প্রতিষ্ঠার ৩৫ বছরেও আধুনিক পূর্ণাঙ্গ মিলনায়তনের মর্যাদা পায়নি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন। উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর, শীতাতপ এবং শব্দনিয়ন্ত্রণ সমস্যার কারণে মিলনায়তনে শিল্প-সংস্কৃতির সুষ্ঠু চর্চা ব্যাহত হচ্ছে। বিড়ম্বনায় পড়ছেন দর্শক-শিল্পীরা।সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেন, এসব সমস্যা সমাধানের ব্যাপারে প্রশাসনের উচ্চপর্যায় থেকে বহুবার আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। বিশেষ করে চলমান বিদ্যুৎসংকটের কারণে তাঁদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। এ মুহূর্তে জরুরি ভিত্তিতে জেনারেটর বসানোর দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। একাডেমী সূত্রে জানা গেছে, ১৯৭৭ সালে তৈরি হয় শিল্পকলা একাডেমী মিলনায়তন। তখন বিদ্যুৎ না থাকলে বিকল্প বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা রাখা হয়নি। পরবর্তী সময়ে একটি ছোট আকারের জেনারেটরের ব্যবস্থা করা হলেও এটি দিয়ে পুরো মিলনায়তনের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। উত্তরাধিকার নাট্যগোষ্ঠীর নির্দেশক মঈন উদ্দিন বলেন, ‘বর্তমানে শিল্পকলার ছোট জেনারেটরটি দিয়ে মাত্র কয়েকটি বাতি জ্বালানো সম্ভব। ফলে নাটক শুরুর আগে-পরে বিদ্যুৎ চলে গেলে অপেক্ষায় থাকা ছাড়া উপায় থাকে না।’ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ হাসান ভোগান্তির চিত্র তুলে ধরে বলেন, ‘আমরা সম্প্রতি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আঞ্চলিক আবৃত্তি উৎসবের আয়োজন করেছি। উৎসবে আলোর মাধ্যমে ভোরের আবহ তুলে ধরার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু বিদ্যুৎ না থাকায় সবই ভেস্তে যায়।’ এদিকে মিলনায়তনে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় গরমের দিনে দর্শক-শিল্পীদের দুর্ভোগ পোহাতে হয়। নৃত্য পরিচালক শুভ্রা সেনগুপ্তা বলেন, ‘গরমের সময় প্রসাধন ও ভারী পোশাক পরে শিল্পীদের ঘেমে-নেয়ে একাকার হতে হয়। দর্শকদেরও গরমে ছটফট করতে দেখা যায়। এ জন্য শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা খুবই জরুরি।’ নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির বলেন, ‘একসময় ছোট ছোট শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসিয়ে সমস্যা সমাধানের কথা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর এগোয়নি।’ বিদ্যুৎ ও বাতির অভাবের কথা উল্লেখ করে তিনি জানান, ‘এসবের অভাবে অনেক সময় আমরা নাটকে যা দেখাতে চাই, তা ফুটিয়ে তোলা যায় না। এতে দর্শকদের সমালোচনার মুখে পড়তে হয়। শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক কামাল লোহানী জেনারেটর সমস্যার সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।’ সংস্কৃতিকর্মীদের অভিযোগ, এ প্রতিষ্ঠানের কাছে সবার প্রত্যাশা অনেক। কিন্তু সে অনুপাতে প্রাপ্তি নেই। শিল্পকলা একাডেমীর মিলনায়তনে শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা (অ্যাকোয়েস্টিক সিস্টেম) ঠিক নেই। লাইটগুলো মানসম্মত নয়। মুক্তমঞ্চে হলেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়নি। ২০-২৫ কিলোওয়াটের শব্দহীন ‘কেনোপি’ জেনারেটর বসানোর পরামর্শ দেন তাঁরা। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার বলেন, ‘আমরা মিলনায়তনের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর এবং শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করার জন্য শিল্পকলা একাডেমীর মহাপরিচালক বরাবরে বহুবার লিখেছি। বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী একাডেমী পরিদর্শনে এলে তাঁকেও এ সম্পর্কে জানানো হয়।’ জেলা শিল্পকলা একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক ফয়েজ আহমদ প্রথম আলোকে জানান, শিল্পকলা একাডেমীর নিজস্ব তহবিল থেকে জেনারেটরসহ অন্যান্য সমস্যার সমাধান করা হবে। একাডেমীর মহাপরিচালক তাঁকে এ রকম আশ্বাস দিয়েছেন।