শিল্পকলায় নাট্যাধারের ‘ভগা কাইন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চিরচেনা জেলা শিল্পকলা একাডেমীতে সেদিন ছিল অন্য রূপ। রূপসী সাজে রূপের পেখম খোলা নাচ, বর্ণিল আলোর খেলা, সুন্দর কথামালা, ফুলকি ছোটা আগুনের তাপ, তাজা নাটক ভগা কাইন—অনেক কিছুই ছিল। জমকালো এ আয়োজনের মূলে ছিল নাট্যাধার। ‘সৃষ্টি হোক সচেতন মানুষ’ স্লোগানে গত ৩০ অক্টোবর তারা উদ্যাপন করল চতুর্থ বর্ষপূর্তি। এ চার বছরে শিখণ্ডী কথা, কাল বোধন, স্মৃতি ৭১, উন্মাদ সাক্ষাৎকার, জাল নাটকসহ তাদের অনেক অর্জন, অনেক সাফল্য।শুরুতে মুক্তমঞ্চে নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের শিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন শুভ্রাসেন গুপ্তা। এ পর্বে স্বাগত বক্তব্য দেন নাট্যাধারের কর্মী ইমরান উদ্দিন। আলোচনা করেন অধ্যাপক মশিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন শাহ আমানত প্রপার্টিজের ব্যবস্থাপক মিসেস নাসরীন। এরপর মুক্তমঞ্চে গ্রন্থিত নাট্যাধারের নাট্যযজ্ঞের স্লাইড প্রদর্শন শেষে ক্যাম্প ফায়ার উদ্বোধন করেন নাট্যজন জাহাঙ্গীর কবির। অনুষ্ঠান শুরুর আগে থিয়েটার কর্মী মাঈনউদ্দিন কোহেল এবং সাইফ মো. মাইনুল হাসানের মায়ের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে নাট্যাধার মঞ্চে এনেছে খন্দকার মুর্তাজা আলী রচিত পার্বত্য আদিবাসী আখ্যান অবলম্বনে জামাল হোসাইনের মঞ্চরূপ ভগা কাইন। শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত এ নাটকের উন্মুক্ত প্রদর্শনীতে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। নানা বয়সী দর্শক এসেছিলেন নতুন নাটকটি দেখতে। অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন নিজ নিজ চরিত্র ফুটিয়ে তুলতে আন্তরিক। রাজা, সৈন্য-সামন্ত, প্রজা, বৈদ্য, গ্রামবাসী—চরিত্রগুলো ছিল প্রাণবন্ত। দর্শক বেশি মজা পেয়েছে কালো ছাগলটির কীর্তি দেখে—বাঁধভাঙা উচ্ছ্বাস তা-ই প্রমাণ করে। সুখ-দুঃখের অভিব্যক্তি প্রকাশে গান নির্বাচনও ছিল দারুণ। তবে ছেলেদের পোশাক দেখে মনে হয়নি এটা উপজাতীয় আখ্যান। উদোম গায়ে ধুতি পরে কোনো রকমে সামাল দিয়েছেন তাঁরা। মানানসই পোশাক ছিল মেয়েদের। অবশ্য আয়োজকেরা স্বীকার করেছেন সময়ের স্বল্পতার কারণে নির্ধারিত পোশাক তৈরি না হওয়ার কথা। নাটক দেখতে আসা কাউসার পারভিন জানান, ‘নাটকটি মনে হলো অন্য রকম। অল্প সময়ে অনেক বিষয়-আশয় তুলে ধরতে চেয়েছেন নাট্যকার। সেট ডিজাইন হয়েছে দায়সারা। আলো প্রক্ষেপণের কাজটিও নিখুঁত হয়নি। সব মিলিয়ে বলতে পারি, এ নাটকের ব্যাপারে আরও পরিমার্জন, মহড়া দরকার।’ নাটক শেষে পাণ্ডুলিপি, চরিত্র, সুরারোপ নিয়ে অভিমত দেন কবি এজাজ ইউসুফী ও নাট্যজন মশিউর রহমান। উল্লেখ্য, প্রতিবছর একটি নতুন নাটক নিয়ে নাট্যাধার বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজনের ঐতিহ্য সৃষ্টি করেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন না হলেও ফিডব্যাক শো আয়োজন করে তারা। পার্বত্য আদিবাসীদের জীবন যাত্রায় আরাকান, মোগল, ব্রিটিশ ও পাকিস্তানিদের আগ্রাসন এবং কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের নেতিবাচক প্রভাব নিয়েভগা কাইন নাটকটি মঞ্চে এনেছে এবার। নাটক শেষে সুধীজনের দেওয়া অভিমত কাজে লাগিয়ে এ নাটকের পরিপূর্ণ মঞ্চায়ন হবে বলে জানিয়েছেন প্রযোজনা অধিকর্তা হারুন অর রশিদ। এদিকে, নাট্যাধারের উদ্যোগে ১৩ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমীতে আনুষ্ঠানিকভাবে তৃতীয় জিয়া হায়দার নাট্যপদক দেওয়া হবে।