শিরোপা ধরে রেখেছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকভর্তি ম্যাচে উৎসবের আমেজে শেষ হয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার (সিডিএসএ) দুই দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে ৯ ডিসেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে অংশ নেয় ১০টি জেলা। খেলায় এবারও শিরোপা ধরে রেখেছে চট্টগ্রাম জেলা। তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল সাতটি ইভেন্টের ছয়টিতেই চ্যাম্পিয়ন ও চারটিতে রানার্সআপ হয়েছে। কুমিল্লা জেলা একটিতে চ্যাম্পিয়ন ও দুটিতে রানার আপ হয়ে দলগত রানার্সআপ হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া একটিতে রানার্সআপ হয়েছে। ৯ ডিসেম্বর টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি লে. কর্নেল (অব.) এম ইকবাল শফি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর। প্রথম দিনেই নিষ্পত্তি হয় ১৯টি খেলা। এর মধ্যে তিনটি ইভেন্টের ফাইনালের দুটি শিরোপা ঘরে তোলে চট্টগ্রাম। আর একটিতে কুমিল্লা ভাগ বসিয়েছে। মহিলা এককের ফাইনালের চ্যাম্পিয়ন চট্টগ্রামের জেবুন্নেছা কুমিল্লার রাইহানা খানমকে হারিয়েছে। মহিলা দ্বৈতের ফাইনালে আঁখি-পুতুল জুটি হারিয়েছে সীমা-মুক্তা জুটিকে। অনূর্ধ্ব-১৮ বছর বয়সের বালিকা এককে কুমিল্লার রোমানা খানম হারিয়েছে চট্টগ্রামের জান্নাতুন নাঈমকে। পরদিন সমাপনী দিনে নিষ্পত্তি হয়েছে পুরুষ একক, পুরুষ দ্বৈত, প্রবীণ দ্বৈত ও বালক একক এই চার ইভেন্টের। পুরুষ এককে চট্টগ্রামের রিমন সিদ্দিকী, পুরুষ দ্বৈতে আলম-সোহেল জুটি, প্রবীণ দ্বৈতে মুছা-রফিকুল জুটি ও বালক এককে রিমন সিদ্দিকী চ্যাম্পিয়ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের পক্ষে প্রতিনিধি ক্যাপ্টেন আশরাফ বেগ। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।