শিরোপা আনসার-ভিডিপির রানার্স আপ চট্টগ্রাম জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের এমএ আজিজ স্টেডিয়ামে শেষ হয়েছে ৩৩তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। এতে শিরোপা জেতে আনসার-ভিডিপির দল। প্রথমবারের মতো রানার্সআপ হয়েছে চট্টগ্রাম জেলা। ২৩ ডিসেম্বর স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয় চূড়ান্ত খেলা। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় সারা দেশের ৩৮টি দল অংশ নেয়। বাংলাদেশ আনসার-ভিডিপি সাতটি ইভেন্টের পাঁচটিতে চ্যাম্পিয়ন ছাড়াও তিনটিতে রানার্স আপ হয়ে বরাবরের মতো আধিপত্য দেখিয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবার একক আধিপত্যে ভাগ বসিয়েছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলা দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন ছাড়াও একটিতে রানার্স আপ হয়েছে। তা ছাড়া ঢাকা জেলা তিন ইভেন্টে রানার্স আপ হয়েছে। ১৮ ডিসেম্বর প্রতিযোগিতা উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মো. আবদুল করিম। প্রতিযোগিতার সমাপনী দিনে অনুষ্ঠিত পুরুষ এককের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে চট্টগ্রামের মানস চৌধুরী ৪-৩ সেটে বাংলাদেশ আনসারের মাহাবুবকে পরাজিত করেন। প্রথম সেটে মানস ১১-৫, ১৩-১১, ১১-৪ এবং মাহাবুব ১১-৯, ১১-৭, ১১-৪ এ ড্র হলে তাঁদেরকে পরবর্তী সেটে খেলতে হয়। এই সেটে মানস চৌধুরী ১৩-১১ পয়েন্টে মাহাবুবকে পরাস্ত করে চট্টগ্রামের জন্য আরও একটি সাফল্য এনে দেন। মানস চৌধুরী দ্বি-মুকুটও অর্জন করেন। জাতীয় টেবিল টেনিসের আগে চট্টগ্রাম জেলার কোনো প্রতিযোগী সেমিফাইনাল পর্যন্তও উঠতে সক্ষম হয়নি। তা ছাড়া এদিন মহিলা এককে বাংলাদেশ আনসারের সোমা ৪-০ সেটে একই দলের রুমিকে পরাজিত করেন। সোমা প্রথম সেটে ১২-১০, দ্বিতীয় সেটে ১১-৬, তৃতীয় সেটে ১৪-১২ ও শেষ সেটে ১১-৫ পয়েন্টে জয়ী হন। মিশ্র দ্বৈতের ফাইনালে আনসারের মাহাবুব-রুমি জুটি ৩-১ সেটে ঢাকা জেলার তুহিন-আঁখি জুটিকে হারিয়েছে।প্রতিযোগিতা শেষে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মো. আব্দুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।