শিলপাটার ডাক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল মিয়া
জামাল মিয়া

‘এই...বডি ধারাই, পাআআআটা ধারাই’ এমনই রবে সুর তুলে দিনভর ঢাকার অলিগলি ঘুরে বেড়ান তিনি। নাম জামাল মিয়া। বাড়ি সিলেট। জীবিকার তাগিদে ১২ বছর ধরে তিনি ঢাকায় আছেন। পরনে সাদামাটা শার্ট-প্যান্ট। শার্টের পকেটে ঝোলানো চশমা। ধার বা শান দেওয়ার সময় ছিটকে আসা আগুনের স্ফুলিঙ্গের হাত থেকে রক্ষা পেতেই বাঁকা ফ্রেমের এই চশমা। কাঁধে প্যাডেলচালিত দা-বটি-ছুরি শান দেওয়ার দুপায়া যন্ত্র। এই নিয়েই তাঁর রোজকার ছুটে চলা—ঢাকার আবাসিক এলাকার অলিগলি থেকে শুরু করে বস্তি-বাড়ি পর্যন্ত।
মরিচা পড়া বা অনেক দিন ব্যবহারের ফলে বাসার দা-বটি-ছুরিটি ধার হারিয়েছে, জামাল মিয়া তাতে এনে দেন তীক্ষ্ণ ধার। আবার পাটাপুতার ঘর্ষণে পাটার উপরিভাগ ক্ষয়ে ধার হারিয়েছে; জামাল সারিয়ে তোলেন তা-ও। বিনিময়ে পান ৩০ থেকে ৫০ টাকা।
৩ আগস্ট তাঁর সঙ্গে দেখা কারওয়ান বাজার এলাকায়। হাতে কাজ ছিল না বলে একপ্রকার কৌতূহলবশত তাঁর পিছু নেওয়া। শুরুর ওই বাক্যটি বলতে বলতে হেঁটে চললেন রেললাইন ধরে। মুহূর্তেই রেললাইন-ঘেঁষা বস্তিঘর থেকে দা-বটি শানিয়ে দেওয়ার আবদার এল। ব্যস, চোখে চশমা পরে সেই দুপায়া যন্ত্রে পায়ে প্যাডেল মেরে শান দেওয়ার কাজে বসে গেলেন। শান দেওয়া দা-বটি হাতে এক গৃহবধূর রসিকতা—‘দাও যে ধার দিলা, ঠিকমতো কাটব তো?’ জামাল উত্তর দেন, ‘অয় অয় কাটবও।’
কাজ শেষে জামাল মিয়া দ্বিধায় পড়ে যান। এমনকি মুখফুটে বলেও ফেললেন, ‘এবার কোন দিকে যাই?’ তাঁর হয়তো আসলেই কোনো নির্দিষ্ট দিক নেই, লক্ষ্য নেই। যে দিকে মন চায়, সে দিকেই ছুটে যান। এমনি করে দিন কাটে তাঁর; সকাল-সন্ধ্যা ব্যস্ততায়।