শিল-পাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মরিচ বাটার সামান্য একটা পাটাই এখন আমার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু! সাদামাটা হিসেবে অন্তত ৪২ বছরের পুরোনো সেই পাটা! আমার মায়ের একমাত্র স্মৃতি। বাবা-মা যখন পেতেছিলেন নতুন সংসার, তখন কেনা হয়েছিল প্রয়োজনীয় এ জিনিসটা। মেশিন এখন অপদখল করেছে এ পাটার স্থান। হয়তো কালেভদ্রে মসলা পেষার কাজে খোঁজ পড়ে তার। তাই ঘরের এক কোণে চরম অবহেলায় পড়ে থাকে আমার মায়ের স্মৃতিবিজড়িত এ বস্তুটি। কিন্তু হঠাৎ কালেভদ্রে আমি বাড়ি গেলে সবার অলক্ষ্যে চুপিচুপি মুখোমুখি হই তার। ধুলার আস্তর সরিয়ে জড়িয়ে নিই বুকে পরম মমতায়, হাত বুলাই। অনুভব করি মায়ের হাতের কোমল পরশ। মানসপটে ভেসে ওঠে মায়ের মায়াবী মুখ। মৃদু লয়ে মাথা দুলিয়ে দুলিয়ে হাতের চুড়ি অপূর্ব তালে মরিচ বাটছে মা, আমার হারিয়ে যাওয়া মা...
জিয়াব-উল করিম
চান্দগাঁও, চট্টগ্রাম।