শিল্পকলায় জমজমাট আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন সাংস্কৃতিক একাডেমির আয়োজনে শিল্পকলায় মঞ্চস্থ নাটিকা ইভটিজিংয়ের একটি দৃশ্য
স্বাধীন সাংস্কৃতিক একাডেমির আয়োজনে শিল্পকলায় মঞ্চস্থ নাটিকা ইভটিজিংয়ের একটি দৃশ্য

গান, আবৃত্তি, নাটিকা ও কথামালা—জমজমাট আয়োজন। ৮ নভেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এমন উৎসবমুখর পরিবেশে যাত্রা করল নতুন সাংস্কৃতিক সংগঠন স্বাধীন সাংস্কৃতিক একাডেমি। শুরুতে অনিরুদ্ধ মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর মিলনায়তনে বসে মূল আসর।
সাংস্কৃতিক আয়োজন শুরু হয় নরেন আবৃত্তি একাডেমির শিল্পীদের বৃন্দ আবৃত্তির মাধ্যমে। তাঁরা পরিবেশন করেন ‘মুখোশ ছেঁড়ার মিছিল’। এরপর সংগীতশিল্পী মোস্তফা কামাল ‘আমি বাংলায় গান গাই’, ‘দিন যায় কথা থাকে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান করেন। গানের পর ‘সিঁধ কাটা চোর’ নিয়ে মঞ্চে আসেন ভিশন প্যান্টোমাইমের শিল্পীরা। ছিল বীরাঙ্গনাদের জীবন, জঙ্গিবাদ, ইভটিজিং ও মাদকের ভয়াবহতা নিয়ে চারটি নাটিকাগুচ্ছের পরিবেশনা। ‘যাত্রাপথ’ শিরোনামের এই নাটিকাগুচ্ছে অংশ নিয়েছেন স্বাধীন সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা। নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম।
সাংস্কৃতিক আয়োজনের ফাঁকে ছিল কথামালা। এতে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক জহিরুদ্দিন মো. ইমরুল কায়েস। বক্তব্য দেন ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী প্রমুখ। এভাবে শেষ প্রথম পর্ব।
দ্বিতীয় পর্বে ছিল সম্মাননা প্রদানের আয়োজন। এতে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান। অতিথি ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। স্বাগত বক্তব্য দেন রাশেদ ইবনে ফরিদ চৌধুরী। সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় সাহিত্যিক রমা চৌধুরী, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও সামাজিক প্রতিষ্ঠান বিদ্যানন্দের প্রতিনিধিদের হাতে। সবশেষে ব্যান্ডদল ‘প্লেজার’ ও শিল্পী নিশাতের একক সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় বর্ণিল এই আয়োজন।