শিলার আঘাতে কাঁঠাল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় শিলার আঘাতে ক্ষত সৃষ্টি হয়েছে হাজার হাজার কাঁঠালে। এ কারণে পচন দেখা দেওয়ায় এসব কাঁঠাল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। ফলন ভালো হলেও এ কারণে উপযুক্ত দাম পাচ্ছেন না বাগানের মালিকেরা। অনেকে নষ্ট কাঁঠাল বিলিয়ে দিচ্ছেন গবাদিপশুর খাবার হিসেবে। এতে লোকসানে পড়ে হতাশায় ভুগছেন তাঁরা। স্থানীয় লোকজন জানান, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া কালবৈশাখীর সঙ্গে ভয়াবহ শিলাবৃষ্টি হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় সহস্রাধিক ঘরবাড়ি, প্রচুর বোরো ধান এবং সবজির খেত। পাশাপাশি ব্যাপক ক্ষতি হয় কাঁঠাল বাগানেরও। বাগানের মালিকেরা জানান, উপজেলার পদুয়া, কোদালা, শিলক, সরফভাটা, চন্দ্রঘোনা কদমতলি, পোমরা, বেতাগি, পারুয়া, লালানগর, হোচনাবাদ, ইসলামপুর, দক্ষিণ রাজানগর, উত্তর রাজানগর ও স্বনির্ভর ইউনিয়ন এবং পৌরসভার জাকিরাবাদ ও নোয়াগাঁও পাহাড়ি এলাকায় প্রচুর কাঁঠাল বাগান রয়েছে। এসব বাগানের কাঁঠাল বেচে অনেকের সংসার চলে। কিন্তু গত এপ্রিল মাসে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আঘাতে অধিকাংশ বাগানের কাঁঠালে ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষতস্থানে পচন ধরে নষ্ট হয়েছে বহু কাঁঠাল। অনেক কাঁঠাল আকারেও ছোটথেকে গেছে। ফলে অন্য বছরের তুলনায় অর্ধেক দামও পাওয়া যাচ্ছে না এসব কাঁঠালের।চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বনগ্রামের কাঁঠাল বাগানের মালিক মাহাবুব আলম জানান, বনগ্রামে তাঁর প্রায় তিন একর জমিতে কাঁঠাল বাগান রয়েছে। সেখান থেকে কাঁঠাল বেচে প্রতিবছর ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হতো এবং তা দিয়ে সংসার চলত। কিন্তু এ বছর শিলার আঘাতে অধিকাংশ কাঁঠালের গায়ে ক্ষত ও পচন ধরে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া আঘাত লাগা অনেক কাঁঠাল আকারে ছোট ও বেঁকে যাওয়ায় সেগুলো ক্রেতারা কিনতে চাচ্ছেন না। তিনি জানান, প্রতিবছর উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে কাঁঠাল কিনতে আসতেন শহরের পাইকারি ব্যবসায়ীরা। এবার মৌসুমের শুরুতে ব্যবসায়ীরা এলেও কাঁঠালের অবস্থা খারাপ দেখে ফিরে যাচ্ছেন। এ কারণে স্থানীয় ক্রেতাদের কাছে অল্প দামে কাঁঠাল বেচতে হচ্ছে। অনেকে নষ্ট কাঁঠাল বিলিয়ে দিচ্ছেন গবাদিপশুর খাবার হিসেবে।পৌরসভার জাকিরাবাদ এলাকার শফিকুর রহমান জানান, স্থানীয় বাজারে এখন বড় আকারের কাঁঠাল ৪০ থেকে ৪৫ টাকা এবং ছোট কাঁঠাল ১০ টাকায় পাওয়া যায়। অথচ গত বছর ছোট আকারের কাঁঠালও ৩০ থেকে ৩৫ টাকার কমে পাওয়া যায়নি। চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের ফল বিক্রেতা আবুল কাসেম বলেন, ‘এমন দিনে এ উপজেলার প্রতিটি হাট-বাজার সতেজ, সুন্দর ও সুমিষ্ট কাঁঠালে ভরপুর থাকত। কিন্তু এবার বাজারে পাওয়া অর্ধেক কাঁঠালই পচে গেছে। বাগানে থাকা কাঁঠালেরও একই অবস্থা। তাই এখান থেকে কাঁঠাল কেনা বাদ দিয়ে পাইকারি ব্যবসায়ীরা অন্য উপজেলা ও দেশের উত্তরাঞ্চল থেকে কিনে আনছেন।’ রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, এ উপজেলায় প্রায় তিন হাজার হেক্টর জমির কাঁঠাল বাগান রয়েছে। এখান থেকে কাঁঠাল বেচে আয় করেন প্রায় চার হাজার বাগান মালিক। তাঁরা কয়েক বছর ধরে ভালো ফলন পেয়েছেন। প্রচুর লাভও করেছেন। কিন্তু এবার শিলাবৃষ্টির কারণে তাঁরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও হতাশ হয়ে পড়েছেন। প্রাকৃতিক কারণে সৃষ্ট এ পরিস্থিতি মেনে নিয়ে ভবিষ্যতের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।