস্তুত রাখা হয় এদের। বেশির ভাগ সদস্যের সশস্ত্র প্রশিক্ষণও আছে। জানা যায়, ডিসি সড়কের চানমিয়া মুন্সি লেনের দুটি শিবির মেস চালান স্থানীয় মো. মোমিন মিয়ার ছেলে, হত্যা মামলার আসামি মোসাদ্দেক হোসেন ওরফে বলা। চকবাজার কাঁচাবাজারের পাশে রয়েছে শিবিরের পুরোনো মেস ‘ক্লান্তি শেষ’।সাবেক পরিচালক ও শিবিরের নেতা আবদুর রহিম বলেন, ‘মালিকের সঙ্গে চুক্তির ভিত্তিতে বাসাভাড়া নিয়ে মেস পরিচালনা করা হয়। আর সুন্দর পরিবেশের জন্যই ছাত্ররা শিবিরের মেসগুলো বেছে নেন।’ তিনি বলেন, ‘মেসে সংগঠনের দাওয়াত দেওয়া হয় তবে বাধ্য করা হয় না।’ জয়নগরের দুটি মেসের পরিচালক নাম প্রকাশ না করে বলেন, ‘আমার মেসে প্রতি মাসে দেড় হাজার টাকা ভাড়া নেওয়া হয়। পত্রিকা বিল এবং সাংগঠনিক ও খাবার খরচ আলাদা নেওয়া হয়।’ নগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার বলেন, ‘শিবিরের সুনির্দিষ্ট মেস নেই। শিবিরকর্মীরা ছাত্রদের সঙ্গে বিভিন্ন মেসে থাকেন। এতে কেউ ওই মেসকে শিবিরের পরিচালিত মেস মনে করলে আমাদের করার কিছু নেই।’ এসব মেসে নেতা-কর্মীরা ছাত্রদের শিবির করতে বাধ্য করেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এসব মেসের বিষয়।’ নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামশুল ইসলাম জানান, সাংগঠনিকভাবে শিবিরের মেস খোলা হয় না। তবে চন্দনপুরায় নগর শিবির নেতৃবৃন্দের একটা মেস আছে।’ মেসে সাংগঠনিক কাজ ও নিয়ন্ত্রণ চলে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক গণমাধ্যম এ রকম মুখরোচক বাজে সংবাদ পরিবেশন করে।’ তবে তিনি বলেন, নিজেদের কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদের ধর্মশিক্ষা ও চরিত্র গঠনের দাওয়াত দিয়ে থাকে শিবির।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আবদুল হক বলেন, ‘গ্রাম থেকে আসা শিক্ষার্থীদের সচেতন হতে হবে। মেসে মগজ ধোলাই করে রাজনীতিতে জড়ানো হচ্ছে বুঝতে পারলেই ছাত্রদের সরে যাওয়া উচিত।’ পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নব জ্যোতি খিসা বলেন, ‘আমার এলাকায় আটটি শিবিরের মেসের খোঁজ পাওয়া গেছে। এর বেশির ভাগই কাতালগঞ্জে।’ গুপ্তচরদের খবর অনুযায়ী প্রতি সপ্তাহে মেসগুলোতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।