শিল্পকলার অন্দর-বাহির প্রকাশে 'চিত্রম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা বিষয়ক ওয়েবসাইট ও সাময়িকী চিত্রম-এর প্রথম মুদ্রিত সংস্করণের প্রচ্ছদ সাজানো হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম দিয়ে।
শিল্পকলা বিষয়ক ওয়েবসাইট ও সাময়িকী চিত্রম-এর প্রথম মুদ্রিত সংস্করণের প্রচ্ছদ সাজানো হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম দিয়ে।

সমকালীন শিল্পকলার অন্দর-বাহির তালাশের লক্ষ্য নিয়ে প্রকাশিত হচ্ছে শিল্পকলা বিষয়ক ওয়েবসাইট ও সাময়িকী চিত্রম। অনলাইনে বহুমাত্রিক প্রকাশের পাশাপাশি মুদ্রিত রূপেও বাংলাদেশসহ বিশ্বব্যাপী শিল্পচর্চার গতি-প্রকৃতি তুলে ধরতে চায় সাময়িকীটি। আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকা আর্ট সেন্টারে চিত্রম-এর আনুষ্ঠানিক প্রকাশ উদ্বোধন করবেন খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

‘শিল্পকলার অন্দর-বাহির’ শ্লোগান নিয়ে ‘চিত্রম’ নামের এ সাময়িকীটি সম্প্রতি অনলাইনে আত্মপ্রকাশ করে। নতুন লেখাসহ অনলাইনের নির্বাচিত রচনাগুলো নিয়ে এ বছরের পয়লা জানুয়ারি চিত্রমের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ২৯ ডিসেম্বর ২০১৪ শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম জন্মদিনকে ঘিরে চিত্রমের প্রথম সংখ্যাটি শিল্পাচার্যকে উত্সর্গ করা হয়েছে। প্রথম সংখ্যার প্রচ্ছদও সাজানো হয়েছে জয়নুলের চিত্রকর্ম দিয়ে। চিত্রম সাময়িকীটি সম্পাদনা করছেন চারুশিল্পী, লেখক ও সাংবাদিক আমজাদ আকাশ। চিত্রমের প্রকাশক কামরুল হাসান লিপু।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকা আর্ট সেন্টারে চিত্রম-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। সেখানে সাময়িকীটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এ নিয়ে কথা বলবেন খ্যাতিমান এই শিল্পী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন এবং কথা বলবেন শিল্পী সমরজিত্ রায় চৌধুরী ও শিল্পলেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

চিত্রম প্রকাশ সম্পর্কে সাময়িকীটির সম্পাদক আমজাদ আকাশ প্রথম আলোকে বলেন, ‘গ্যালারির পাশাপাশি গ্যালারিগুলোর বাইরে চারুশিল্পসহ শিল্পকলার নানা মাধ্যমের যে চর্চা হচ্ছে তা আরও বেশি করে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চায় চিত্রম। এর মধ্য দিয়ে শিল্পচর্চার নানামুখী ধারাগুলো উত্সাহিত হবে এবং শিল্পের সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা আরও বাড়বে বলে মনে করি আমরা।’

সম্পাদক হিসেবে শিল্পকলা বিষয়ক এই ওয়েবসাইট ও সাময়িকী ঘিরে আপনার আর কী প্রত্যাশা আছে জানতে চাইলে আমজাদ আকাশ বলেন, ‘আমার আশা বাংলাদেশে শিল্প-লেখকের ঘাটতি পূরণে ভূমিকা রাখতে সচেষ্ট হবে চিত্রম। বাংলাদেশে চারুশিল্পসহ শিল্পচর্চার নানা মাধ্যমের প্রসার যতটুকুই হোক না কেন সে তুলনায় শিল্প-লেখকের সংখ্যা নিতান্তই অপ্রতুল। ফলে শিল্প সমালোচনার বিষয়টিও এগোয়নি। আমরা তরুণদের মধ্য থেকে আরও বেশি সংখ্যা শিল্প-লেখক তৈরিতে সচেষ্ট থাকব।’


দেশে ও দেশের বাইরে শিল্পচর্চার নানা খোঁজখবর ও মূল্যায়ন নিয়ে অনলাইনে নিয়মিতই আপডেট হবে চিত্রম-এর ওয়েবসাইট। পাশাপাশি প্রতি ৩ মাস পরপর সাময়িকীটির একটি মুদ্রিত সংস্করণ প্রকাশ করা হবে। তবে, ভবিষ্যতে প্রতি মাসেই মুদ্রিত সংস্করণ প্রকাশে আশাবাদী প্রকাশকেরা। এছাড়া শিল্প-লেখকদের উত্সাহিত করতে এবং তরুণ শিল্প-লেখকদের প্রেরণা জোগাতে নিয়মিতভাবে ‘চিত্রম শিল্প-লেখক পুরষ্কার’ প্রদান করবে চিত্রম।

শিল্পকলা বিষয়ক ওয়েবসাইট ও সাময়িকী চিত্রম-এর প্রকাশনা অনুষ্ঠান:

ঢাকা আর্ট সেন্টার মিলনায়তন, বাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫।
৪ জানুয়ারি ২০১৫, রোববার সন্ধ্যা ৬টা।

শিল্পকলা বিষয়ক সাময়িকী চিত্রম-এর ওয়েব ঠিকানা: www.chitram.com.bd