মঞ্চের অন্ধকার ফুঁড়ে আলোর ছড়ায় প্রদীপ মিছিল। শ্রদ্ধা জানায় মঞ্চের অস্থায়ী স্মৃতিসৌধে। এ সময় বেজে ওঠে প্রেরণাদায়ী গান ‘এক সাগর রক্তের বিনিময়ে’। এভাবেই পৌষের কুয়াশাঢাকা সন্ধ্যায় স্মরণ করা হয় মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। গত ২৮ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসে এ আয়োজন। ‘জয়যাত্রা’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্নযাত্রী। ছিল প্রদীপ প্রজ্বালন, শ্রুতি নাটক, গান, কবিতা ও কথামালা।
স্বপ্নযাত্রীর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মোহাম্মদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর ‘পৃথিবীর সবচেয়ে মর্মঘাতী রক্তপাত’ শিরোনামের কবিতা নিয়ে মঞ্চে আসেন তনুশ্রী দীপা। লুবাবা ফেরদৌসী আবৃত্তি করেন কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতাটি। এরপর ছিল নাটিকা প্রেক্ষাপট। এটি রচনা ও পরিচালনায় ছিলেন শুভাশিষ শুভ।
এ নাটিকায় উঠে আসে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট।
ভান্ডারী আরিফের নির্দেশনায় মমতাজউদদ্ীন আহমদের বিবাহ নাটকের কিছু অংশের শ্রুতিরূপ মুগ্ধ করে দর্শকদের। এরপর একাত্তরের চিঠি পাঠে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানের সর্বশেষ আয়োজনে গিটারের সুরে সুরে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন মৈত্রেয় বড়ুয়া, অনুপম হোর, তারেক ইমতিয়াজ ও আরেফিন তাহান। পরিবেশনার ফাঁকে স্বপ্নযাত্রীর সভাপতি রুদ্র রাজীবের সভাপতিত্বে চলে কথামালা।
এতে অংশ নেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত ও নাট্যজন সাইফুল আলম।