শিল্পকলায় পাখির মেলা

বক, কাঠঠোকরা, গাঙচিল, ইগল, ফিঙে, কাদাখোঁচাসহ নানা জাতের পাখির সমাবেশ। কোনো মেঠো প্রান্তর বা জঙ্গলে নয়, জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারির দেয়ালে ফ্রেমবন্দী হয়ে এসেছিল এসব পাখি। ১৫ থেকে ১৭ জানুয়ারি চিটাগাং বার্ড ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘বার্ডস অব বাংলাদেশ’ নামের আলোকচিত্র প্রদর্শনীতে দেখা গেল এই পাখির মেলা।
ঢাকা ও চট্টগ্রামের ২৬ জন আলোকচিত্রীর ৪৮টি পাখির ছবি নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোতে ফুটে উঠেছে মাঠ, বিল, হাওর–বঁাওড় ও পাহাড়ে বিচরণ করা নানা জাতের পাখির রূপ। সারস, নীল পরি, চিল, মাছরাঙা, লালপিঠ ফুলঝুরি, প্যঁাচা ও ঘুঘুর নান্দনিক উপস্থাপন দেখে মন ভরে যায় দর্শকের। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত ছিল দর্শকদের জন্য।

মাথায় সিঁদুর পরা বেগুনি রঙের লালপিঠ ফুলঝুরি পাখি গাছের ডাল থেকে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল যেন। প্রদর্শনী দেখতে আসা অনেকেই পাখিটি আগে দেখেননি বলে জানালেন। ঠিক তেমনিই কালো ডানা ও নীল পীঠের অনিন্দ্যসুন্দর নীল পরি পাখিও দর্শকদের কাছে সমান বিস্ময় নিয়ে হাজির হয়েছিল।
প্রদর্শনী প্রসঙ্গে চিটাগাং বার্ড ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাসের ইয়ামীন প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের সবটুকু দিয়ে প্রদর্শনীকে সুন্দর করার চেষ্টা করেছি। দর্শনার্থীদের সাড়াও পেয়েছি প্রচুর।’ প্রদর্শনী দেখতে এসেছিলেন চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদাফ নাওয়ার। তিনি বলেন, ‘আমাদের দেশের পাখিগুলো অনেক সুন্দর। অনেক পাখি আগে দেখা হয়নি। পাখির এমন সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এ ধরনের প্রদর্শনী যত বেশি হবে, তরুণ প্রজন্ম ততই দেশের জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পারবে।’