শিল্পকলা একাডেমীর নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্য উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক দুতিয়ার চান
নাট্য উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক দুতিয়ার চান

শঙ্খ নদের মোহনায় ঝড়ের কবলে পড়েও দৈবক্রমে বেঁচে যাওয়া এক কন্যাশিশুকে কেন্দ্র করে গল্পের কাহিনি গড়ে ওঠে। সেই শিশুকে মাতৃস্নেহে বড় করে তুলতে লাগল জমিদার নূর মোহাম্মদ সিকদারের নিঃসন্তান স্ত্রী জুরামন বিবি। বড় হয়ে ওঠে ছোট মেয়ে আলকুমারী। বাড়ির নানা সীমাবদ্ধতা ও শাসন বাঁধনের মধ্যে থেকেও আলকুমারী খুঁজে পায় মনের মানুষ ছয়ফুরকে। ছয়ফুর একদিন কাজের সন্ধানে চলে যায় সুদূর রেঙ্গুনে। ছয়ফুরের জন্য অপেক্ষার প্রহর কাটে আলকুমারীর। চার বছর পর রেঙ্গুন থেকে ফিরে আসে ছয়ফুর। কিন্তু আলকুমারীকে পেতে হলে একের পর এক কঠিন শর্ত দিতে থাকেন অভিভাবকেরা। প্রেমের টানে উত্তাল সাগর পাড়ির কঠিন শর্তে রাজি হয় ছয়ফুর ও আলকুমারী। সাগরে হঠাৎ ওঠে ঝড়। আলকুমারী ও ছয়ফুরের সব আশা–ভরসা চোখের নোনা জলে ভাসতে ভাসতে সাগরের অতলে হারিয়ে যায়। আশা জাগানিয়া দুতিয়ার চান দেখা দিতে না দিতেই মিশে যায় দূর দিগন্তে, যেখানে সাগর–আকাশ একাকার। ১৭ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত নাট্য উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক দুতিয়ার চান–এর কাহিিনটা ছিল এমনই। দীপংকর দে রচিত এ নাটকের নির্দেশনায় ছিলেন আকবর রেজা আর নির্দেশনা উপদেষ্টা ছিলেন মুনির হেলাল। আলকুমারী চরিত্রে শারমিন আঁখি ও ছয়ফুর চরিত্রে মো. ইয়াসিন আরাফাত ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেন আকবর রেজা, সাইফুল আলম, কাজল সেন, কংকন দাশ, শেখ আনিস মঞ্জুর প্রমুখ।
১৬ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হচ্ছে। দুতিয়ার চানসহ মঙ্গলবার পর্যন্ত মঞ্চস্থ হয় সমীকরণ থিয়েটারের ময়না, নান্দীমুখের তবুও মানুষ, লোক থিয়েটারের ভল্লুক এবং নাট্যাধারের শিখণ্ডী কথা।
১৭ অক্টোবর সন্ধ্যায় মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং উৎসব সমন্বয়কারী নাট্যজন মোসলেম উদ্দিন সিকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর নৃত্যদল নাচ পরিবেশন করে। পাশাপাশি গান করেন সাবরিনা রহমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীও গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। আয়োজনটি সম্পর্কে গণায়ন নাট্য সম্প্রদায়ের দলপ্রধান ম. সাইফুল আলম বলেন, প্রশাসনের উদ্যোগে এ ধরনের উৎসব আয়োজন আরও বেশি হওয়া উচিত। এতে নাট্যচর্চা গতিশীল ও বেগবান হবে।
উৎসবটি ১ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা সাতটায় মিলনায়তনে নাটক এবং বাইরের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।