শিল্পকলায় চলছে প্রদর্শনী ‘লিরিক্যাল ব্লেন্ড’
স্পেনের চারু ও কারুশিল্পী দুলসা ক্রোসড়া ম্যাগ্রো এবং বাংলাদেশের শিল্পী আহমেদ নেওয়াজের যৌথ চিত্র প্রদর্শনী ‘লিরিক্যাল ব্লেন্ড’ গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর গ্যালারিতে শুরু হয়েছে। প্রদর্শনী চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।গতকাল বিকেল চারটায় এই প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীতে শিল্পী আহমেদ নেওয়াজের প্রায় ৩০টি এবং শিল্পী দুলসার ২৭টি ছবি স্থান পেয়েছে। আহমেদ নেওয়াজের ছবির বিষয় ছিল আরবি ক্যালিগ্রাফি, নাটক ও কবিতা, লোকসংস্কৃতি ও জীবনযাত্রা। অন্যদিকে শিল্পী দুলসার অ্যানগ্রেভিং ও তেলচিত্র মাধ্যমের ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে।স্পেনের শিল্পী দুলসা গত ২০ বছর যাবৎ শিল্পচর্চার সঙ্গে যুক্ত। তিনি তেলচিত্র, এনগ্রেভিং, আলোকচিত্র ও চলচ্চিত্র বিষয়ের ওপর কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে সোলসের অন্যতম প্রতিষ্ঠাতা সেতারবাদক সাজেদুল আলমের সহধর্মিণী তিনি। বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশে ১০টির বেশি চিত্র প্রদর্শনী হয়েছে তাঁর।শিল্পী আহমেদ নেওয়াজ সত্তরের দশক থেকেই নিবিড়ভাবে শিল্পচর্চার সঙ্গে জড়িত। তিনি তেলচিত্র, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ক্যালিগ্রাফি ও বইয়ের প্রচ্ছদসহ শিল্পের নানা ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি দেশের ব্যান্ড সংগীতের পথিকৃৎ সোলসের প্রতিষ্ঠাতা সদস্য।