শিরোনামহীন
‘যদি আকাশ হতে তাহলে তোমাকে বৃষ্টির কণা হয়ে ভিজিয়ে দিতাম। যদি আমার ভালোবাসার মানুষটা হতে তাহলে আবেগের চাদরে জড়িয়ে রাখতাম।’ একটা প্রেমপত্র এটা। লিখেছিলাম যাকে, তার জন্য অপেক্ষা করেছিলাম অনেক বছর। যখন ক্লাস সেভেনে পড়তাম, এই লাইনটুকু লিখেছিলাম। লাইনগুলো লেখার ১২ বছর পর সেই মানুষটাকে খুঁজে পেয়েছিলাম। আবার এখন তাকে হারিয়ে ফেলেছি।আমার রোজকার ব্যস্ততম জীবনে মনে পড়ে তাকে প্রতি মুহূর্তে। আমি তাকে ভুলতে পারি না। হ্যাঁ, সেদিন আড়ংয়ে দাঁড়িয়ে জামা খুঁজছি, হঠা ৎ পাশ থেকে কেউ একজন বলল, ‘এই ধূসরটা পরুন, আপনাকে অনেক সুন্দর লাগবে।’ আমি তখন হতবিহ্বল হয়ে তাকিয়েছিলাম। যদিও কোনো দিন কারও পছন্দকে আমি পাত্তা দিই না। কিন্তু সেদিন পাত্তা দিলাম। পাত্তা দিতে বাধ্য হলাম। এভাবে আমাদের প্রথম দেখা ভালো লাগার প্রথম একটা বীজ বপন করেছিল।আরেক দিন, অসম্ভব বৃষ্টি। বৃষ্টির পানিতে রিকশা ছেড়ে দিয়ে ভিজে পথ চলতে শুরু করেছি। কোথা থেকে সে এসে হাজির। আমি হতবাক। সে বলল, ‘আপনার সঙ্গে আমিও ভিজব।’আমি হাসি, সে-ও হাসে।আরেক দফায় দেখা করে তাকে শর্মা খাওয়ানোর জন্য অনুরোধ করি। সে বরং উল্টো আমার জন্য সারপ্রাইজ হয়ে দাঁড়াল। এভাবে যখন তাকে আমার সেই লেখা লাইনগুলো দিতে যাব, তখনই জানতে পারলাম জীবনের এক নির্মম কষ্টের কথা। কতই না স্বপ্ন ছিল আমার তাকে নিয়ে, অথচ কোনো স্বপ্নই কোনো দিন পরিণতি পায়নি। সে যে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে, এটা সে অনেক আগেই জানত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে লড়াই করে বাঁচতে চেয়েছে। একজন মানুষের বেঁচে থাকার যে কী আকুলতা, তা তাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম।সবচেয়ে ভয়ংকর হলো তার মৃত্যুটা। মৃত্যুটা তাকে আমার কাছ থেকে সেই অজানার দিকে নিয়ে গেছে। সে মরে যাওয়ার ঠিক এক ঘণ্টা আগেই তার সঙ্গে আমার দেখা হলো। সে খুবই স্বাভাবিক আচরণ করেছিল। সবচেয়ে মজার কথা হলো, সে আমাকে কখনো তুমি বলে সম্বোধন করেনি কিংবা আমার নাম ধরে ডাকেনি।সেদিন বিকেল সাড়ে পাঁচটায় হঠা ৎ আমার মুঠোফোনে একটা ফোন আসে। ওপাশ থেকে একজন ভদ্রমহিলা কথা বলে ওঠেন। তিনি আমাকে জানান তাঁর ছেলের মৃত্যুর কথা। আমি যাই তাঁর জানানো ঠিকানায়। গিয়ে তাঁর টেবিলের ড্রয়ারে একটা সাদা খাম পাই।সাদা খামের ভেতর একটা লাইন লেখা। সেই লাইনটুকু, যেটা আমি ক্লাস সেভেনে লিখেছিলাম। আমি থমকে দাঁড়াই, হতবাক হয়ে যাই। এটা তো অসম্ভব! কীভাবে সে এটা পেয়েছে? আমার নামটা সে জানে। কিন্তু আমি তো তাকে কোনো দিন আমার নাম বলিনি। আমার মুঠোফোনে তার নাম সেভ করা ছিল ‘শিরোনামহীন’ দিয়ে।তাকে জানাজা পড়ানোর আগপর্যন্ত আমি তার ঠান্ডা হাতগুলো ধরে ছিলাম। সেদিন কেন জানি আমার চোখে কোনো জল ছিল না। তারপর আরও তিনটা বছর কেটে গেছে, আরও কতগুলো দিনও চলে গেছে। বাবা-মা বলেন নিজেকে নিয়ে ভাবতে। কিন্তু কেন জানি পারি না। মনে হয়, গভীর রাতে কেউ আমায় ডেকে বলছে, ‘তুলি, আপনি কেমন আছেন?’ গুলশান নওশিন