শিল্প এলাকায় বাঁশের সাঁকো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোম খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন এলাকাবাসী  প্রথম আলো
ডোম খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন এলাকাবাসী প্রথম আলো

বালু বোঝাই ট্রাকসহ সেতুটি ধসে পড়েছিল বছর খানেক আগে। এরপর সংস্কারে এগিয়ে আসেনি কর্তৃপক্ষ। উপায়ন্ত না দেখে এলাকাবাসী নিজেদের উদ্যোগে তৈরি করেছে বাঁশের সেতু। নগরের ব্যস্ত শিল্প এলাকা কালুরঘাটেই এই সাঁকোর অবস্থান।
চট্টগ্রাম সিটি কাপোরেশনের আওতাধীন ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের হামিদচর এলাকায় অবস্থিত ডোমখালের ওপর নির্মিত এই সাঁকো দিয়ে এখন এলাকার কয়েক হাজার মানুষ ঝুঁকি নিূূেয় চলাচল করে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দেড় যুগ আগে ডোমখালের ওপর তৈরি করা বেইলি সেতুটি গত বছরের ১৫ এপ্রিল বালুভর্তি ট্রাকসহ ধসে পড়ে। এক বছর হতে চললেও এখনো সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়নি চট্টগ্রাম সিটি করপোরেশন। সম্প্রতি ক্ষুব্ধ এলাকাবাসী চলাচলের জন্য নিজেরাই খালের ওপর সাঁকো তৈরি করেন।
ডোমখালী সেতুর পূর্বে হামিদচর ও কালুরঘাট বিসিক শিল্পনগর। এ ছাড়া পশ্চিমে রয়েছে জেলেপাড়া, খলিফাপাড়া, কোলাপাড়াসহ ঘনবসতিপূর্ণ বেশ কয়েকটি এলাকা। এসব এলাকায় প্রায় লক্ষাধিক লোকের বসবাস। প্রতিদিন জীবিকার তাগিদে নড়বড়ে বাঁশের সাঁকো পার হতে হয় এসব এলাকার লোকজনকে।
খলিফাপাড়া এলাকার বাসিন্দা মো. জসীম উদ্দিন বলেন, ‘বাচ্চারা যখন স্কুলে যায় তখন খুব ভয়ে থাকি। সব সময় তাদের তাড়াহুড়া করে যেতে নিষেধ করি। কারণ, এ সাঁকো পারাপারে একটু ভুল হলেই দুর্ঘটনা নিশ্চিত।’
চান্দগাঁও এলাকার বাসিন্দা আবুল কাশেম ভুইয়া জানান, সেতুটি ধসে পড়ার পর স্থানীয় সংসদ সদস্যের কাছে এলাকাবাসী প্রতিকার চেয়েছিল। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে বারবার অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না।
এ ব্যাপারে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এত দিন বাজেট না থাকায় সেতু নির্মাণের কাজ করা সম্ভব হয়নি। তবে এবার সিটি করপোরেশন থেকে দুই কোটি ৯৭ লাখ টাকা অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।