মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের শিল্পী রশীদ চৌধুরী আর্ট গ্যালারিতে। চারুশিল্পী সম্মিলন আয়োজিত প্রদর্শনীতে প্রায় ৫০ শিল্পী তাঁদের শিল্পকর্ম প্রদর্শন করেন। শিল্পী রশীদ চৌধুরী ছাত্রাবাসের উন্মুক্ত প্রাঙ্গণে দুই সপ্তাহব্যাপী আর্টক্যাম্পের মাধ্যমে শিল্পীরা শিল্পকর্মগুলো তৈরি করেন। বিষয়বস্তু ছিল ৫২ থেকে ৭১, বাংলাদেশের স্বাধিকারের বিভিন্ন পর্ব। শিল্পীরা শিল্পকর্মে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে রঙে এবং আকৃতিতে এনেছেন ভিন্নতা। স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্বকে ধরতে সময়ের প্রয়োজনে কখনো রং হয়েছে উজ্জ্বল আবার নীল আলোর ভেতর মাথার খুলিতে ভেসে ওঠা অন্ধকার। কখনো লাল সবুজের পতাকায় আচ্ছাদিত হয়েছে নিরন্নভূমি। শিল্পীর আবেগ এবং দ্রোহ শিল্পকর্মে স্থান করে নিয়েছে অনন্য স্বকীয়তায়। ২৫ মার্চ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য মো. আলাউদ্দীন। সভাপতিত্ব করেন শিল্পী অধ্যাপক আনসার আলী। বক্তব্য দেন চারুকলা বিভাগের সভাপতি মো. জসীম উদ্দীন। অধ্যাপক সৌমেন দাশ ও শিল্পী আহমেদ নেওয়াজ। আবু ইউসুফ বলেন, ‘শিল্পীরা সমাজের সচেতন মানুষ। সমাজের বিভিন্ন দিক তাঁরা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বাংলার স্বাধিকার আন্দোলনে শিল্পীদের ভূমিকা ছিল অনন্য। কামরুল হাসানের আঁকা ইয়াহিয়ার জানোয়ারের প্রতিচ্ছবি সেই সাক্ষ্যই বহন করে। তিনি চট্টগ্রাম চারুকলা কলেজকে ইনস্টিটিউটে রূপ দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। প্রদর্শনীতে অংশ নেন হাসি চক্রবর্তী, মো. আনসার আলী, কেএমএ কাইয়ুম, সৌমেন দাশ, সঞ্জীব দত্ত, মো. জসীম উদ্দীন, জাহেদ আলী, ওসমান পাশা, উত্তম তালুকদার, উত্তম সেন, আলপ্তগীন তুষার, নাসিমা আখতার, উত্তম কুমার বড়ুয়া, সুফিয়া বেগম, প্রণব মিত্র চৌধুরী ও সুব্রত দাশ।