সীতাকুেণ্ড এবারও শিমের বাম্পার ফলন হয়েছে। তবু কৃষকের মুখে হাসি নেই। সবজি বিক্রির ভরা মৌসুমে হরতাল-অবরোধ। এ কারণে হাটে পাইকারি ব্যবসায়ী নেই। ‘চাষের খরচ উঠবে তো’—এই দুশ্চিন্তা এখন সব চাষির মধ্যে।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে সীতাকুণ্ড সদরের সবজির পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, খাঁচিভর্তি শিম নিয়ে বসে আছেন চাষিরা। বাজারে ক্রেতা কম। তাঁদের মধ্যে কয়েকজন ব্যবসায়ী শিম কিনে বস্তায় ভরে গাড়ির অপেক্ষায় আছেন। চাষিরা বসে আছেন আরও পাইকারি ব্যবসায়ী আসবেন, এই আশায়। তাঁদের মুখে দুশ্চিন্তার ছাপ।
সীতাকুেণ্ডর পৌর সদরের নুনাছড়া এলাকার কৃষক মো. সেলিম জানান, তিনি এবার ১৬ শতক জমিতে শিম চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে ২০ হাজার টাকা। সবে দুই হাজার টাকার শিম বিক্রি করেছেন। অবরোধ শুরু হওয়ায় দুশ্চিন্তায় আছেন চাষের খরচ তুলতে পারবেন কি না। তবে অবরোধ উঠে গেলে খরচ তুলে লাভ করতে পারবেন বলে আশাবাদী।
চাষিরা জানান, শিম পরিপক্ব হলে গাছে রাখা যায় না। আবার খাঁচায় ভরলে করলে রাখা যায় সর্বোচ্চ দুদিন। এর মধেই পচন ধরে। তাই দাম কম দিয়ে হলেও বিক্রি করা ছাড়া উপায় নেই। অবরোধের আগে প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ২৮ থেকে ৩০ টাকায়, তা এখন ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তার পরও ক্রেতা পাওয়া যাচ্ছে না।
ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা পাইকারি ক্রেতা মেজবাহ উদ্দীন জানান, দুই দিন ধরে এখানে আছেন। ১৮ থেকে ২০ টাকা কেজি দরে ২০ টন শিম কিনে এখন বিপাকে পড়েছেন, গাড়ি পাচ্ছেন না।
কুমিল্লার শিমলা ও ঢাকার কারওয়ান বাজারে শিম সরবরাহ করেন মো. জনি। তিনি বলেন, যে গাড়িভাড়া আগে ছিল ২০ হাজার টাকা, সেটা অবরোধের কারণে বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। তার পরও গাড়ি পাওয়া যায় না। অনেক অনুনয়-বিনয় করে চালককে রাজি করাতে হয়।
এ প্রসঙ্গে ট্রাকচালক ভুট্টো বলেন, ‘ঝুঁকি নিয়ে মালামাল পরিবহন করছি। গাড়ি পোড়ানোর কথা মনে হলে ভয়ে আঁতকে উঠি। তার পরও সংসারের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে ৬০ হাজার মেট্রিক টনের লক্ষ্যমাত্রা নিয়ে শিম চাষ করা হয়েছে দুই হাজার হেক্টর জমিতে। এর সঙ্গে জড়িত প্রায় ২৫ হাজার চাষি।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ বলেন, সীতাকুেণ্ড এবার শিমের ভালো ফলন হলেও অবরোধে গাড়ি–সংকট থাকায় বিপাকে পড়েছেন কৃষকেরা। কারণ, হাটে ক্রেতা নেই। ফলে প্রত্যাশিত দাম পাচ্ছেন না কৃষকেরা। িতনি জানান, চাষিদের প্রতিদিন গড়ে এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হচ্ছে।