
ছোটবেলায় বারান্দায় দাঁড়িয়ে একবার শিলাবৃষ্টি দেখেছিলাম। সম্ভবত সেটাই জীবনের প্রথম শিলাবৃষ্টি দর্শন। তখন আমার সে কী উচ্ছ্বাস! সেই উচ্ছ্বাসে আম্মু যেন শঙ্কিত হলেন। আমাকে জাপটে ধরে রেখেছিলেন। পাছে ছেলে আবার শিলাবৃষ্টিতে ভিজতে নেমে পড়ে যায়! বারান্দায় হঠাৎ ছোট ছোট শিলাখণ্ড আছড়ে পড়ছে। সেগুলো গ্রিলের সঙ্গে বাড়ি খেয়ে টুংটাং শব্দ করত। তাতে যেন আমার উচ্ছ্বাস আরও বেড়ে যেত। আমি মোহিত হয়ে বরফগুলো কুড়াতে গেলেই সেগুলো পানি হয়ে যেত। তখন আম্মুকে বিরক্তমুখে বলেছিলাম, ‘আমি ধরলেই শক্ত বরফগুলো নিমেষেই পানি হয়ে যায় কেন, আম্মু?’
অবুঝ আমাকে আম্মু কী ব্যাখ্যা দেবে তা তার জানা ছিল ন। শুধু বলল, ‘বড় হও। জানতে পারবে।’
এখন আমি বড় হয়েছি। অনেক বড়। এখন আর সারা দিন বৃষ্টিতে ভিজলেও আম্মু আমাকে জাপটে ধরে রাখে না। বকুনি দেয় না। বলে না, বাবু, ঠান্ডা লাগবে, জ্বর হবে। এখন আর বারান্দায় মূর্তির মতো শিলাবৃষ্টির রিনিঝিনিও শুনতে হবে না। তাই একদিন নেমে পড়লাম শিলাবৃষ্টিতে। মাথার ওপর বরফের টুকরোগুলো আছড়ে পড়ছে। ঠাস ঠাস শব্দ হচ্ছে মাথার ভেতরে! হাত, মুখ, মাথা সবকিছু যেন অবশ হয়ে যাচ্ছে। সহ্যের সর্বোচ্চ সীমা পর্যন্ত আমি ভিজতে থাকলাম শিলাবৃষ্টিতে। তারপর দৌড়ে ঘরে ঢুকলাম। ঠান্ডায় গা কাঁপা কাঁপি অবস্থা। কিন্তু কেউ তোয়ালে নিয়ে এগিয়ে আসেনি। গা মুছে দেয়নি।
হ্যাঁ, আমি অনেক বড় হয়ে গেছি। আম্মুর সকল প্রকার ভয়-শঙ্কার চেয়েও বড়।
মো. বেলাল হোসেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।