শিল্পকলায় নজরুলজয়ন্তী
জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৫ মে সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। জেলা প্রশাসক ফয়েজ আহমদের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ সিরাজুল হক খান। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর চৌধুরী ও অধ্যক্ষ রীতা দত্ত। মোহাম্মদ সিরাজুল হক খান বলেন, ‘নজরুল তাঁর ক্ষেত্রে একক। সাহিত্যের সব শাখায় বিচরণ করেও তাঁর প্রত্যেকটা কাজের স্বকীয়তা আছে, এখানেই নজরুল বৈশিষ্ট্যমণ্ডিত।’মোহাম্মদ আবু জাফর চৌধুরী বলেন, এ দেশের তরুণ প্রজন্মকে নিয়ে নজরুল যে ধরনের সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন তা গঠনে এগিয়ে আসতে হবে। রীতা দত্ত বলেন, ‘নজরুল তাঁর মুক্তবুদ্ধির চেতনায় উদ্বুদ্ধ করেছেন দিশেহারা বাঙালি জাতিকে। নজরুল আজ শারীরিকভাবে বেঁচে না থাকলেও তাঁর ভিন্নধর্মী চেতনায় অজস্র বাঙালি হূদয়ে অমর হয়ে আছেন।’ সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফয়েজ আহমদ বলেন, ‘বিশ্বমন্দার এ সময়ে নজরুলচর্চা দেশকে সঠিক দিকনির্দেশনা দেবে।’আলোচনা শেষে নজরুলজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন শিল্পকলা একাডেমী, নজরুলসংগীত শিল্পী সংস্থা, আর্য্য সংগীত ও সংগীত পরিষদের শিল্পীরা। একক গান করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী জয়ন্তী লালা, দীপেন চৌধুরী, লোকমান চৌধুরী, শিখা রানী ও হেলালউদ্দীন। শুভ্রা সেনের পরিচালনায় শিশু একাডেমী ও স্বপন দাশের পরিচালনায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা অনুষ্ঠানে নাচ করেন। নজরুলের কবিতা আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত, অঞ্চল চৌধুরী ও রাশেদ হাসান।